নিজস্ব প্রতিবেদক: স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপপুর হাই স্কুল মাঠে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এই ক্যাম্পের আয়োজন করে। এতে এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান।
দিনব্যাপী এই ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ (কনসালটেন্সি), ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ব্লাড গ্রুপ নির্ণয়সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপপরিচালক ড. খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর প্রকল্পে কর্মরতদের জন্য ইতোমধ্যে আধুনিক মানের মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে কর্মীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছেন। এখন স্থানীয় মানুষের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই এলাকার মানুষ যেন নূ্যনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণের এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


