খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে রঞ্জু স্মৃতি ফুটবলে সেভেন বুলেটের জয়

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মরহুম শাজাহান আলী রঞ্জু স্মৃতি ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত খেলা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

সমাজসেবক মেহেদী হাসান তারেকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিজ আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক, চর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, সাজিদ হাসান, শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় সেভেন বুলেট দল ৩-১ গোলে ইয়ং স্টার দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে স্মারকচিন্হ, পদক ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

ঈশ্বরদীতে ফুটবল প্রতিযোগিতার সমাপনী, বিজয়ী এএসটি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ভেলুপাড়া বন্ধু একাদশ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার আলহাজ কারখানা উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটির উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কারখানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুম সামাদ, ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম আযম, পৌর জামায়াতের যুব সম্পাদক মো. মারুফ হোসেন, হিরোশিমা ক্রীড়া ও সামাজিক সংঘের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পেনাল্টি শুটআউটে এএসটি ক্রীড়া দল ৪-২ গোলে ভেলুপাড়া উদীয়মান তারকা দলকে পরাজিত করে সেরার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন পাবনা জেলা রেফারি সমিতির সভাপতি শরীফ ইসলাম।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

ঈশ্বরদীতে যুবদল-ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: ‘মাদকের অন্ধকার নয়, মাঠের আলোই আমাদের শক্তি। মাদকমুক্ত ঈশ্বরদী গড়াই আমাদের অঙ্গীকার—এই প্রতিপাদ্য সামনে রেখে  ঈশ্বরদীতে প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে এই ম্যাচ আয়োজন করে ঈশ্বরদী ফুটবল একাডেমি।

খেলা শুরুর আগে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে অতিথিরা স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং খেলোয়াড়দের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক থেকে দূরে সরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজেদুজ্জামান জিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আতিকুর রহমান তারা, লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল আখতারুজ্জামান এবং যুবদল নেতা চয়ন সরদার ও রানা আহমেদ শাহীন উপস্থিত ছিলেন।

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন ঈশ্বরদী উপজেলা


নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ঈশ্বরদী উপজেলা একাদশ।

আজ শুক্রবার বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা ও পাবনা পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে পাবনা সদর উপজেলা একাদশ ও ঈশ্বরদী উপজেলা একাদশ।


নির্ধারিত সময়ের রোমাঞ্চকর খেলায় ঈশ্বরদী উপজেলা একাদশ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ নিজেদের ঘরে তুলল।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮৫ সদস্যের এই কমিটি রোববার  অনুমোদন করা হয়।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্যসচিব জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সাবেক ফুটবলার আনিছুল হক বাবুকে আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার সমসের আলমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার তরিকুল ইসলাম ডাবলুকে সদস্যসচিব এবং সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় তৌহিদুল ইসলামকে সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে।

৮৫ সদস্যের এই কমিটিতে জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সলিমপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও সিলিং ফ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ২৭টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সলিমপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ১৮ জোড়া জার্সি, ১৮টি ফুটবল এবং ৫০টি সিলিং ফ্যান তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

সলিমপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহির মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান ও ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, স্বপন সরদার, ছবিহা খাতুন, সুবর্ণা খাতুন, ফুরকান আলী বিশ্বাস ও মনারুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মমিনুল ইসলাম এবং গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ফাইনালে ঈশ্বরদী উপজেলা

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬–এর ফাইনালে উঠেছে ঈশ্বরদী উপজেলা ফুটবল একাদশ। সেমিফাইনালে পাবনা পৌরসভা ফুটবল দলকে ২–১ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করেছে দলটি।

শনিবার  বিকেল ৪টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই ছন্দে ছিল ঈশ্বরদী। আক্রমণভাগের গতিময় ফুটবল, কার্যকর দলীয় সমন্বয় এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত ২–১ গোলের জয় তুলে নেয় তারা।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ঈশ্বরদী উপজেলা ফুটবল একাদশ।

পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। জেলার ফুটবলের বিকাশে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৭ জুলাই বিকেল ৪টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মাঠে নামবে ঈশ্বরদী উপজেলা ফুটবল একাদশ।

আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে ঈশ্বরদীতে সমর্থকদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: রুদ্ধশ্বাস ও নাটকীয় এক ম্যাচে মিশরকে ৩–২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তে টানা তিন গোল করে দলটির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন ঈশ্বরদী শহরের সমর্থকেরা।

মঙ্গলবার রাতে খেলা শেষ হওয়ার পর শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা রেলগেট এলাকায় জড়ো হন। হাতে জাতীয় পতাকা, গায়ে দলের জার্সি আর মুখে জয়ধ্বনি—সব মিলিয়ে ব্যস্ত এলাকাটি কিছু সময়ের জন্য উৎসবের রূপ নেয়।

ম্যাচের শুরুতে মিশর দুই গোলে এগিয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। তবে শেষ মুহূর্তে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনে সেই হতাশা বদলে যায় আনন্দে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

উল্লাসে অংশ নেওয়া সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই জয় তাঁদের কাছে ছিল বাড়তি আবেগের।

কলেজশিক্ষার্থী সালমান হাবিব বলেন, ম্যাচের শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ বাঁশি বাজার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি, সোজা এখানে চলে এসেছি।

সমর্থক জুয়েল খান বলেন, শেষ পর্যন্ত বিশ্বাস ছিল আমরা ফিরে আসব, জয় পাব। এমন ম্যাচ বারবার আসে না।

শিক্ষার্থী মো. হাসানুল বলেন, এ এক অবিশ্বাস্য জয়। আর্জেন্টিনা দেখিয়ে দিল, এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা দল তারাই।

ব্যবসায়ী রাশেদ আহমেদ বলেন, মনে হচ্ছিল, আজ আর হবে না। কিন্তু দলটি শেষ পর্যন্ত লড়ে জিতেছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।

প্রবীণ সমর্থক আখলাক হোসেন বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগের বিষয়। আর্জেন্টিনার জয় মানে আমাদের আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করতেই এখানে এসেছি।

চরাঞ্চলের শিশুদের নিয়ে ব্রাজিল–আর্জেন্টিনা প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়ায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিকে ফাউন্ডেশনের উদ্যোগে ঢালার চর দুর্গাপুর চরের স্বপ্নগ্রাম এলাকায় এই ম্যাচের আয়োজন করা হয়।

বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ বাতেন খান ভার্চ্যুয়ালি খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পোর্ট ফুড অ্যান্ড এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার টুটুল প্রামাণিক এবং বিশিষ্ট ব্যবসায়ী জুলহাস উদ্দিন বাবু।

বিকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।’

গোল উৎসবে সুজানগরকে বিদায়, দ্বিতীয় রাউন্ডে ঈশ্বরদী

নিজস্ব প্রতিবেদক: ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ঈশ্বরদী উপজেলা দল। শনিবার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সুজানগর উপজেলাকে ৪-২ গোলে হারিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ঈশ্বরদী উপজেলা। পুরো খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে ৪-২ গোলে পরাজিত করে দলটি।

এই জয়ের ফলে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ঈশ্বরদী উপজেলা। পরের পর্বে তাদের প্রতিপক্ষ হবে ফরিদপুর উপজেলা।

ঈশ্বরদী পৌরসভার সচিব মো. জহুরুল ইসলাম বলেন, সুজানগর উপজেলার বিপক্ষে ঈশ্বরদী উপজেলার এই জয় অত্যন্ত আনন্দের। খেলোয়াড়দের দলগত নৈপুণ্য ও লড়াকু মানসিকতা প্রশংসার যোগ্য। আমরা আশা করি, দ্বিতীয় রাউন্ডেও তারা একই ধারাবাহিকতা বজায় রেখে ঈশ্বরদীকে আরও সাফল্য এনে দেবে। দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ঈশ্বরদীতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে উপজেলার এম এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। এতে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সমর্থকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। এই আনন্দঘন মুহূর্তটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন।

দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. আলী হোসেন খেলাটির উদ্বোধন করেন।

ম্যাচ শুরুর পর থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা প্রদর্শন করে। পুরো সময়জুড়ে পাল্টাপাল্টি আক্রমণে মাঠের খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছিল। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে উভয় দলের সমর্থকরাই সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষক দলের সদস্য ও সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. ওমর শরিফ হানিফ মহলদার এবং দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের আইসিটি প্রভাষক মো. আলী হাসান (শরীফ)।

টানটান উত্তেজনার এই খেলায় আর্জেন্টিনা সমর্থক দলকে ৩-২ গোলে হারিয়ে জয় লাভ করে ব্রাজিল সমর্থক দল। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় খেলায় হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। প্রথম খেলায় মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ে সমালোচনার মুখে পড়া ব্রাজিল-ভক্তদের জন্য এটি ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। আর কাগজে-কলমে সেই সুযোগটা বেশ বড়ই। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একেবারেই একপেশে।

বিশ্বকাপের প্রথম খেলায় মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারে হাইতি। ফলে ‘সি’ গ্রুপে প্রথম জয়ের খোঁজে আছে দুই দলই। তবে শক্তির বিচারে দুই দলের অবস্থান একেবারেই ভিন্ন।

হাইতির ফুটবল ইতিহাসে বিশ্বকাপের স্মৃতি বলতে ১৯৭৪ সালের আসর। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে এবার আবারও বিশ্বমঞ্চে ফিরেছে ক্যারিবীয় দেশটি। বিপরীতে ব্রাজিল খেলছে নিজেদের ২৩তম বিশ্বকাপ। বিশ্বকাপ ইতিহাসে সব আসরে অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি শিরোপার মালিকও তারা।

এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে ব্রাজিল ও হাইতির। তিনটিতেই জিতেছে ব্রাজিল। শুধু জয়ই নয়, গোলবন্যাও বইয়ে দিয়েছে ব্রাজিলের খেলোয়াড়েরা। তিন খেলায় ব্রাজিল করেছে ১৭ গোল, বিপরীতে গোল হজম করতে হয়েছে মাত্র ১টি। দুই দলের প্রথম দেখা ১৯৭৪ সালে একটি প্রীতি খেলায়। সেবার ৪–০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৪ সালে আরেক প্রীতি খেলায় হাইতিকে ৬–০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

সবচেয়ে স্মরণীয় খেলাটি হয় ২০১৬ সালের কোপা আমেরিকা প্রতিযোগিতায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে হাইতির জালে ৭ গোল দেয় ব্রাজিল। খেলাটি শেষ হয় ৭–১ ব্যবধানে। সেদিন তিন গোল বা হ্যাটট্রিক করেছিলেন ফিলিপে কৌতিনিয়ো। গোল করেছিলেন রেনাতো অগুস্তো, গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমারাও।

ব্রাজিল-হাইতি মুখোমুখি লড়াইয়ের ইতিহাস

  • ১৯৭৪: ব্রাজিল ৪-০ হাইতি (প্রীতি খেলা)
  • ২০০৪: হাইতি ০-৬ ব্রাজিল (প্রীতি খেলা)
  • ২০১৬: ব্রাজিল ৭-১ হাইতি (কোপা আমেরিকা)

ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপের উন্মাদনা শুরু

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই এবার ঈশ্বরদীর ক্রীড়ামোদিদের মাঝেও ছড়িয়ে দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। 'সি' গ্রুপের বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ফুটবল ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় দলের আসর শুরুর ম্যাচটি স্মরণীয় করতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা, পতাকা প্রদর্শন ও যৌথ ভোজের মতো নানা উদ্যোগ নেন সমর্থকেরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রোববার ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। ভোর ৫টার দিকে শহরের কাচারী পাড়া ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, ভোরের ঘুমকে উপেক্ষা করে বড় প্রজেক্টরের সামনে জড়ো হয়েছেন দুই শতাধিক ফুটবলপ্রেমী। সেখানে উপস্থিত দর্শকদের সিংহভাগই ছিলেন ব্রাজিলের পাঁড় সমর্থক।

ব্রাজিলীয় ফুটবলের ভক্ত রাইয়ত মহন তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রতি বিশ্বকাপের মতোই এবারও তাঁরা দল বেঁধে আনন্দ করার পরিকল্পনা করেছেন। একসঙ্গে বসে খেলা দেখা ও খাওয়া-দাওয়ার আয়োজন সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে মরক্কোর সমর্থক মশিউর রহমান মাসুমের কণ্ঠে ভিন্ন সুর; তাঁর বিশ্বাস, চমক দেখিয়ে এবার মরক্কোই ট্রফি ঘরে তুলবে।

অবশ্য মাঠের তীব্র লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে মরক্কো প্রথমে লিড নিলেও, বেশি সময় আনন্দ করতে পারেনি তারা। এর ঠিক ১১ মিনিট পর, অর্থাৎ ৩২ মিনিটের মাথায় ব্রুনো গিমায়েরেসের চমৎকার গোলে সমতায় ফেরে সেলেসাওরা।

এদিকে ল্যাটিন পরাশক্তি ব্রাজিলের ম্যাচ শেষ হতেই ঈশ্বরদীতে পারদ চড়তে শুরু করেছে আর্জেন্টিনার সমর্থকদের শিবিরে। আলবিসেলেস্তে ভক্তরাও নিজেদের প্রথম ম্যাচকে কেন্দ্র করে বড় প্রজেক্টরে খেলা প্রদর্শন ও ভূরিভোজের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে, টুর্নামেন্টের শুরুতেই ঈশ্বরদীতে ফুটবলের চিরচেনা আমেজ পুরোপুরি জমে উঠেছে।

ঈশ্বরদীতে তৃণমূলের খেলোয়াড়দের জন্য নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে একদম তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে তাঁদের দেশসেরা ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে তৈরি করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্য সামনে রেখে শুরু হচ্ছে নতুন একটি ক্রীড়া কর্মসূচি।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন।

সভায় জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দৌড়ঝাঁপ, ব্যাডমিন্টন, যুদ্ধকলা ও সাঁতারসহ আটটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে জন্মসনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপত্র এবং অভিভাবকের অনুমতিলিপি জমা দিতে হবে।

সভায় উপজেলা শিক্ষাতত্ত্ব তত্ত্বাবধায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, এই উদ্যোগের ফলে ঈশ্বরদীর গ্রামগঞ্জ থেকেও মেধাবী খেলোয়াড়রা উঠে আসবে। ভবিষ্যতে তাঁদের মধ্য থেকেই দেশ ও বিদেশের সেরা মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাবাডিতে নৌবাহিনী ও পুলিশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে বাংলাদেশ নৌ-বাহিনী আর নারী বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। আজ (মঙ্গলবার) হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌ-বাহিনী হারিয়েছে বিমান বাহিনীকে, আর পুলিশ আনসারের বিপক্ষে জয় পেয়েছে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে বিমান বাহিনীকে হারিয়েছে নৌ বাহিনী। তুহিন তরফদাররা ফাইনাল জিতেছে ৩৮-৩৬ পয়েন্টে। ম্যাচের শুরুতে বিমান বাহিনী কিছুটা এগিয়ে থাকলেও আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় নৌবাহিনী। ম্যাচে লিড বাড়িয়ে প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করতে থাকে তারা। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচ থেকে ছিটকে পড়েন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীপায়ন। টানা তিন খেলায় তিনি ম্যাচ সেরা হয়েছিলেন।

বিরতি থেকে ফিরে ম্যাচ জমিয়ে তোলে বিমান বাহিনী। পয়েন্টের ব্যবধান কমিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে তারা। এক সময় দুই দলের পয়েন্ট দাঁড়ায় সমান ৩৪। তবে শেষ দিকে আর কুলিয়ে উঠতে পারেনি বিমান বাহিনী। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বিজয়ের উল্লাসে মাতে নৌ-বাহিনীর খেলোয়াড়রা। ম্যাচে দুই দলই দুইটি করে লোনা পেয়েছে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নৌ-বাহিনীর তুহিন তরফদার। টুর্নামেন্টের সেরা রেইডার বিমান বাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার নৌ-বাহিনীর নাসির উদ্দিন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমান বাহিনীর দীপায়ন।

নারী বিভাগের ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শিরোপার লড়াইয়ে পুলিশ ২৬-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে। এই ম্যাচেও জমজমাট লড়াই হয়েছে। প্রথমার্ধে সমান তালে লড়েছে দুই দল। কেউ কাউকে ছাড় দেয়নি বিন্দুমাত্র। পুলিশ ও আনসারের পয়েন্ট ছিল সমান ১০। দ্বিতীয়ার্ধেও ম্যাচের আকর্ষণের কোন কমতি ছিল না। তবে একটা সময় পুলিশ ব্যবধান কিছুটা বাড়িয়ে সুবিধাজনক অবস্থায় চলে যায়। এরপর আনসার আর ম্যাচে ফিরতে পারেনি।

ম্যাচের সেরা খেলোয়াড় পুলিশের ইসরাত জাহান। টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের নবর্শি চাকমা। সেরা ক্যাচার আনসারের স্মৃতি খাতুন। আর সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের শ্রাবণী মল্লিক।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব. পুলিশ বাহারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান খান, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।

নতুন বাংলাদেশে নতুন বিপিএলের আশা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের এবারের আসরের ব্যাট-বলের লড়াই শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিপিএলের এবারের আসরের অনেক কিছুতেই থাকছে জুলাই বিপ্লবের ছাপ। আজকের অনুষ্ঠানেও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। নতুন বাংলাদেশের মতোই বিপিএলেও নতুনত্ব আসবে এমনটাই আশা ক্রীড়া উপদেষ্টার।

আসিফ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

একই অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।'

মেসির মতে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার যিনি

নিজস্ব প্রতিবেদক: ক্লাব ক্যারিয়ারের লম্বা সময় বার্সেলোনায় খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইউরোপের ছায়া মাড়িয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ঠিকানা বানিয়েছেন। ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে থাকলেও এখনও তাকেই অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঠ মাতাতে শুরু করেছে নতুন প্রজন্ম। তাদের মধ্যে থেকে সেরা ফুটবলার বেছে নিয়েছেন মেসি।

মেসির মতো স্প্যানিশ বিষ্ময়বালক লামিনে ইয়ামালও লা মাসিয়া একাডেমির গ্র্যাজুয়েট হিসেবে বার্সেলোনার মূল দলে যোগ দেন। কাতালানদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে তিনি ফুটবলাঙ্গনে সাড়া ফেলে দিয়েছেন। ক্লাবটিতে মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেও ভাবা হচ্ছে ইয়ামালকে। আলবিসেলেস্তে তারকাও বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে এই তরুণের নামই উল্লেখ করেছেন।

সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির বর্তমান বয়স ৩৭ বছর। ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলারও সম্ভাবনা রয়েছে তার। যদিও ২০২২ বিশ্বকাপ জিতে তিনি ক্যারিয়ারে সকল প্রাপ্তির পূর্ণতা দিয়েছেন। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন একই অবস্থানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বয়স দাঁড়াবে ৪০–এ। তবে এখনও বয়সকে থোড়াই কেয়ার করা এই পর্তুগিজ সুপারস্টার সমানতালে গোল ও অ্যাসিস্টে অবদান রেখে চলেছেন। দীর্ঘ সময় মেসি-রোনালদোর মাঝে কে সেরা সেই বিতর্ক চলেছে। তারা দুজনই ফর্মের বিচারে বারবার উসকে দিয়েছেন সেই বিতর্ক।

মেসি–রোনালদো অধ্যায় প্রায় শেষের পথে। ফলে ফুটবলবিশ্ব নতুন মহাতারকা হিসেবে নতুন কাউকে চায়। পারফরম্যান্স দিয়ে সেই দৌড়ে অনেকেই আছেন। তেমনই এক প্রশ্ন উঠেছিল মেসির সামনে। ফুটবল সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে গোক ওয়েইও’র প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম আছে, যাদের সামনে পড়ে রয়েছে লম্বা সময়। যদি আমি কাউকে বেছে নিতে চাই, বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় একজনের নামই আমি শুনে আসছি, লামিনে ইয়ামাল। তার ব্যাপারে আমারও কোনো দ্বিধা নেই।’

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘এটা (বিশ্বসেরা ফুটবলার হওয়া) তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সে–ই (ফুটবলের) বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে।’ একইভাবে বার্সেলোনার প্রতিও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মেসি, ‘আমি বার্সাকে লা লিগা, কোপা দেল রে, এমনকি চ্যাম্পিয়নস লিগও আবার জিততে দেখতে চাই। যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না, তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে।’

প্রসঙ্গত, লামিনে ইয়ামাল ইতোমধ্যে বেশ কয়েকটি ইতিহাসে তার নাম তুলেছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার ইতিহাস গড়েন। ২০২৪ সালে মর্যাদাপূর্ণ ‘গোল্ডন বয়’ পুরস্কারও জিতেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।


এক ম্যাচ পর ফের বার্সেলোনার হোঁচট

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থেকে শীর্ষস্থান নড়বড়ে করার পর মায়োর্কার বিপক্ষে বড় জয় পেয়েছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচেই রিয়াল বেতিসের মাঠে গিয়ে পয়েন্ট খুইয়েছে কাতালান জায়ান্টরা।

শনিবার বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে লা লিগায় নিজেদের ১৭তম ম্যাচটি রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।

প্রথমার্ধে ৩৯তম মিনিটে লেভানডোভস্কির গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লিড হারায় বার্সেলোনা। ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে স্বাগতিকদের সমতায় ফেরান জিওভানি লো সেলসো। এরপর ম্যাচের ৮২তম মিনিটে ফেররান তোরেসের গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও অতিরিক্ত যোগ করা সময়ে ফের ম্যাচে সমতা টানেন বেতিসের বদলি নামা ফরোয়ার্ড আসানে দিয়াও।

এদিন ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে বার্সার রক্ষণে কাঁপুনি ধরিয়ে দেয় বেতিস। এর মধ্যে ম্যাচের প্রথম দুই মিনিটেই গোল করার দুটি দারুণ সুযোগ তৈরি করে তারা। তবে বার্সার রক্ষণভাগ ও গোলরক্ষকের কল্যাণে শুরুতেই পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় সফরকারীরা।

শুরু ধাক্কা সামলে দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে ছন্দে ফেরে বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ৩৯তম মিনিটে গোলের খাতাও খোলে তারা।
ডান দিকে দিয়ে আক্রমণে উঠে লামিন, পেদ্রির পা ঘুরে বল আসে এগোতে থাকা জুল কুন্দের কাছে। তিনি খানিকটা এগিয়ে গিয়ে গোলমুখে সতীর্থের উদ্দেশে ক্রস দেন, আলতো টোকায় তার নিচু ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন রবের্ট লেভানডোভস্কি।

এর ফলে লা লিগায় ১৬ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১৬টি। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৩ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। শুধু তা-ই নয়, ২০১৮/১৯ মৌসুমে লিওনেল মেসির পর লা লিগায় এই প্রথম কোনো খেলোয়াড় মৌসুমের প্রথম ১৬ ম্যাচে ১৬ বা তার বেশি গোল করলেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে যৌথভাবে গোল করেছেন ১৬টি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দ হারায় বার্সেলোনা। আর সুযোগ কাজে লাগিয়ে গোল আদায়ের চেষ্টা করে বেতিস। এরই ধারাবাহিকতায় প্রথম ৮ মিনিটে তিনটি গোলের পরিষ্কার সুযোগ তৈরি করে পেলেগ্রিনির শিষ্যরা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতা ও ইনিয়াকি পেনিয়ার নৈপুণ্যে জাল অক্ষত থাকে বার্সার।

তবে আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ৬৫তম মিনিটে পেনাল্টি আদায় করেন বার্সা থেকে এ মৌসুমে বেতিসে ধারে খেলা ভিতর রকে। তা থেকে গোল আদায় করে বেতিসকে সমতায় ফেরান ভিওভানি লো সেলসো।

এ সময় শুরুতে পেনাল্টি না দিলেও রিভিউ দেখে সিদ্ধান্ত পরিবর্তন করায় রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্সা বস হান্সি ফ্লিককে।
ম্যাচের ৮২তম মিনিটে লামিনের একক নৈপুণ্য প্রদর্শনের পর দ্বিতীয় গোল পেয়ে ফের এগিয়ে যায় বার্সেলোনা।

বাঁ পাশ দিয়ে ড্রিবল করতে করতে বক্সের সামনে থেকে গোলমুখে অসাধারণ একটি থ্রু বল বাড়ান ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, এগিয়ে গিয়ে তা থেকে গোল আদায় করেন লেভানডোভস্কির বদলি নামা ফেররান।

এর ফলে চোট থেকে ফিরে পরপর দুই ম্যাচে দুই গোল করলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আর লা লিগায় লামিন ইয়ামালের অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হলো ৯টি, যা ভিনি-এমবাপ্পে-বেলিংহ্যামের মোট অ্যাসিস্টের সমান।

এরপর অতিরিক্ত যোগ করা ৮ মিনিটের চতুর্থ মিনিটে দিয়াওর গোলে আবারও সমতায় ফেরে বেতিস।

ডান পাশ থেকে আইতর রুইবালের অসাধারণ একটি পাসে দারুণ এক ছোঁয়ায় পেনিয়াকে বোকা বানিয়ে বল ঠিকানায় পাঠিয়ে দেন দিয়াও। বদলি হিসেবে মাঠে নামার পর প্রথম ছোঁয়াতেই গোল পেয়ে যান এই স্ট্রাইকার।

এর ফলে বিলবাওয়ের বিপক্ষে হেরে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ দিলেও তা ভালোভাবে কাজে লাগাতে ব্যর্থ হলো বার্সেলোনা। ১৭ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে দলটি।

১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রাতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নিয়ে আসার সুযোগ এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। পরের ম্যাচটি জিতলে বার্সাকে টপকে টেবিলের শীর্ষে ওঠার সুযোগও থাকবে তাদের সামনে।

এছাড়া বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। পরের দুই ম্যাচে সেভিয়া ও গেতাফেকে হারিয়ে বার্সাকে ছোঁয়ার সুযোগ আছে দিয়েগো সিমিওনের শিষ্যদের সামনেও। এরপর আগামী ২১ ডিসেম্বর সরাসরি সাক্ষাতে তাদের হারিয়ে টপকে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে আতলেতিকোর জন্য।

আজ রাত ২টায় জিরোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এছাড়া আগামীকাল রাত ২টায় সেভিয়াকে আতিথ্য দেবে আতলেতিকো।

মাঠে নামার আগে রিয়াল শিবিরে ফের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: চোট সমস্যা যেন শেষ হয়েও হচ্ছে না রিয়াল মাদ্রিদের। এই তো গতকালই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও ডেভিড আলাবার সেরে ওঠার খবর দিয়েছিল ক্লাবটি। এরপরই দুঃসংবাদ দিয়েছে তারা, জিরোনা ম্যাচ থেকে ছিটকে গেছেন রদ্রিগো।

শনিবার রাতে লা লিগায় জিরোনার মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এ উপলক্ষে বর্তমানে জিরোনায় অবস্থান করছে রিয়াল মাদ্রিদ দল। তবে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছেন রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় বাঁ পায়ের উরুর পেশীতে ব্যাথা পেয়েছেন রদ্রিগো। তাই সতর্কতার অংশ হিসেবে জিরোনার বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী এই ব্রাজিলীয় উইঙ্গার। শারীরিক পরীক্ষার পর বোঝা যাবে, পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা।

দলের মূল খেলোয়াড়রা একের পর এক চোটে পড়ায় এমনিতেই খেলোয়াড় সংকটে ভুগছে রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় ক্লাবের যুব দল থেকে ফুটবলার নিয়ে জিরোনায় গিয়েছে তারা।

এ বিষয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, গতকাল (শুক্রবার) কাস্তিয়ার (যুব দল) হয়ে খেলার কারণে জিরোনা ম্যাচে গনসালো ও চেমাকে রাখা হয়নি। তাদের পরিবর্তে দলের সঙ্গে গিয়েছে দানি ইয়ানিয়েস।

কাদিসে জন্ম নেওয়া ইয়ানিয়েস ইতোমধ্যে নিজের প্রতিভার সাক্ষর রেখেছে। অনূর্ধ্ব-১৯ যুব লিগে পাঁচ ম্যাচে ইতোমধ্যে চার গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ম্যাচেও দলের সঙ্গে ছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, তবে সেদিন তার আর মাঠে নামার সুযোগ হয়নি। তবে কার্লো আনচেলত্তি যদি আজ তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন, তবে আজ রাতেই রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে লা লিগায় অভিষেক হয়ে যেতে পারে এই স্প্যানিশ তরুণের।

বাংলাদেশ সময় রাত ২টায় জিরোনার মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চমক দেখানো জিরোনার অবস্থা এ মৌসুমে তথৈবচ। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা।

অপরদিকে, আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরে কাতালুনিয়ায় গিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচটি জিতলে তাই পয়েন্ট ব্যবধান ১-এ নিয়ে আসতে পারবে তারা।

অবশ্য কিছুক্ষণ পরই রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি জিতে রিয়ালের ম্যাচ শুরুর আগেই পয়েন্ট ব্যবধান ৭ বানিয়ে ফেলার সুযোগ থাকবে তাদের সামনেও।
রিয়াল মাদ্রিদের পরিবর্তিত স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রিই লুনিন, সের্হিও মেস্ত্রে।

ডিফেন্ডার: লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, ফ্রান গার্সিয়া, আন্টনিও রুয়েডিগার, ফেরলঁ মঁদি, রাউল আসেনসিও।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে, লুকা মদ্রিচ, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস।

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, এন্দ্রিক ফেলিপে, ব্রাহিম দিয়াস, দানি ইয়ানিয়েস।

‘মিস পেনাল্টি’ খেতাব পেয়ে এমবাপ্পে বললেন, দেখিয়ে দেওয়ার সময় হয়েছে, আমি কে

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী সান মামেসে ম্যাচ শুরুর পর থেকেই নিজেদের জাত চেনাতে থাকে আথলেতিক বিলবাওয়ের ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে কোণঠাসা করে গোল আদায়ের চেষ্টা শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় প্রথম গোলটিও পায় বিলবাও।


ওই গোলের ১৫ মিনিট পরই বিলবাও গোলরক্ষকের ভূলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে দুর্বল স্পটকিকের কারণে হুলেন আগিরেসাবালাকে বোকা বানাতে ব্যর্থ হন এমবাপ্পে। অবশ্য তার মিনিট দশেক পর বেলিংহ্যামের গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরলেও ম্যাচটি ২-১ গোলে হেরে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয়েছে লস ব্লাঙ্কোসদের।

ম্যাচ হেরে, বিশেষ করে পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পিএসজির পাঠ চুকিয়ে চলতি মৌসুমে রিয়াল শিবিরে যোগ দেওয়া এমবাপ্পে।

আর হবেন নাই বা কেন! এ নিয়ে পরপর দুই ম্যাচে দুটি পেনাল্টি নিয়ে ব্যর্থ তিনি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচেও পেনাল্টি মিস করেন এমবাপ্পে। মাঝে লা লিগায় গেতাফের বিপক্ষে জয়ের রাতে আরও একটি পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ, তবে সেটি নিজে না নিয়ে জুড বেলিংহ্যামকে দেন ২৫ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। তা থেকে দলকে গোলও এনে দেন বেলিংহ্যাম। তবে পরের ম্যাচেই পেনাল্টি পেয়ে নিজে শট নিয়ে ব্যর্থ এমবাপ্পে।

এর ফলে ক্যারিয়ারে এই প্রথম তিনি এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করলেন। আর পিএসজি ও রিয়াল মিলিয়ে এ বছর তার পেনাল্টি মিসের সংখ্যা মোট চারটি। এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার ক্যারিয়ারে এই প্রথম।

টানা দুই ম্যাচে পেনাল্টি মিস করায় ট্রল ফুটবল নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি মিম শেয়ার করা হয়েছে, যেখানে একজন মিস ইউনিভার্সের শরীরের ওপর এমবাপ্পের মাথা লাগিয়ে ছবির ক্যাপশনে লেখা হয়েছে— আমাদের নতুন ‘মিস পেনাল্টি’।

তবে এমন কঠিন সময়েও ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বাজে ফল। যে ম্যাচে ছোটখাট বিষয়গুলোও গুরুত্বপূর্ণ, সেখানে এটি বড় ধরনের ভুল। এর পুরোটা দায় আমি নিচ্ছি। কঠিন মুহূর্ত, তবে পরিস্থিতি বদলে দেওয়ার এবং আমি কে, তা দেখিয়ে দেওয়ার এখনই সেরা সময়।’

তবে শিষ্যের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রত্যাশা পূরণ করতে না পারলেও এখনই তাকে কাঠগড়ায় তুলতে চান না এই ইতালিয়ান।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার এখনও কথা হয়নি। তবে পেনাল্টি দিয়ে আমি একজন খেলোয়াড়কে মূল্যায়ন করতে পারি না। নিশ্চিতভাবেই সে হতাশ ও ভারাক্রান্ত। তবে আমাদের নিজেদের কাজ চালিয়ে যেতে হবে।’

‘জানি, সে তার সেরা ফর্মে নেই। কিন্তু (দলে) মানিয়ে নিতে তাকে আমাদের সময় দিতে হবে। এরইমধ্যে সে (মাদ্রিদের জার্সিতে) ১০ গোল করেছে। আরও ভালো করার সামর্থ্য সে রাখে এবং তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন