নির্বাচনী প্রচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নির্বাচনী প্রচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ধানের শীষের প্রচারণায় হাবিবুর রহমান হাবিব: ‘দলের বিপক্ষে গেলে বহিষ্কার’

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আজ বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু করে বাজারের প্রতিটি দোকানে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন তিনি।

গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পাবনা জেলা বিএনপির এই আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখায়, তারা কখনো প্রকৃত জাতীয়তাবাদী দল করতে পারে না। অনেকে বিএনপির নাম ভাঙিয়ে গাড়ি-বাড়ি ও ব্যবসা-বাণিজ্য করেছেন, অথচ তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো মামলা নেই। অন্যদিকে, আমরা জেল খেটেছি এবং অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছি।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, সবাইকে দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়ার অবদানের কথা ভুলে যাওয়া চলবে না। তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকে তার মায়ের সাথে একবেলা খাবার খাওয়ার সুযোগ পর্যন্ত পাননি। যারা এই কঠিন সময়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন, সংগঠন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং প্রত্যেককে বহিষ্কার করা হবে।

প্রচারণায় হাবিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ এবং ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন আজমল হোসেন সুজন, আতিয়ার রহমান, হাক্কে মন্ডল, শরিফুল ইসলাম তুহিন, রোকেয়া হাসেম ও রেজাউল করিম শাহীনসহ উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণায় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আবু তালেব মন্ডলের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী বাজারে গণসংযোগ এবং সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

পরিদর্শনকালে অধ্যাপক আবু তালেব অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। তিনি বিপদে পড়া এসব মানুষের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন এবং তাঁদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের কল্যাণ ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে সেখানে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বাজার পরিদর্শনের পর তিনি স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং নির্বাচিত হলে এই জনপদের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সম্পাদক হাফিজুর রহমান খাঁন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহাফুজুর রহমান, পৌর আমির গোলাম আযম খাঁন, পৌর সেক্রেটারি মাওলানা আলামীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাবনা-৪: বহিষ্কৃত বিএনপি নেতা পিন্টু

নিজস্ব প্রতিবেদক:  পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। ধানের শীষ প্রতীকের বিপরীতে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এখন ভোটের মাঠে।  বুধবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে জাকারিয়া পিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতীক পাওয়ার পর থেকেই জাকারিয়া পিন্টু তাঁর সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন। তাঁর সমর্থকেরা জানিয়েছেন, পিন্টু নিজে একটি ‘ইনফিল্ড’ মোটরসাইকেলে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁকে ঈশ্বরদী ও আটঘরিয়ার বিভিন্ন সংযোগ সড়ক ও জনপদে গণসংযোগ করতে দেখা যায়।

দলের বহিষ্কারাদেশ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, দলের হাইকমান্ড তৃণমূল নেতা-কর্মীদের ওপর বারবার ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আমি মূলত তৃণমূলের দাবি ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছি।

বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছি, তাই বহিষ্কারকে ভয় পাই না। দল নয়, জনগণই আমার মূল শক্তি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমার জয় নিশ্চিত।

পাবনা-৪: ধানের শীষের প্রচারণায় হাবিবুর রহমান হাবিব

নিজস্ব প্রতিবেদন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী তৎপরতা শুরু করেন।

প্রচারণা শুরুর পর হাবিবুর রহমান ঈশ্বরদী-পাবনা সড়ক ও রেলগেট এলাকা হয়ে স্থানীয় বাজারে যান। সেখানে তিনি বাজারের প্রতিটি দোকানে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি তিনি সবার সমর্থন কামনা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রচারণা চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, যারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখায়, তারা কখনোই দলের আদর্শ ধারণ করতে পারে না। আমি নির্বাচিত হলে ঈশ্বরদীকে সম্পূর্ণ মাদকমুক্ত করার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব।

তিনি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, এমনকি মায়ের সঙ্গে শেষ সময়ে বসে খাওয়ার সুযোগটুকুও পাননি। দেশের মানুষ তাঁর ওপর আস্থা রেখে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবে। আজ তাঁর আহ্বানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তা অভূতপূর্ব।

হাবিবুর রহমান আরও যোগ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনেই আমি কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জয়ী হয়ে এই আসনটি আমি তাঁকে উপহার দিতে পারব।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন