ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতির ব্রেন স্ট্রোক, সুস্থতায় দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি দিনাজপুর ইসলামী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে স্রোতের দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে শাহীনও সেখানে গিয়েছিলেন। এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে গত বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রয়োজনীয় ওষুধ সেবনের পর শুক্রবার সকাল নয়টার দিকে তিনি অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে স্থানীয় ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আজিজুর রহমান শাহীনের ছেলে স্রোত জানান, চিকিৎসকেরা তাঁর বাবার ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তাঁকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন