নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আহাম্মদ আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলী পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে। জীবিকার তাগিদে সে বিভিন্ন ট্রেনে ভ্রাম্যমাণ বিক্রেতা হিসেবে পপকর্ন বিক্রি করত।
স্থানীয় সূত্র জানায়, অভাব-অনটনের কারণে আহাম্মদ আলীর লেখাপড়া বেশিদূর এগোয়নি। পরিবারের দায়িত্ব কাঁধে নিতে অল্প বয়সেই সে ভ্রাম্যমাণ বিক্রেতার কাজ শুরু করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে। পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।












.jpg)


.jpg)
.jpg)
.jpg)

.jpg)

.jpg)

