ঈশ্বরদীতে ধানের শীষের প্রচারণা, দলীয় নির্দেশ অমান্য করলে বহিষ্কারের হুঁশিয়ারি


নিজস্ব প্রতিবেদক:
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিলে দল থেকে বহিষ্কার করা হবে।

রোববার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার পোস্ট অফিস মোড়ে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সভায় হাবিবুর রহমান ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুর রহমান হাবিব বলেন, আপনারা দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম ও নানামুখী নির্যাতন সহ্য করে রাজনীতির মাঠে অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করেছেন। কিন্তু আজ যদি কেউ ব্যক্তিস্বার্থে ধানের শীষের বিপক্ষে কাজ করেন, তবে তিনি আর কখনো বিএনপির রাজনীতিতে ফিরতে পারবেন না। যারা এখনো দ্বিধা-দ্বন্দ্বে আছেন, তাদের দ্রুত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার হারিয়েছিল। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আজ সেই পরিবেশ নেই। এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার সময় এসেছে। সারা দেশে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ধরে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিতে হবে।

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, বিএনপি নেতা আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, শরিফুল ইসলাম তুহিন, এবং আব্দুল্লাহ ওমর খান সুমার।

উঠান বৈঠকে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর নিজ এলাকায় বিএনপির এমন সরব প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন