সেবা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সেবা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল রেললাইন প্রকল্পে কাজ ধীরগতির, ব্যয় বাড়তে পারে ৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে গতি আনা এবং পণ্য পরিবহন সহজ করার লক্ষ্যে ২০১৩ সালে জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে পরিকল্পনা গ্রহণের এক যুগ পার হলেও প্রকল্পটির দৃশ্যমান ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৭ দশমিক ৮৫ শতাংশ। দীর্ঘসূত্রতার কারণে এখন প্রকল্পের ব্যয় প্রায় ৮২ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১৪ হাজার ২৫০ কোটি ৬১ লাখ টাকার এই প্রকল্প অনুমোদন পায়। ২০১৯ সালের জুলাই থেকে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ধরা রয়েছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই প্রকল্পে খরচ হয়েছে মাত্র ৪০৮ কোটি ২০ লাখ টাকা, যা মোট বরাদ্দের খুব সামান্য অংশ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্পের বাস্তবায়নে শুরু থেকেই গতি মেলেনি। প্রথমে চীন সরকারের অর্থায়নে এটি বাস্তবায়নের কথা থাকলেও ২০২১ সালে তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এতে অর্থায়নে রাজি হয়। অর্থায়নের উৎস পরিবর্তনের কারণে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকৌশল নকশার কাজ শুরু করতে হয়, যা প্রকল্পটিকে দীর্ঘ মেয়াদে স্থবির করে ফেলে।

চলতি বছরের ২৭ জুন জাইকার সঙ্গে বাংলাদেশ সরকারের চূড়ান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এর অধীনে জাইকা ৬ হাজার ৯৮০ কোটি টাকা (৯২ হাজার ৭৭ মিলিয়ন ইয়েন) দেবে। বর্তমানে জাইকার অধীনে বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে, যা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে প্রকল্প পরিচালক (পিডি) মনিরুল ইসলাম ফিরোজী জানান, অর্থায়নের উৎস পরিবর্তনের কারণেই মূলত এই বিলম্ব। নকশা চূড়ান্ত হওয়ার পর মূল নির্মাণকাজ শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, আগের প্রাক্কলনটি ছিল কয়েক বছর আগের দর অনুযায়ী। ইতোমধ্যে ডলারের দাম ও উপকরণের মান নির্ধারিত মানদণ্ডে পরিবর্তন এসেছে। বিস্তারিত নকশার পর নতুন বাজারদর অনুযায়ী সংশোধিত ডিপিপি (আরডিপিপি) তৈরি করা হবে।

জাপানি পরামর্শকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রকল্পের সম্ভাব্য ব্যয় বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২৫ হাজার ৯৪৯ কোটি টাকা, যা মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে ৮২ শতাংশ বেশি।

প্রকল্পের আওতায় ১৬২ কিলোমিটার মূল রেললাইন, প্রায় ২৫ কিলোমিটার লুপ লাইন এবং ১১ কিলোমিটারের বেশি বিদ্যমান লাইন পুনর্নির্মাণ করা হবে। এছাড়া ৬৬টি বড় সেতু, ১৩৮টি ছোট সেতু ও ৩টি রোড ওভারব্রিজ তৈরি করা হবে। একটি নতুন স্টেশন নির্মাণসহ মোট ৪২টি স্টেশনের আধুনিকায়ন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৭১৮ হেক্টর জমি অধিগ্রহণ, ২,৯৯১টি পরিবার পুনর্বাসন এবং প্রায় ৭৫ হাজার গাছ কাটার প্রয়োজন হবে। তবে ক্ষতিপূরণ হিসেবে ব্যাপকভাবে বিকল্প বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে জয়দেবপুর-ঈশ্বরদী একক (সিঙ্গেল) লাইনে দিনে ২৫টি ট্রেন চালানোর সক্ষমতা থাকলেও বাধ্য হয়ে ৩৬টি ট্রেন চালাতে হচ্ছে। এতে নিয়মিত শিডিউল বিপর্যয় ঘটছে। প্রকল্পটি শেষ হলে দৈনিক ৫৬টি ট্রেন চালানো সম্ভব হবে এবং ঢাকা থেকে ভ্রমণের সময় ৬ ঘণ্টা থেকে কমে প্রায় ৪ ঘণ্টায় নামবে। পাশাপাশি যমুনা রেলসেতুর পূর্ণ সক্ষমতা ব্যবহারের জন্যও এই রুটটি অত্যন্ত জরুরি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, “এই করিডোরটি বর্তমানে একটি বড় ‘বটলনেক’ বা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কনটেইনার পরিবহন সহজ হবে এবং রেলের রাজস্ব বাড়বে। কিন্তু সময়মতো কাজ শেষ করতে না পারলে ব্যয় আরও বাড়বে, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করবে।”

তিনি আরও মনে করেন, শুধুমাত্র অর্থায়ন বদল নয়—পরিকল্পনার ত্রুটি এবং বড় প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষ জনবলের অভাবও এই দীর্ঘসূত্রতার অন্যতম কারণ। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি অধিগ্রহণ ও নির্মাণকাজ শেষ করাই এখন রেলওয়ের মূল চ্যালেঞ্জ।

দিনভর চলল ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:  স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপপুর হাই স্কুল মাঠে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এই ক্যাম্পের আয়োজন করে। এতে এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান।

দিনব্যাপী এই ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ (কনসালটেন্সি), ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ব্লাড গ্রুপ নির্ণয়সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন এনপিসিবিএলের  ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপপরিচালক ড. খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর প্রকল্পে কর্মরতদের জন্য ইতোমধ্যে আধুনিক মানের মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে কর্মীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছেন। এখন স্থানীয় মানুষের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই এলাকার মানুষ যেন নূ্যনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণের এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঈশ্বরদীতে টাকা দিলেই সেবা মেলে

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা নির্বাচন কার্যালয়ে নতুন জাতীয় পরিচয়পত্র, সংশোধন এবং ভোটার স্থানান্তরের কাজে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নানা অজুহাতে সেবা প্রার্থীদের হয়রানি করা হয় এবং তাদের দিনের পর দিন আসতে হয়। জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ দেরিতে সম্পন্ন হওয়ায় পাসপোর্ট, চাকরি এবং অন্যান্য জরুরি কাজে অনেকেই বিপাকে পড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীর অভিযোগ, ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসের দফতরি (পিয়ন) শওকত আলী স্থানীয় কয়েকটি কম্পিউটার দোকানের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনার নামে অর্থ আদায় করছেন বলে দাবি উঠেছে।

ভুক্তভোগীদের ভাষ্য, এসব দোকানে ৫ থেকে ৭ হাজার টাকা দিলে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন কিংবা ভোটার এলাকা পরিবর্তনের মতো কাজ সহজেই সম্পন্ন হচ্ছে। অথচ এসব সেবার জন্য সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত কোনো ফি নেই। অভিযোগ রয়েছে, কেউ যদি অর্থ না দেন, তবে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও নানা অজুহাতে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে সেবাপ্রার্থীদের।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা সাহাপুর ইউনিয়ন তিলকপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘এক কাজের জন্য কয়েকবার নির্বাচন অফিসে আসতে হচ্ছে। এখানে গজিয়ে উঠেছে দালালের সিন্ডিকেট। দালালদের টাকা দিলে দ্রুত সময়ের মধ্যেই কাজ হয়ে যায়। যারা দালালের সাহায্য নিচ্ছে না বা টাকা দিচ্ছে না তাদের ঘুরতে হচ্ছে মাসের পর মাস।’

পৌরসভার পূর্বটেংরী এলাকার বাসিন্দা নাইম উদ্দিন বলেন, ‘জন্মনিবন্ধনের সমস্যা আছে বলে আমার এক আত্মীয়ের কাছে নতুন ভোটার করার জন্য ৬ হাজার টাকা চেয়েছে শওকত আলী। টাকা না দেওয়ায় কাজ আর হয়নি।’ 

দিয়াড় বাঘইল এলাকার বাসিন্দা শিপন বেপারি বলেন, ‘জরুরি প্রয়োজনে ভোটার হওয়ার জন্য আইডি কার্ড করতে শওকত আলী ৩ হাজার টাকা চেয়েছে। টাকা দিতে পারিনি বলে কাজ স্থগিত রয়েছে।’

উপজেলা নির্বাচন কার্যালয়ের দফতরি শওকত আলী অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো মিথ্যা। আমি এমন কিছু করি না। অফিসের অন্য কেউ এসবের সঙ্গে জড়িত থাকতে পারে।’

উপজেলার আশপাশের কিছু কম্পিউটার দোকানে চুক্তির মাধ্যমে কাজ দেওয়া হয়—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কারও সঙ্গে কোনো চুক্তি করিনি। চাইলে আপনারা যাচাই করে দেখতে পারেন।’ এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক বলেন, ‘এমন কোনো অভিযোগ পাইনি। তাই এসব বিষয়ে অবগত নই। আপনাদের মাধ্যমে জানলাম। বিষয়টি নজরে থাকবে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন