ওষুধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওষুধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে আরআরপি ফার্মাসিউটিক্যালসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে প্রাণিজ ওষুধ তৈরির প্রতিষ্ঠান ‘আরআরপি ফার্মাসিউটিক্যালসের (ভেটেরিনারি)’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকায় দেশের পরিচিত শিল্পপ্রতিষ্ঠান আরআরপি গ্রুপের এই নতুন শাখাটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান। আরআরপি গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আশরাফ হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান, উপপরিচালক (প্রশাসন) ড. মো. তারেক হোসেন, উপপরিচালক ড. শেখ শাহীনুর ইসলাম এবং রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনন্দ কুমার। এ ছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ওয়াহিদ মাহমুদ ও তানভীর আহমেদ, পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, পাবনা এনএসআইয়ের উপপরিচালক তৌহিদ ইকবাল, আরআরপি ফার্মাসিউটিক্যালসের সিইও মি. মার্ক, ঊর্ধ্বতন কর্মকর্তা মি. লি ও খামারি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আরআরপি গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. আজমল হোসেন। অনুষ্ঠানটি গুছিয়ে আনার দায়িত্বে (সমন্বয়) ছিলেন গ্রুপের পরিচালক (অপারেশন) রফিকুল আলম ও মামুনুর রশিদ রেইন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আবু সুফিয়ান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মিলেমিশে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমাদের নিজেদের চেষ্টায় লালন-পালন করা গবাদিপশু দিয়েই দেশের চাহিদা মেটাতে হবে। ওষুধের মান নিয়ে কোনো আপস করা চলবে না জানিয়ে তিনি বলেন, মানসম্মত পণ্য ছাড়া বর্তমান বাজারে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন