শীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে টানা ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, সাধারণত তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে বোরোসহ প্রায় সব ধরনের ফসলের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। চলতি পৌষ মাসের শুরু থেকেই এই এলাকায় তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

গত ৭ জানুয়ারি, বুধবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ পৌষের শুরুতে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার প্রভাবে বোরো ধানের কচি চারাগুলো তাদের সতেজ সবুজ রং হারিয়ে ধীরে ধীরে কুঁকড়ে হলুদাভ হয়ে যাচ্ছে।

কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে ঈশ্বরদীতে ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে এখন পর্যন্ত মাত্র ১৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা সম্ভব হয়েছে। বাকি জমিতে এখনো চারা দেওয়া যায়নি। যেটুকু বীজতলা তৈরি হয়েছে, তার বড় অংশই শৈত্যপ্রবাহের কারণে নষ্ট হওয়ার ঝুঁকিতে আছে। এই অবস্থা আরও এক সপ্তাহ চলতে থাকলে চারাগুলো আর রোপণের উপযোগী থাকবে না।

কৃষকরা জানিয়েছেন, বাড়তি যত্ন নেওয়ার পরও চারাগুলোকে হলদে হওয়া থেকে রক্ষা করা যাচ্ছে না। কৃষি বিভাগ থেকে বীজতলা ঢেকে রাখা, প্রতিদিন সকালে চারা থেকে কুয়াশা ঝেড়ে ফেলা, নিয়মিত সেচ দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৫ দিন ধরে এই এলাকায় টানা তীব্র শীত ও ঘন কুয়াশা চলছে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে নেমে ৭ দশমিক ৩ ডিগ্রিতে ঠেকেছে। বর্তমানে এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

উমিরপুর গ্রামের কৃষক আদম আলী বলেন, ‘চারা রোপণের উপযোগী হওয়ার আগেই হলুদ হয়ে যাচ্ছে। কুয়াশার প্রভাব কোনোভাবেই কমানো যাচ্ছে না।’

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে নামলে বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রার ৪৫ হেক্টরের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৮ হেক্টরে বোরো চারা তৈরি হয়েছে। বীজতলা রক্ষার জন্য কৃষকদের নিয়মিত সেচ দেওয়া, কুয়াশা ঝেড়ে ফেলা, সালফারজাতীয় ছত্রাকনাশক ব্যবহার এবং রাতে সাদা পলিথিন দিয়ে চারা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

পৌষের প্রথম দিনে তাপমাত্রা নামল ৯.৪ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক: পৌষকে বলা হয় শীতের মাস। যদিও এখন আর ছয় ঋতুর খুব একটা দেখা মেলে না। তবুও এই পৌষে ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের হাসি প্রকৃতির নিয়মিত ছবি হয়ে থাকে। এই পৌষের প্রথম দিনে মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। 

এদিন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবাহাওয়া অধিদপ্তরের মতে দেশের ওই অঞ্চল দিয়ে মৃদু শৈত্য প্রবাহ (৮-১০ ডিগ্রি সে. মধ্যে) বইছে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ভোর ৬টায়দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফে ৩০.৬ ডিগ্রি সে.।

এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ও কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

কাঁচা রস বিক্রি বন্ধের অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক: খেজুরের রসে মারাত্মক প্রাণঘাতী নিপাহ ভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় খেজুরের রস বিক্রেতাদের কাঁচা রস বিক্রি বন্ধের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জরুরি এক স্বাস্থ্য বার্তায় অধিদপ্তর জানায়, নিপাহ ভাইরাসে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশেরও বেশি। ২০২২-২৩ সালে দেশে এই রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম) ডা. শ. ম. গোলাম কায়ছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে যে কেউ।

স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। তাই খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট গাছিকে এবং জনসাধারনগণকে প্রাণিবাহিত সংক্রামক ব্যাধি রোগ নিপাহ ভাইরাস সম্পর্কে অবহিত করা হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিপাহ রোগের প্রধান লক্ষণ সমূহ- ১. জ্বরসহ মাথা ব্যাথা ২. খিচুনি ৩. প্রলাপ বকা ৪. অজ্ঞান হওয়া ৫. কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়- খেজুরের কাঁচা রস খাবেন না।  কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না ।ফল-মূল পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন । নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতি দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন।আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন

প্রসঙ্গত, নিপাহ ভাইরাসে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশেরও বেশি। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। অধিদপ্তর জানায়, প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না।

যেসব কারণে শীতে ওজন বাড়ে

নিজস্ব প্রতিবেদক: শীতের শুরুতেই এই বিষয়টি সাবধান না করলে পরে বিপদে পড়তে পারেন যে কেউ। শীতকালে ওজন বাড়ার প্রবল সম্ভাবনা থাকে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। গবেষণায় দেখা গেছে, শীতকালে প্রতিটি মানুষের গড়ে প্রায় দেড় কেজি পর্যন্ত ওজন বাড়ে। ফলে শুরুতেই এ নিয়ে সাবধান হতে হবে। এর পাশাপাশি শীতকালে মেদ ঝরানো ও ওজন কমানো যেন একটা বোঝা হয়ে দাঁড়ায়। জেনে নিন কেন শীতকালে বাড়তে পারে ওজন।

শীতকালে লেপ বা কম্বলের তলায় বই পড়ে অনেকেই সময় কাটাতে ভালোবাসি। অনেকে ঠান্ডার কারণে হাঁটা ও জগিং ছেড়ে দেন। এতে খাবার খাওয়ার মাধ্যমে শরীরে যে ক্যালোরি যোগ হয় তা ক্ষয় হয় না। ফলে তা ফ্যাট আকারে শরীরে জমা হতে থাকে। সবচেয়ে ভালো হয় আপনি একজন ওয়ার্কআউট পার্টনার খুঁজে বের করুন। এতে হাঁটা বা জগিংয়ের প্রতি আগ্রহ বাড়বে। ফলে ওজন কমবে।
দিন ছোট-রাত বড়

গরমকালে দিন বড় হয়। বেশিক্ষণ সূর্যের আলো থাকায় আমরা বেশি সময় সক্রিয় থাকি। শীতকালে দিন ছোট হয়। ফলে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে লেপের তলায় ঢুকে পড়ি। ফলে শীতে পরিশ্রম কম হয়।

গরমকালে আমরা টাটকা সবজি ও তাজা ফল অনেক বেশি খাই। শীতকালে আমাদের গরম খাবার খেতে বেশি ইচ্ছা করে। হট চকোলেট, হট পিৎজা ও বারবার চা-কফি আমাদের ভালো লাগে। সঙ্গে তেল-মশলাদার খাবারের প্রতিও ঝোঁক বাড়ে। ফলে শীতকালে ওজন কমানো কিছুটা কঠিন হয়ে ওঠে।

শীতকালে হাইড্রেট থাকাই অনেক বড় চ্যালেঞ্জ। এই সময় শরীর সুস্থ রাখতে দিনে ২ থেকে ৩ লিটার জল পান করুন। কারণ জলের অভাবে ডিহাইড্রেশন দেখা দেয়। আর ডিহাইড্রেশনের ফলে শরীর দুর্বল অনুভব হয় ও খিদে বাড়ে। যার প্রভাব পড়ে ওজনে।

সূর্যের আলোর অভাবে বেশিরভাগ মানুষ সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে ভোগেন। এর ফলে মানুষ অনেক বেশি সময় মন ভালো রাখতে খাবার খান। গরমকালে আমাদের মুড ভালো থাকে। যা মস্তিষ্কে হ্যাপি সিরোটোনিন বা হ্যাপি হরমোন ক্ষরণে সাহায্য করে। যা ওজন কমাতে সাহায্য করে। শীতে আবহাওয়ার কারণে মুড অফ থাকায় সিরোটোনিনের ক্ষরণ কমে। আমরাও মুড ভালো করতে বেশি খাই। ফলে ওজন বাড়ে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন