নিজস্ব প্রতিবেদন: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তি করার অভিযোগে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। প্রতিবাদ জানাতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আমির হামজার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করেন।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে নেতা-কর্মীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
তিনি বলেন, একজন ধর্মীয় বক্তার মুখ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি পরিবারের নয়, বরং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।
জাকারিয়া পিন্টু আরও বলেন, বিএনপি স্বাধীনতার ঘোষক। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক। জামায়াত নেতা আমির হামজা যেভাবে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন, তার প্রতিবাদে জনগণ ঘৃণা প্রকাশ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মনে করেন একাত্তরের প্রতিশোধ নেবেন, তবে ভুল করবেন; জামায়াত ইসলামী স্বাধীনতার বিপক্ষের শক্তি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি এবং শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

