![]() |
| আসন্ন জাতীয় সংসদ নির্বাচন |
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
বিকেল তিনটায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এরপর বিকেল সাড়ে চারটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে এলাকায় বিশেষ মহড়া দেওয়া হয়। মহড়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জানান দিতেই এ মহড়ার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এমন তৎপরতা ভোটারদের মনে আস্থা বাড়াতে ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় পাবনা জেলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আসাদুজ্জামান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. শাহেদ মোস্তফা বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, আইনবিরোধী যেকোনো তৎপরতা দমনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এই সতর্কতামূলক টহল নির্বাচনের আগপর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনের দিন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

