বিশেষ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশেষ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অনুশোচনা থেকে বিনা টিকিটের ভাড়ার টাকা জমা দিলেন নারী যাত্রী

নিজস্ব প্রতিবেদক: বিনা টিকিটে দীর্ঘ দিন ট্রেন ভ্রমণের অনুশোচনায় রেলওয়েতে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী। শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি স্বেচ্ছায় এ টাকা জমা দেন।

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির প্রয়োজনে দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেছিলেন।

পরে নিজের ভুল বুঝতে পেরে তা সংশোধনের উদ্যোগ নেন ওই নারী। এ জন্য তিনি রাজশাহীর রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পরামর্শ ও সহযোগিতায় শনিবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনের বুকিং কাউন্টারে গিয়ে প্রধান বুকিং সহকারী শহিদুল ইসলামের কাছে ২৫ হাজার টাকা জমা দেন তিনি।

টিটিই আব্দুল আলিম বিশ্বাস বলেন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের বিষয়টি অনুধাবন করে ওই নারী নিজ উদ্যোগে টাকা জমা দিয়েছেন। ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় টাকা জমা দেওয়ার এ ঘটনা একটি ইতিবাচক দৃষ্টান্ত।

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, ডিবি পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রায়হান আহামেদ রনি (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান আহামেদ মহাদেবপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর রায়হানকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে রায়হান আহামেদকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নথিপত্র জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের কাছে থাকায় ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হয়নি।

হত্যা মামলার দুই আসামি ঈশ্বরদী থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে আলোচিত আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ছয় নম্বর আসামি মোছা. রেশমা খাতুনকে (৩০) এবং রাত সাড়ে নয়টার দিকে ভাদুর বটতলা বাজার এলাকা থেকে মামলার এক নম্বর আসামি মো. রবি মোল্লাকে (৪২) গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গত ২৯ আগস্ট দুপুরে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবির বাড়ির সামনে পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেককে লোহার রড, কাঠের খাটো, বাটাম ও বাঁশ দিয়ে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার রেশমা খাতুন রবি মোল্লার স্ত্রী। আর রবি মোল্লা একই এলাকার সাজনাই দক্ষিণপাড়ার জাহের মোল্লার ছেলে।

সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মারামারি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কা: নদীতে পড়ে ছাত্রদল নেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে ছাত্রদলের এক নেতা নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় নদীতে পড়া অন্য দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়।

নিখোঁজ ব্যক্তির নাম রাকিবুজ্জামান রকি (৩২)। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।

উপজেলা প্রশাসন ও নৌভ্রমণে আসা যাত্রীদের সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়। ভেড়ামারার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে রাত নয়টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছায় তারা। একপর্যায়ে তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর চার নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তিন যাত্রী নদীর পানিতে পড়ে যান।

পরে অন্য যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে উদ্ধার করে তীরে তোলেন। তাঁরা সুস্থ আছেন। তবে রাকিবুজ্জামান এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনার পর ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্য এবং নৌ পুলিশ উদ্ধারকাজ শুরু করে।

রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, রাকিবুজ্জামান যখন নৌকা থেকে পড়ে যান, তখন তাঁকে ধরতে গিয়েও ধরা সম্ভব হয়নি। তিনি সাঁতারে দক্ষ ও শক্তিশালী যুবক। আশা করা হচ্ছে, তিনি ফিরে আসবেন।

রাকিবুজ্জামানকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করছে বলে জানান ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

রাতে উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল জানিয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত প্রথম আলোকে বলেন, রাকিবুজ্জামানকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন