ঈশ্বরদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাকশী জোড়া সেতুতে সুরের মূর্ছনায় শরৎ বন্দনা
নিজস্ব প্রতিবেদক: নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে কাশবনের মৃদু দোলা—প্রকৃতিতে এখন শরৎকালের রাজত্ব। যান্ত্রিক ও ব্যস্ত শহরের ভিড় ঠেলে এই স্নিগ্ধ ঋতুকে বরণ করে নিতে ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু (জোড়া সেতু) প্রাঙ্গণে বসেছিল সুরের আসর। সাংস্কৃতিক সংগঠন ‘কলের গান’-এর আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণিল শরৎ বরণ উৎসব মুগ্ধ করেছে সংস্কৃতিপ্রেমীদের।
চলতি মৌসুমে মেঘ-বৃষ্টির লুকোচুরি শেষ হতেই প্রকৃতি সেজেছে নতুন সাজে। নদীর কিনারায় ও খোলা প্রান্তরজুড়ে উঁকি দিচ্ছে গুচ্ছ গুচ্ছ কাশফুল। এমন মোহনীয় প্রাকৃতিক পরিবেশকে উদ্যাপন করতেই ব্যতিক্রমী এই আয়োজন করে ‘কলের গান’।
শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘কলের গান’-এর নিজস্ব শিল্পীরা এবং রাজশাহী বেতার থেকে আমন্ত্রিত বিশেষ শিল্পীবৃন্দ। তাদের কণ্ঠে শরতের গান ও সুরের পসরা হার্ডিঞ্জ ব্রিজ প্রাঙ্গণের চারপাশকে এক অন্যরকম মায়াবী রূপ দেয়।
অনুষ্ঠানের পেছনের ভাবনা সম্পর্কে ‘কলের গান’-এর পরিচালক ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মানিক মণ্ডল বলেন, ‘ব্যস্ত নাগরিক জীবনে আমরা আমাদের উৎসব আর ঋতু বৈচিত্র্যকে হারাতে বসেছি। ‘কলের গান’ সবসময় এ দেশের শেকড় ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কাজ করে। শরতের এই শুভ্রতা মানুষের মনের সব কালিমা দূর করে পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক—এটাই আমাদের বড় প্রত্যাশা।’
ঈশ্বরদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন ঈশ্বরদী উপজেলা মহিলা দলের নেত্রীসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে শহরের রেলগেট এলাকায় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সন্ধ্যায় ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের স্টেশন রোড প্রদক্ষিণ করে বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ঈশ্বরদী পৌর মহিলা দলের নেত্রী নুসরাত জাহান মৌসুমী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এবং মহিলা দলের নেত্রী সুমাইয়া ইসলাম উর্মি, স্মৃতি আক্তার, সোনিয়া আক্তার, সানজিদা রহমান, লিমা খাতুন, লিজা খাতুন, সন্ধ্যা ও মিলি প্রমূখ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী ভবনে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি
নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে একটি অস্থায়ী ভবনে গত সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় এর প্রভাব পড়েনি প্রকল্পের মূল নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে। বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সম্পূর্ণভাবে নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, নথিপত্র, তথ্যপ্রযুক্তি (আইটি) ও যোগাযোগসংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত নথিপত্রের প্রয়োজনীয় ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ বা কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের বাইরে থাকা একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিদেশফেরত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আলী (২৮) নামের বিদেশফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওহিদ আলী ওই গ্রামের নুরাল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে পানির মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওহিদ আলী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রূপপুর প্রকল্পের পাইওনিয়ার বেইজে আগুন: মূল কার্যক্রমে প্রভাব পড়েনি দাবি কর্তৃপক্ষের
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইওনিয়ার বেইজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েকের) জিসিভি সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, বৈদ্যুতিক সরঞ্জাম, কাগজপত্র ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
রোববার দিবাগত রাত তিনটার দিকে বায়েকের পাইওনিয়ার বেইজে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাটি মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে আসে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত ভবনের দুটি কক্ষে মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর পাইওনিয়ার বেইজসহ বায়েকের আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাস্টমস বিল্ডিং ও ক্যান্টিনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার দুপুরে প্রকল্পের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পাইওনিয়ার বেইজ রূপপুর প্রকল্পের মূল কার্যক্রমের অংশ নয়; এটি প্রকল্পের একটি সহায়ক অংশ। ফলে অগ্নিকাণ্ডের কারণে মূল প্রকল্পের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি এবং সার্বিক কাজ স্বাভাবিক রয়েছে।
ওই সূত্র আরও জানায়, মূল প্রকল্প এলাকায় বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডে পাইওনিয়ার বেইজে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রকল্পের দৃষ্টিকোণ থেকে তেমন বড় কিছু নয়। শুধু ক্ষতিগ্রস্ত অফিসের দুটি কক্ষে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে।
তবে গভীর রাতে পাইওনিয়ার বেইজে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। সূত্রটি জানায়, ডিজিটাল সিস্টেমে ফাইলের ব্যাকআপ কপি সংরক্ষিত থাকায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিটি ফাইল অক্ষত রয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকেই রূপপুর প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী বলেন, গভীর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রকল্প এলাকায় ছুটে যান। ঈশ্বরদীর চারটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রূপপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু হাশেম বলেন, প্রকল্পের ভেতরে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। যে দুটি কক্ষে আগুন লেগেছিল, সেগুলো মূল প্রকল্পের রেডিয়েশন এরিয়ার বাইরে অবস্থিত। ভবনটি মূলত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি অস্থায়ী অফিস হিসেবে ব্যবহৃত হয়।
তিনি আরও জানান, ওই ভবনে প্রায় ২০টি কক্ষ রয়েছে। এর মধ্যে দুটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বায়েকের অফিসের বিভিন্ন কম্পিউটার, এসি, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ঈশ্বরদীতে বিয়ের ঠিক দুই দিন আগে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মায়ের
নিজস্ব প্রতিবেদক: ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঈশ্বরদীতে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার রাতে পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার তাঁদের ছেলে সিয়ামের বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে ওই দম্পতি ঈশ্বরদী শহরে কেনাকাটা করতে আসেন। কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আলহাজ্ব মোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর কেনাবেচার অভিযোগে প্রশাসনের পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সরকারি নীতিমালা লঙ্ঘন করে আশ্রয়ণ প্রকল্পের ঘর বেচাকেনার অভিযোগ ওঠায় প্রকল্প এলাকা পরিদর্শনে গেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা উপজেলার মূলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়েব, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত সরকারি ঘর হস্তান্তরের কোনো আইনি সুযোগ না থাকলেও স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট ৩০০ টাকার স্ট্যাম্পে সই নিয়ে ঘরগুলো কেনাবেচা করছে।
বহরপুর আশ্রয়ণ প্রকল্পের ২০৮টি ঘরের মধ্যে অর্ধেকের বেশি মূল বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে থাকেন না। এসব ঘর ৪০ থেকে ৮০ হাজার টাকায় একাধিকবার হাতবদল ও ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন মনিরা বলেন, সরকারি ঘর বিক্রির বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যাঁরা নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ঘর কেনাবেচার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধভাবে বসবাসকারীদের তালিকা তৈরি করে তাঁদের উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বড়াইচারা প্রাথমিক বিদ্যালয়ে সেরা শিক্ষার্থীদের পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর ৪৪ নম্বর বড়াইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির স্বীকৃতিস্বরূপ সেরা শিক্ষার্থীদের পুরস্কার ও 'সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন' প্রদান করা হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ রওশন আলী মাস্টার।
পুরস্কার বিতরণ শেষে রওশন আলী মাস্টার ঘোষণা দেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি প্রতিবছর বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাসরিন সুলতানা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি ওয়াহিদ মুরাদ সুজন, সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিনারুল বিশ্বাস, স্থানীয় চিকিৎসক আশরাফ প্রামাণিক, আনোয়ার হোসেন ও খাইরুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকেরা।
ঈশ্বরদীতে মুঠোফোন চুরির অপবাদে তরুণকে মারধর, চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে চুরির অভিযোগে সিয়াম হোসেন (১৯) নামের এক তরুণকে আটকের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া (প্রামাণিকপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিয়াম হোসেন একই ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। স্থানীয় লোকজনের ভাষ্য, মঙ্গলবার দুপুরে সিয়াম জয়নগর মধ্যপাড়া গ্রামের শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মুঠোফোন নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁকে আটক করেন। পরে বকুল প্রামাণিক নামের এক ব্যক্তি তাঁর মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, সিয়াম মাদকাসক্ত এবং মাদক সেবনের জন্যই তিনি মুঠোফোনটি চুরি করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভুক্তভোগীর বাবা সুজন সরদার বলেন, ছেলেকে আটকের খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তাঁর দাবি, সিয়াম মানসিকভাবে অসুস্থ এবং না বুঝেই মুঠোফোনটি নিয়ে থাকতে পারেন। তবে চুরির অভিযোগ থাকলেও এভাবে তাঁর ছেলের চুল কেটে দেওয়া অমানবিক বলে মন্তব্য করেন তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদীতে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার মশুরিয়াপাড়া ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দাশুড়িয়া এলাকার মো. হৃদয়ের ছেলে মো. মানিক (৪০), মাহাতাব কলোনি এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আকাশ (২০) এবং মশুরিয়াপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. হারুন (২৮)।
ডিএনসি পাবনার উপপরিদর্শক মোহাম্মদ শের আলম আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধে মোট ২৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরদীতে ট্রেনবহরে হামলার মামলার কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মিথ্যা মামলায় কারাভোগের পর কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড়সংলগ্ন মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এবং ছাত্রদল নেতা আল আমিন হোসেনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই বছর আগে কারামুক্ত সলিমপুর ইউনিয়নের নেতাকর্মীদের সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা আবুল কাশেম, যুবদল নেতা কামাল পারভেজ চাঁদ, বিএনপি নেতা জামিরুল ইসলাম, আলমগীর হোসেন ও পলাশ মাহমুদ।
ছাত্রদল নেতা আল আমিন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, যুবদল নেতা রাসেল হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুল হক আশা, বিএনপি নেতা সানাউল হক প্রামাণিক, সেলিম রেজা, আফজাল হোসেন, নূর সালাম মন্ডল, হযরত আলী ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। একই সঙ্গে মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ঈশ্বরদী উপজেলা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঈশ্বরদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৩৭ জনকে রাখা হয়েছে। কমিটিতে পাঞ্জুর রহমান সরদারকে সভাপতি এবং শাহ আজিজুর রহমানকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া মহিউল ইসলাম সাধারণ সম্পাদক এবং রেজাউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অন্যান্য পদে থাকা নেতাদের নামও উল্লেখ করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পাঞ্জুর রহমান সরদার বলেন, ‘আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে তুলে ধরতে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে। আশা করি, কমিটির সব সদস্য দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।’
রূপপুর প্রকল্পে বায়েকের অফিসে গভীর রাতে আগুন, পুড়ে গেছে সার্ভার রুম ও সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) অফিসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গেছে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ।
রোববার দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের পর বায়েকের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সূত্রমতে, বায়েকের সার্ভার রুমে আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, প্রকল্পের ভেতরে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। আগুনে বায়েকের বিভিন্ন কম্পিউটার, এসি, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী বলেন, গভীর রাতে আগুনের খবর পেয়ে তিনি ও প্রকল্প পরিচালক তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। ঈশ্বরদীর চারটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে; তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ক্লাসে উপস্থিতি কমে যাওয়ায় ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষক-অভিভাবক সভা
নিজস্ব প্রতিবেদক: শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি রোধ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ হয়।
সভায় শিক্ষকেরা জানান, সম্প্রতি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার ২০ শতাংশে নেমে এসেছে। মোবাইল ফোনে বার্তা পাঠিয়েও আশানুরূপ সাড়া মেলেনি। অভিভাবকেরা অভিযোগ করেন, কলেজ চলাকালে আশপাশের বাণিজ্যিক কোচিং সেন্টারে শিক্ষার্থীরা ভিড় করায় ক্লাসে উপস্থিতি কমছে। তারা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার দাবি জানান। পাশাপাশি রাত জেগে মোবাইল ব্যবহারের আসক্তির কারণে সকালে ক্লাসে অনুপস্থিত থাকার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উচ্চমাধ্যমিক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস, অধ্যাপক নজরুল ইসলাম ও সাংবাদিক মাহাবুবুল হক দুদু।
অধ্যক্ষ জানান, উপস্থিতি বাড়াতে প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন করে ‘মেন্টর’ নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত তদারকি ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।
বিদায়বেলায় কৃষকদের ভালোবাসায় সিক্ত কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান
নিজস্ব প্রতিবেদক: চাকরিজীবনের শেষ দিনে কোনো প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং কৃষকদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে অবসর নিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। দীর্ঘ কর্মজীবনে মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে সেবা দেওয়ায় পাবনার ঈশ্বরদীর উত্তর বাঘইল গ্রামের কৃষকেরা সোমবার দুপুরে তাঁর সম্মানে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।
বাংলাদেশ কৃষক সমিতির সহসভাপতি তহরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন। তিনি বলেন, কৃষকদের এমন অভূতপূর্ব ভালোবাসা অর্জনই একজন মাঠপর্যায়ের কর্মকর্তার সবচেয়ে বড় প্রাপ্তি। মতিয়ার রহমান তাঁর নিষ্ঠা ও দক্ষতা দিয়ে কৃষকদের সেই আস্থা অর্জন করেছিলেন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ফসল রক্ষা, রোগবালাই দমন ও আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহারে মতিয়ার রহমান ঈশ্বরদীর কৃষকদের কাছে শুধু একজন কর্মকর্তা নন, অভিভাবক হিসেবে ভূমিকা রেখেছেন। যেকোনো প্রয়োজনে তিনি সবসময় মাঠে কৃষকদের পাশে থেকেছেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন মতিয়ার রহমান। তিনি কর্মজীবনে ঈশ্বরদীর কৃষকদের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে তাঁর হাতে বিদায়ী সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির নেতা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার দাস এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ও অর্থনৈতিক সূচক গণনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা, উৎপাদন কার্যকারিতা ও কারিগরি তথ্য বিশ্লেষণ আরও কার্যকর করতে কারিগরি ও অর্থনৈতিক সূচক গণনা ব্যবস্থা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা অংশ নেন।
বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাশিয়ার রোসেনেরগোঅ্যাটমের বাংলাদেশ শাখার পরিচালক সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. ইয়ামিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎপাদন ও কারিগরি বিভাগের (পিটিডি) প্রধান রাজু আহম্মেদ।
সভাপতির বক্তব্যে ড. মো. জাহেদুল হাছান বলেন, আধুনিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা ও উৎপাদন কার্যকারিতা বিভিন্ন কারিগরি ও অর্থনৈতিক সূচকের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সিস্টেম ও অপারেশনাল প্যারামিটারের পরিবর্তন বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলে। সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে এসব প্রভাব তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলী ও কর্মকর্তারা বিদ্যুৎ উৎপাদন ইউনিটের কর্মক্ষমতা বিশ্লেষণে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতে প্রতিবেদন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট দিমিত্রি কজলভ, মো. গোলাম শাহিনুর ইসলাম, মো. ওয়াজিহুর রহমান, মো. মিজানুর রহমান, ডেপুটি ডিরেক্টর মুশফিকা আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার ইরতিয়াজ মাহমুদ এবং ব্যবস্থাপক মো. সোলায়মানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, এ প্রশিক্ষণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের পাশাপাশি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধান অতিথি ও সভাপতি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
ঈশ্বরদীতে যুবলীগের ঝটিকা মিছিল, এক নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর আতিকুর রহমান (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের অরণকোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আতিকুর রহমান পৌর শহরের অরণকোলা এলাকার রহমত আলী রুনুর ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের হাড়ুখালি এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশ ও হাবিবুর রহমানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে বিকেলে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রথমে তাঁকে ফাঁড়িতে রাখা হলেও পরে ঈশ্বরদী থানায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির প্রকাশ্য বাণিজ্য, অর্ধেকের বেশি হাতবদল
নিজস্ব প্রতিবেদক: সরকারের আশ্রয়ণ নীতিমালার তোয়াক্কা না করে ঈশ্বরদীতে গৃহহীনদের জন্য নির্মিত প্রকল্পের ঘর বিক্রির প্রকাশ্য বাণিজ্য চলছে। সরকারি বিধি অনুযায়ী হস্তান্তর অযোগ্য এসব ঘর নোটারি ও ৩০০ টাকার স্ট্যাম্পে সই নিয়ে লিখিতভাবে কেনাবেচা করছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। অনুসন্ধানে জানা গেছে, ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত বাড়িগুলোর অর্ধেকের বেশিই হাতবদল হয়ে গেছে।
উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পে সরেজমিনে দেখা যায়, প্রকল্পের ২০৮টি ঘরের অর্ধেকেরও বেশি বরাদ্দের মূল মালিকেরা সেখানে থাকেন না। গৃহহীনদের জন্য নির্ধারিত এসব ঘর ৪০ থেকে ৮০ হাজার টাকায় কেনাবেচা করা হয়েছে। অভিযোগ রয়েছে, জামায়াতের এক নেতার নির্দেশে আশ্রয়ণ প্রকল্পের কিছু নেতাকর্মী ও সদস্য এই সিন্ডিকেট পরিচালনা করছেন। প্রকল্পের এক বাসিন্দা জানান, বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে কম দামে ঘর কিনে পরে বেশি দামে বিক্রি করে চক্রটি সিংহভাগ টাকা পকেটে পুরেছে। পরিচয় গোপন করে যোগাযোগ করা হলে সিন্ডিকেটের সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্ট্যাম্পের মাধ্যমে যেকোনো কাউকে ঘর পাইয়ে দেওয়ার কথা স্বীকার করেন।
তবে এই বেচাকেনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে অভিযুক্ত জামায়াত নেতা দাবি করেন, এক ব্যক্তিকে খালি ঘর ব্যবস্থা করে দেওয়া ছাড়া তিনি কোনো আর্থিক লেনদেনে জড়িত নন এবং তাঁর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। এদিকে প্রকল্পের বাসিন্দারা জানান, উপযুক্ত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কাঁদাপানি জমে চরম দুর্ভোগ তৈরি হয়। পাশাপাশি কর্মসংস্থানহীনতা, মাদকাসক্তদের উপদ্রব ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার জানান, অবহেলার কারণে কিছু জায়গায় কাঁদাপানি জমেছে, যা সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নীতিমালা ভঙ্গ করে ঘর কেনাবেচার পূর্ণাঙ্গ তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় এসব রেজিস্ট্রি বাতিলসহ হাতবদলে জড়িত মধ্যস্থতাকারী ও সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.jpg)
















