ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, অনীক মূলত রাজধানীর খিলগাঁও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তবে ঈশ্বরদীতেও থাকতেন।

নিহত অনীকের চাচা শাহিনুর রহমান মাস্টার বলেন, ঢাকা থেকে ফিরে আসার পর কিছুদিন ধরে অনীক একাই দিয়াড় সাহাপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঢাকা থেকে ফেরার পর তিনি স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সঙ্গে মেলামেশা করতেন। কিন্তু রোববার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে ভাড়া বাসার আড়ার সঙ্গে ঝুলন্ত থাকার খবর পেয়ে সেখানে গেলে মরদেহ উদ্ধার করেন। তিনি মৃত্যুকে রহস্যজনক হিসেবে বর্ণনা করেছেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন জানান, আলামত দেখে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহত অনীকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন