নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের শেরশাহ রোড কোবা মসজিদ এলাকায় এই সভার আয়োজন করা হয়। এটি আয়োজন করে ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াত।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা–৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ঈশ্বরদী ও আটঘরিয়াকে পরিকল্পিত, সুশাসিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি ও দলীয় লুটপাটমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা গেলে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার সমন্বয়ে উন্নয়নই জামায়াতের রাজনীতির মূল দর্শন। জনগণের আমানতকে আমরা আমানত হিসেবেই রক্ষা করব। ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. বাকিবিল্লাহ খান।
ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক নান্টু সভার সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন, পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
নির্বাচনী সভায় পৌর ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী এবং স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

