নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। ধানের শীষ প্রতীকের বিপরীতে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এখন ভোটের মাঠে। বুধবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে জাকারিয়া পিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতীক পাওয়ার পর থেকেই জাকারিয়া পিন্টু তাঁর সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন। তাঁর সমর্থকেরা জানিয়েছেন, পিন্টু নিজে একটি ‘ইনফিল্ড’ মোটরসাইকেলে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁকে ঈশ্বরদী ও আটঘরিয়ার বিভিন্ন সংযোগ সড়ক ও জনপদে গণসংযোগ করতে দেখা যায়।
দলের বহিষ্কারাদেশ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, দলের হাইকমান্ড তৃণমূল নেতা-কর্মীদের ওপর বারবার ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আমি মূলত তৃণমূলের দাবি ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছি।
বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছি, তাই বহিষ্কারকে ভয় পাই না। দল নয়, জনগণই আমার মূল শক্তি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমার জয় নিশ্চিত।

