নিজস্ব প্রতিবেদন: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে ব্যাপক প্রচার শুরু করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান। ২৫ জানুয়ারি থেকে তিনি ঈশ্বরদী উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি নির্বাচনী উঠান বৈঠক করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর 'মোটরসাইকেল' প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ে নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে ধারাবাহিক এই মতবিনিময় করছেন মেহেদী হাসান। এসব বৈঠকে পিন্টুর অনুসারী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
উঠান বৈঠকগুলোতে মেহেদী হাসান ভোটারদের উদ্দেশে বলেন, বিএনপির প্রকৃত ও তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে এমন একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, যাঁর সঙ্গে সাধারণ কর্মীদের কোনো যোগাযোগ নেই। মূলত তৃণমূলের অস্তিত্ব রক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যেই জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন।
একটি বৈঠকে তিনি আরও বলেন, মোটরসাইকেল প্রতীককে ঘিরে বর্তমানে যে গণজোয়ার তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীকের চেয়েও বেশি ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক বিপুল ব্যবধানে বিজয়ী হবে।
মোটরসাইকেলের বিজয়কে 'তৃণমূল বিএনপির বিজয়' হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের দলমত নির্বিশেষে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।




















