নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আজ বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু করে বাজারের প্রতিটি দোকানে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন তিনি।
গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পাবনা জেলা বিএনপির এই আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখায়, তারা কখনো প্রকৃত জাতীয়তাবাদী দল করতে পারে না। অনেকে বিএনপির নাম ভাঙিয়ে গাড়ি-বাড়ি ও ব্যবসা-বাণিজ্য করেছেন, অথচ তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো মামলা নেই। অন্যদিকে, আমরা জেল খেটেছি এবং অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছি।
হাবিবুর রহমান হাবিব আরও বলেন, সবাইকে দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়ার অবদানের কথা ভুলে যাওয়া চলবে না। তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকে তার মায়ের সাথে একবেলা খাবার খাওয়ার সুযোগ পর্যন্ত পাননি। যারা এই কঠিন সময়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন, সংগঠন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং প্রত্যেককে বহিষ্কার করা হবে।
প্রচারণায় হাবিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ এবং ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন আজমল হোসেন সুজন, আতিয়ার রহমান, হাক্কে মন্ডল, শরিফুল ইসলাম তুহিন, রোকেয়া হাসেম ও রেজাউল করিম শাহীনসহ উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণায় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।



