নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পৈতৃক জমি দখল এবং আড়াই লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পাবনা আদালতে চাঁদাবাজির মামলা ও ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের বকুলের মোড় এলাকায় ভুক্তভোগী আসমাউল হুসনার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তাঁদের ওপর হওয়া হয়রানি ও হুমকির বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
আসমাউল হুসনা জানান, উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (কলাপাড়া) গ্রামে তাঁর বাবার রেখে যাওয়া তিন শতক জমি উত্তরাধিকার সূত্রে তিন বোন ও তাঁদের মা পান। তাঁরা জমির নামজারি (খারিজ) করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছিলেন। সম্প্রতি আর্থিক প্রয়োজনে সব ওয়ারিশের সম্মতিতে জমিটি তাঁরা গ্রামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন।
অভিযোগ করা হয়, গত বছরের ১৯ অক্টোবর ক্রেতাকে জমিটি বুঝিয়ে দেওয়ার জন্য আমিন দিয়ে মাপজোখ শুরু করা হয়। এ সময় গ্রামের অভিযুক্ত হান্নান, বুলবুল, মনি ও তুহিনসহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায় এবং ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা জমিটি নিজেদের দখলে নিতে চায়।
ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, এ ঘটনায় আদালতে মামলা করা হলে অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে উল্টো তাঁদের হুমকি দিচ্ছে। গত ১০ জানুয়ারি সন্ধ্যায় বাঘইল সাঁকো এলাকায় আসমাউল হুসনা ও মামলার সাক্ষী এ কে এম শামসুদ্দিন সুজনকে গালিগালাজ করে মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আসমাউল হুসনা বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের জানমালের নিরাপত্তা দেওয়া হোক এবং এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার করা হোক।

