নাটোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাটোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লালপুরে বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসাসেবা


নিজস্ব প্রতিবেদন: নাটোরের লালপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী এই কার্যক্রমে মোট ৩০৬ জন রোগীকে চোখ পরীক্ষার পর চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ২৪৮ জনকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র এবং ১২১ জনকে চশমা দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষায় ৩৭ জন ছানি রোগীসহ অন্যান্য চক্ষু সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের বগুড়ার গাক চক্ষু হাসপাতালের মাধ্যমে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. গাওছুল আজম, সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এবং নিউ এরা ফাউন্ডেশনের সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো. শমসের আলীসহ সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অর্থাভাবে অনিশ্চিত ছিল মেডিকেল পড়া, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মেধার জোর থাকলেও অর্থাভাবে চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞান পড়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছিল মোছা. ফাতেমা খানমের। তবে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের এই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং প্রধানমন্ত্রী। তাঁদের সহযোগিতায় ফাতেমার উচ্চশিক্ষার দুয়ার খুলল।

পারিবারিক সূত্রে জানা গেছে, চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুসংবাদ পাওয়ার পর ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য না থাকায় চরম হতাশায় পড়ে ফাতেমার পরিবার। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে ফাতেমাকে ১ লাখ ৫০ হাজার টাকা দেন। পাশাপাশি তাঁর পড়াশোনা নিরবচ্ছিন্ন করতে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠান তিনি। এর ভিত্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

২৭ আগস্ট, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিজ হাতে ফাতেমার কাছে অনুদানের অর্থ তুলে দেন। এতে অর্থের সংকট কাটিয়ে চিকিৎসাবিজ্ঞান পড়ার পথ সুগম হলো তাঁর।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এলাকার কোনো মেধা যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সেটিই লক্ষ্য। ফাতেমা অত্যন্ত মেধাবী, তাঁর পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও তাঁর পড়াশোনায় সহযোগিতা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রীর দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণেই এমন উদ্যোগ সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানম ও তাঁর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ রুশ নাগরিক আহত, প্রাণ গেল একজনের

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।

 মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ইমন (২২)। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ নাগরিকদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটিই দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকসহকারী ইমন।

আহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে ঈশ্বরদীর গ্রিন সিটি  এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে নিরাপত্তাজনিত কারণে আহত রুশ নাগরিকেরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলী বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, উপকরণ পেলেন কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক: কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় কৃষকদের মধ্যে রোপা আমন ধানের উন্নত বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা ও জৈব সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেওয়া হয়। এই উদ্যোগ চাষাবাদে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

শ্রদ্ধা ও স্মরণে নর্থ বেঙ্গল সুগার মিলে ৫ মে গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক:  নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে ‘৫ মে গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী মিলটি ঘেরাও করে তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে।

মঙ্গলবার সকালে মিল চত্বরে অবস্থিত ঐতিহাসিক ‘শহীদ সাগর’ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনের নির্মম হত্যাযজ্ঞ দেশের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর গণসমাধির নীরব সাক্ষী সেই পুকুরটির নাম রাখা হয় ‘শহীদ সাগর’। এ ছাড়া শহীদ তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমের নামানুসারে গোপালপুর রেলস্টেশনের নামকরণ করা হয় ‘আজিমনগর’।

বিভাগীয় কর্মকর্তা ও মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু। 

এ সময় শহীদ পরিবারের সদস্য ফরহাদ-উজ-জামান রুবেলসহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে বালুভর্তি একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ৬ জানুয়ারি শনিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার গলাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের বাড়ইপাড়ার বাসিন্দা ট্রাকচালক শাহীনুর আকাশ (২৮) এবং অচিন্তপুর গ্রামের ট্রাকচালকের সহকারী (হেলপার) জসিম উদ্দিন (২৬)।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দিনাজপুর থেকে একইসঙ্গে বালুভর্তি দুটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গলাকাটা এলাকায় ট্রাক দুটি পৌঁছালে পেছনে থাকা ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারলেন স্বামী


নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে পাঁচদিন পর মারা গেছেন গৃহবধূ রেবেকা সুলতানা (৩৯)। ২০ ডিসেম্বর বুধবার সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। 

এর আগে গত শুক্রবার রাতে দগ্ধ রেবেকাকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের ৯০ শতাংশ দগ্ধ রেবেকার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

এ ঘটনায় স্বামী মেহেদী হাসানসহ (৩৫) তিনজনের নামে মামলা দায়ের করেন রেবেকার মা লাবলী বেগম। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অন্য আসামিরা হলেন- দেবর তানজিল (৩০) ও শাশুড়ি মেহেরজান (৫৫)।

নিহত রেবেকা গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার নবির সরদারের মেয়ে। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী কান্দিপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বছরখানেক আগে মেহেদী হাসানের সঙ্গে রেবেকার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা ধরনের সমস্যা লেগেই ছিল সংসারে। সম্প্রতি যৌতুকের জন্য রেবেকাকে চাপ দিয়ে শারীরিক নির্যাতন শুরু করে মেহেদী। এ নিয়ে দুটি মামলাও করেন রেবেকা। তারপর থেকে মায়ের বাড়িতে থাকতে শুরু করেন রেবেকা। মামলাটি প্রত্যাহার করতে তাদের পরিবারকে ভয়ভীতি দেখায় স্বামী মেহেদী হাসান।

রেবেকার মা লাবলী বেগম বলেন, গত শুক্রবার দুই বছর বয়সী সন্তানকে হত্যার হুমকি দিয়ে মেহেদী হাসান তাদের বাড়িতে ডেকে নেয় রেবেকাকে। সেখানে যাওয়া মাত্রই স্বামী মেহেদী, দেবর তানজিল ও শাশুড়ি মেহেরজান তার হাত-পা বেঁধে ফেলেন। এরপর মেহেদী প্রথমে সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেন। চাকু দিয়ে হাত পায়ের বিভিন্ন অংশ কেটে দেন। একপর্যায়ে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন ঢাকা পোস্টকে বলেন, মরদেহ নাটোরে এসে এখনও পৌঁছায়নি। এ ঘটনায় ১৮ তারিখে স্বামীসহ তিনজনের নামে মামলা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এতে জিএম ট্রাভেলসের তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।

২৭ নভেম্বর সোমবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জিএম ট্রাভেলসের বাস পার্কিং করে রাখা হয়। ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের দৃষ্টিতে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি বাস পুড়ে যায়।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে। দ্রুত সময়ের ভেতর তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন