সড়ক দূর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সড়ক দূর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৪৫) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে তাঁর করিমনে করে কুষ্টিয়ায় আসবাবপত্র পৌঁছে দিতে গিয়েছিলেন। ফেরার পথে লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোল প্লাজার কাছে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত যান তাঁর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সকালে মহাসড়কের পাশে জহিরুলের মরদেহ ও দুর্ঘটনাকবলিত করিমনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঈশ্বরদীতে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষে ইপিজেড কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামের এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাতে ঈশ্বরদী ইপিজেড সড়কের পাকশী সিভিল হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাঁড়া ঘাট এলাকার ইউনুস হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইপিজেড সড়ক দিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল যাচ্ছিল। পথে সিভিল হাট মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী ইমন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ভুটভুটির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদীতে মোটরসাইকেল–সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ঈশ্বরদী–লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাঁড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে লালপুর অভিমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঈশ্বরদীতে মোটরসাইকেল–সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিব্য কুমার কুণ্ডু (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের আড়ামবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিব্য কুমার কুণ্ডু সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের পীযুষ কুণ্ডুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিব্য মোটরসাইকেল নিয়ে আড়ামবাড়িয়া থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে লালপুরগামী একটি সাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দিব্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহটি পুলিশ হেফাজতে দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় খাইরুল প্রামাণিক নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাসুম আলম রাজধানীর মিরপুর এলাকার মাহমুদ আলমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন ট্রেস্ট রোসেমে প্রতিষ্ঠানের  হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরির কারণে পরিবারসহ ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম আলম দুপুরে নামাজ পড়তে মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল রোড থেকে পোস্ট অফিস মোড়গামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গাড়িটি সtraবেগে পাশের দেয়ালে আঘাত করে খালে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত মাসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত রিকশাচালক খাইরুল প্রামাণিক বলেন, ‘আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে আমার রিকশা ও ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে যায়।’

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সিন্টু আহত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি শেখ ওয়াহেদ আলী সিন্টু। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী শহরের অরনকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সিন্টু জানান, ব্যক্তিগত কাজে তিনি মোটরসাইকেল নিয়ে শহরে গিয়েছিলেন। অরনকোলার ‘এনি ফিলিং স্টেশন’ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তার ডান হাতের কব্জির ওপর অংশ, তালু এবং চারটি আঙুল মারাত্মকভাবে কেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার হাতে সেলাই দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়।

ঈশ্বরদীতে সড়কে ঝরল সাইকেল আরোহীর প্রাণ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে অটোরিকশার ধাক্কায় কমল (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কমল উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা লাইনপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমল সাইকেলে করে ঈশ্বরদী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, 'পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।'

ঈশ্বরদীতে ট্রাকচাপায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় হান্নান মালিথা (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান মালিথা সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান মালিথা সকালে মেয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। বাবুলচারা তালতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মা-সন্তানকে পাশাপাশি দাফন, জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার দিয়াড় বাঘইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে বাবা-মা ও ছেলেকে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়।

নিহতরা হলেন- উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৭) ও তাদের দুই বছরের ছেলে মুস্তাকিম।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে দাশুড়িয়া বহরপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান। এই দুর্ঘটনায় আরও দুইজন নিহত হন।

রাব্বির ছোট ভাই মো. সায়েম বলেন, 'আমার ভাই, ভাবী আর ভাতিজা শপিং করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তারা মারা গেলেন। এমন মৃত্যু যেন আর কোনো পরিবারের না হয়।'

শুক্রবার সকালে রাব্বির বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে, পুত্রবধূ ও নাতিকে হারিয়ে শোকে পাথরপ্রায় মা। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে হয় রাব্বি-মুক্তার। তাদের সংসারে একমাত্র সন্তান মুস্তাকিমের জন্ম হয় দেড় বছর আগে। 

নিহতদের জানাজায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলসহ বহু মানুষ অংশ নেন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনা: বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৭) ও তাদের দুই বছরের সন্তান মুস্তাকিম। এছাড়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাভা গ্রামের রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মোস্তফা জামান তোহা (২৫) প্রাণ হারিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, দুর্ঘটনায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই একজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোরের লালপুরে নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোরের দক্ষিণ লালপুর এলাকায় নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর পর তাদের উদ্ধার করছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকার চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম ট্রেনযোগে নওগাঁয় বোনের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর প্রধান সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এসময় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে ভোরে একই উপজেলার গোধরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল আল রাজি।

ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুড়ে ছাই

মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন লেগে বাসটি পুড়ে যায় | ছবি: সংবাদ সাতদিন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গেছে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুনে পুড়ে গেছে বাস ও মোটরসাইকেল। এ ঘটনায় একজন আহতও হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী সুপার সনি নামে একটি বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

আহত হলেন উপজেলার আরমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ (২৭)।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই  বিষয়টি টের পেয়ে বাসের চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে গেলেও একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে নাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাঘা থেকে বাসটি আসছিল, আর মোটরসাইকেলটি সামনে থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়।

এটা কোনো নাশকতা কি না জানতে চাইলে ওসি বলেন, এটা কোনো নাশকতার ঘটনা নয়। একটি দুর্ঘটনা বলে ধারণা করছি।

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কে টগরইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. পারভেজ (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আনারুল ইসলামের ছেলে মো. হাবীব (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুরগী বহনকারী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এসময় চালক হাবীব ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা আরোহী পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কওছার আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদীতে সড়ক কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শহরের বাবুপাড়ায় ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ও অন্য দুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিহত ছাত্র মনির হোসেন (১৮) ঈশ্বরদীর পিয়ারাখালী গ্রামের ফজল হোসেনের ছেলে। তিনি কলেজে লেখাপড়া করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে পিকআপ ভ্যান উল্টে  যায়। মুহূর্তেই বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের তিন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ওই কলেজছাত্র মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর দুই যাত্রীসহ পিকআপ ভ্যানের চালক আহত হন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের মধ্যে একজননের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদীতে ট্রাক-অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য দুজন। আজ বুধবার ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর স্কুলপাড়া চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত দুজন হলেন—সিএনজিচালিত অটোরিকশারচালক ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) এবং ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আবদুল মালেক (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর লাকড়ি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। স্কুলপাড়া চারাবটতলা এলাকায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে হঠাৎ তার ভেতরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিব হোসেন বলেছেন, সকাল সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেছেন, খবর পেয়ে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ইসা মিয়া বাদল (৮০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। 

উপজেলার বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসা মিয়া বাদল উপজেলার আজিজনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। এলাকায় তিনি বাদল মাস্টার নামে পরিচিত। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাদল মাস্টার বাইসাইকেলে আজিজনগর রোড (পকেট রোড) থেকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের কাছাকাছি গেলে সড়কটি উঁচু হওয়ায় সাইকেল থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য সড়কে ওঠার সময় পূর্বদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পাশের আনারস ক্ষেতে গিয়ে পড়ে। এতে বাদল মাস্টার গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের অভিযোগ, প্রাইভেটকার চালকের নাম শ্রাবণ (২৫)। তিনি তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার ছেলে। তিনি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, দুপুরে ইসা মিয়া ওরফে বাদল মাস্টার আজিজনগর রোড থেকে বাড়িতে যাওয়ার পথে জাতীয় মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়ে মারা গেছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করেছি। এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সিনিয়র সেবিকা নিহত

 রোজিনা আক্তার রোজী (৩৭)
 

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রোজিনা আক্তার রোজী (৩৭) নামে একজন  সিনিয়র সেবিকা নিহত হয়েছেন। ২৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে  এ দূর্ঘটনা ঘটে।

সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে রোজিনা আক্তার রোজী (৩৭)। তিনি ঈশ্বরদীর আলো জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের  সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালের ম্যানেজার সুমন আলী বলেন, হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসব বেদনা ওঠে। তাই রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে  আনতে যান সোলাইমান। আসার পথে সোলাইমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রোজিনা পড়ে গিয়ে মাথায়  গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত রোজিনাসহ মোটরসাইকেল চালক সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক রোজিনা আক্তার রোজীকে  মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনায় আহত রোজিনা মারা গেছেন। গুরুতর আহত মোটরসাইকেলচালক সোলাইমান হোসেনকে রাজশাহী মেডিকেলে
পাঠানো হয়েছে।



স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন