ঈশ্বরদীতে বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পৌর বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আক্তার। দ্রুত তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আক্তারুজ্জামান আক্তার চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দলীয় সুত্রে জানা গেছে, আক্তারুজ্জামান আক্তার ২০১৯ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর হাইকোর্টে আপিলের রায়ে তিনি খালাস পান। পরে ১১ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শোক জানিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

আক্তারের ছেলে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এ. কে.এম. সাজেদুজ্জামান জিতু জানান, জানাজার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন