সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় মুক্তিযোদ্ধা চান্না মন্ডল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ওরফে চান্না মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

বুধবার রাতে পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ওসি এ.এস.এম. আব্দুন নূর বলেন, ‘আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্তে গোলাম মোস্তফার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।’

ঈশ্বরদীতে ৩৫০ কৃষক পেলেন আউশ ধানের বীজ ও সার

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রণোদনার অংশ হিসেবে ঈশ্বরদীতে ৩৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে।

সম্প্রতি উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রল্লদ কুমার কুণ্ডু, কৃষি কর্মকর্তা তানভীর স্বাক্ষর ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।

প্রতিটি কৃষক পাচ্ছেন ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

উপজেলার মোট সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকেরা এই সহায়তা পাচ্ছেন। এর মধ্যে মুলাডুলিতে ১০০ জন, দাশুড়িয়ায় ৫০, লক্ষ্মীকুণ্ডায় ৫০, পৌর এলাকায় ৫০, সলিমপুরে ৩০, পাকশীতে ৩০, সাড়ায় ৩০ ও সাহাপুর ইউনিয়নে ১০ জন কৃষক এই প্রণোদনার আওতায় এসেছেন।

কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, 'কৃষি উৎপাদন বাড়াতে এবং প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। আমরা চাই, কৃষকের মুখে হাসি ফোটাতে।'

'দানা'র প্রভাবে প্লাবিত হতে পারে উপকূলীয় জেলা

সংবাদ সাতদিন ডেস্ক: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ১৪টি জেলা প্লাবিত হতে পারে। এটি বৃহস্পতিবার মধ্যরাতে পুরী ও সাগর দ্বীপের মধ্য দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় এবং অতি প্রবল বায়ুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বাতাসসহ জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'দানা' উত্তর-উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৬ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সিস্টেম সেন্টারের কাছে সমুদ্র উত্তাল থাকবে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

চাল আমদানিতে শুল্ক কমল

চাল আমদানিতে শুল্ক কমল

নিজস্ব প্রতিবেদক: চাল আমদানির ওপর শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বাজারে চালের সরবরাহ বাড়ানো, দেশের আপামর জনগণের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও সহনীয় পর্যায়ে রাখতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

রবিবার (২০ অক্টোবর) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চালের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, বিদ্যমান রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চাল আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করার ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪ দশমিক ৪০ টাকা কমবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে, দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে।

ব্রহ্মপুত্রে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

ব্রহ্মপুত্রে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে গ্রাম-বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে নদীর পাড়ে দর্শনার্থীদের ঢল নেমেছে।

বালাসীঘাটে বালাসী যুব সমাজ এবং ফুলছড়ি নৌকা বাইচের আয়োজন করেন। নৌকা বাইচ দেখতে গাইবান্ধাসহ উত্তরজনপদের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ উপভোগ করেন। খেলা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা।

এই নৌকা বাইচে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, সাঘাটা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার দল অংশ নেয়। এছাড়া রংপুরের সোনারতরী, সাঘাটার মায়ের দোয়া, জামালপুরের শেরেবাংলা, ফুলছড়ির বালাসী তুফান, বকসীগঞ্জের গাজী সৈনিক, সরিয়াকান্দির যমুনা এক্সপ্রেসসহ ৭টি বাইচ দল অংশ নেয়। বাইচে রংপুরের সোনারতরী বাইচ দল বিজয়ী হয়। চ্যাম্পিয়ন হয় জামালপুরের বাইচ দল শেরেবাংলা।

ব্রহ্মপুত্রে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

শুক্রবার (১৮ অক্টোবর) বিয়য়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এরআগে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শফিউল করিম দোলন, সোলায়মান হোসেন শহিদ, ওহিদুল ইসলাম জয়, আশরাফুল ইসলাম বিদ্যুত, সাইদুর রহমান ডিপটি, মাসুদরানাসহ অন্যরা।

খুলনার আদালত থেকে পালানো আসামি ৪ ঘণ্টা পর বাগেরহাটে গ্রেপ্তার


স্টাফ রির্পোটার: খুলনার আদালত চত্বর থেকে পালানোর চার ঘণ্টারর মাথায় গ্রেপ্তার হয়েছেন চুরির মামলার আসামি হৃদয় সরদার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপাসিন্দুসহ ৪ এএসআই ও ২ কনেস্টবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায় হৃদয় সরদার।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ জেল হাজতে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১২টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশকে সর্তক করে নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় বিকালের  দিকে হৃদয়কে কাটাখালি চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, ২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় নামে এক আসামি জেল হাজতে ছিল। বৃহস্পতিবার সকাল ১২টায় আদালতে নিয়ে আসার সময় দৌড়ে পালিয়ে যায়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানে হত্যা, ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

৪ পুলিশ কর্মকর্তা

সংবাদ সাতদিন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদের সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

তারা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে কর্মরত ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের অভ্যুত্থানের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় এ পর্যন্ত ৩০ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।

২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে: আসিফ নজরুল

নতুন নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি

আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

সংবাদ সাতদিন ডেস্ক : ২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনপূর্ব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে।

উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, বাস্তবতার নিরীখে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব হবে। অনেকগুলো বিষয় আছে। এটা আমার প্রাথমিক অনুমান।’

বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের 'আজকের পত্রিকা' অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী নির্বাচনের সময় জানতে চাইলে আইন উপদেষ্টা এ কথা বলেন।

ড. আসিফ বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে।

এরপর নতুন নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়ন করবে এবং তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রত্যর্পণ ও ন্যায্যতার বিধান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি রয়েছে এবং ভারত চুক্তি মেনে চললে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।

তিনি বলেন, ‘ন্যায্যতার’ ভিত্তিতে কাজ করা হয়নি-ভারত যদি এমন কোনো ধারা নিয়ে কথা বলার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হবে।

আসিফ বলেন, তাদের অনেক আইনি ব্যবস্থা থাকবে। ‘ভারত যদি সততার সঙ্গে এর বিশ্লেষণ করে, তাহলে অবশ্যই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য।’

ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় কোনো দণ্ডিত ব্যক্তির বিচার শুরু হলে বাংলাদেশ অবশ্যই তার প্রত্যর্পণ চাইবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, 'আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, আদালত এক মাস সময় দিয়েছেন।’ উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে পরস্পরবিরোধী বিভিন্ন প্রতিবেদনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, তিনি সংক্ষিপ্ত নোটিশে ভারতে এসেছেন। আপাতত সেখানেই তিনি থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা কিছু রিপোর্ট দেখেছি। আমার মন্তব্য করার কিছু নেই। আমি আগেই বলেছিলাম নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে তিনি এখানে (ভারত) এসেছেন।’

মতিউর রহমান চৌধুরীর সঙ্গে টিভি অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তিনি কখনো বলেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে।

তিনি বলেন, সামগ্রিক প্রেক্ষাপটে তিনি আসলে যা বলেছেন, তার বড় ধরনের ভুল ব্যাখ্যা এটি।

তিনি সবচেয়ে ক্ষমতাধর উপদেষ্টা-এমন ধারণার বিষয়ে আসিফ নজরুল বলেন, এটি সম্পূর্ণ ভুল প্রচার এবং উপদেষ্টা পরিষদের অন্যান্য উপদেষ্টাদের মতো তারও একই ও সমান ক্ষমতা।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে সবচেয়ে বেশি আলোচনা করেন এবং এটি যৌক্তিকভাবে সম্পন্ন হয়।

তার উপর প্রচণ্ড কাজের চাপ রয়েছে বলে স্বীকার করেছেন উপদেষ্টা। তিনি বর্তমান অবস্থানের তুলনায় অতীতে অনেক স্বাধীনতা উপভোগ করেছেন বলেও জানান।

আসিফ তার বর্তমান অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘অতীত জীবন ছিল সহজ-সরল। আমি অন্যের ভুল ধরিয়ে দিচ্ছি দেখে মানুষ খুশি হতো। এখন ২৪ ঘণ্টা কাজ করি, তবুও মানুষকে খুশি করতে পারি না। এর জন্য আমার খারাপ লাগছে।’

তিনি বলেন, পিএইচডি করতে গিয়ে তিনি একই রকম কঠোর পরিশ্রমী সময় পার করেছেন এবং তিনি যদি তার কাজ দিয়ে মানুষকে খুশি করতে পারেন তবে তিনি খুশি হবেন।

চলতি মাসে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ হতে পারে নতুন মুখ

চলতি মাসে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ হতে পারে নতুন মুখ

সংবাদ সাতদিন ডেস্ক : প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে চলতি মাসেই কিছু নতুন মুখ যোগ হতে পারে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। 

এ ছাড়া মন্ত্রণালয় ও বিভাগ বিতরণে রদবদল হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে এমন তিন-চারজন নতুন মুখ যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দুই বা ততোধিক মন্ত্রণালয় পরিচালনা করছেন। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে ধীর গতি লক্ষ করা যাচ্ছে।

যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাদের কাজের চাপ কমাতে নতুন উপদেষ্টা যুক্ত করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কত দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হবে, তার সঠিক তারিখ জানা যায়নি। তবে চলতি মাসের মধ্যেই নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে।

নতুন উপদেষ্টাদের কত সংখ্যা হবে সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। তবে ৩-৪ জন হতে পারে বলে ধারণা দেন এই কর্মকর্তা। তিনি বলেন, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সচিব, দপ্তর প্রধান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অসহযোগিতার অভিযোগ উঠেছে। ফলে কাজের গতি অনেকটা কম লক্ষ করা গেছে।

নতুন উপদেষ্টা নিয়োগের পর প্রতিটি মন্ত্রণালয়ের অভ্যন্তরে প্রশাসনিক কাজ ও নজরদারিতে গতি আসবে বলে আশা প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনে স্থবিরতা বিষয়ে চলতি সপ্তাহে জানতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ১৬-১৭ বছরের বিষয়ের সমস্যা অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। একটু সময় লাগবে। 

এছাড়া গত মাসের ১২ সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশাসনে স্থবিরতার কথা স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসনে স্থবিরতা তো আছে। এটা আমরা লক্ষ করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে স্থবিরতা কেটে যাবে।’

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ১৭। এরপর এক সপ্তাহের ব্যবধানে গত ১৬ আগস্ট আরও চারজন উপদেষ্টা যুক্ত করা হয়। 

বর্তমানে অন্তবর্তী সরকারের তিনজন উপদেষ্টা তিনটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন দুটি করে মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় ও দপ্তরগুলো দ্রুত সচল ও গতিশীল করতে গত ১২ আগস্ট নিজের হাতে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ২৮ জন সচিবকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পরে ১৬ আগস্ট আরও চারজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। গত ৪ সেপ্টেম্বর সব মন্ত্রণালয়-বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করে কাজের গতি বাড়াতে আবার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এরপরও উপদেষ্টাদের উদ্যোগ ছাড়া সহজে কোনো কাজ হচ্ছে না। 

আলোচনায় যেসব মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সড়ক পরিববহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, শিক্ষা অথবা পরিকল্পনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন উপেদেষ্টা আসতে পারে বলে আলোচনা রয়েছে। 

সরকারের মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে ৫৮টি। এসব মন্ত্রণালয় ও বিভাগে সর্বশেষ দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন ৪৫ জন। একাদশ সংসদের মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন ৪৭ জন। ড. ফখরুদ্দীন আহমদ সরকারের আমলে উপদেষ্টার সংখ্যা ছিল ১৬। 

প্রধান উপদেষ্টার অধীনে যেসব মন্ত্রণালয় 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে আছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

উপদেষ্টাদের মধ্যে কে কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

বর্তমানে অন্তবর্তী সরকারে উপদেষ্টা আছেন ২১ জন। তারমধ্যে তিনটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনজন।  অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান।

দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন যারা- স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আদিলুর রহমান খান।  

প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্ত আছেন আলী ইমাম মজুমদার। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ফারুক-ই-আজম, বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে শারমিন এস মুরশিদ দায়িত্ব পালন করছেন।

মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের, বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, আ ফ ম খালিদ হাসান ধর্ম মন্ত্রণালয়ের ও সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৫ আগস্ট, ৭ মার্চসহ জাতীয় দিবসে বাতিলের প্রতিবাদ আওয়ামী লীগের



১৫ আগস্ট ৭ মার্চ বাতিল

সংবাদ সাতদিন ডেস্ক : অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 'রিসেট বোতাম’ টিপে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) দলের ভ্যারিফায়েড ফেকবুক পেজে এক বিবৃতিতে এই অভিযোগ করেছে আওয়ামী লীগ।

এতে বলা হয়, তারা ৫ আগস্ট বঙ্গবন্ধুর সব ম্যুরাল ও ভাস্কর্য ভেঙেছে কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে ভেঙেছিলেন। তারা ৭ মার্চ এর জাতীয় দিবস বাতিল করেছে, কারণ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছে।

এতে আরও বলা হয়, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস বাতিল করেছে তারা। কারণ তারা শেখ মুজিবকে জাতির পিতা স্বীকার করে না, বাংলাদেশে এখন পাকিস্তানের জাতির পিতার জন্মদিন পালিত হয়।

বিবৃতিতে দলটি বলেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করেছে তারা, কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে তাদের কর্মকাণ্ডের আদর্শিক মিল রয়েছে। তারা ৪ নভেম্বরের সংবিধান দিবস বাতিল করেছে, যে সংবিধান গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার উপর ভর করেই।

এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে বলা হয়, বাংলাদেশের মানুষ তীব্র ঘৃণাভরে অবধৈ সরকারের এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার।

বিবিএসের তথ্য জালিয়াতির অভিযোগের মধ্যেই নতুন 'পরিসংখ্যান নীতিমালা' বাস্তবায়নের উদ্যোগ সরকারের

বিবিএস
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যের অসঙ্গতি সম্পর্কিত দীর্ঘদিনের উদ্বেগ মোকাবিলায় সমন্বিত 'পরিসংখ্যান নীতি' প্রণয়নের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিবিএস বিভ্রান্তিকর অর্থনৈতিক তথ্য সরবরাহ করেছিল বলে ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে বিবিএস বারবার জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়েছে বলে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর ফলে দেশের সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে গুরুতর সন্দেহ তৈরি করেছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'আমরা একটি পরিসংখ্যান নীতিমালা প্রণয়নের জন্য কাজ করছি, যা শিগগিরই উপদেষ্টা পরিষদে অনুমোদন পাবে।’

জাতীয় তথ্যের নির্ভুলতা ও অখণ্ডতা নিশ্চিত করতে স্পষ্ট, ঐক্যবদ্ধ পদ্ধতির প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি।

বিবিএসের তদন্ত চলমান

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিবিএস নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে না পারায় ধারাবাহিক সমালোচনার মুখোমুখি হয়েছিল। তাদের সক্ষমতা অন্যান্য উন্নয়নশীল দেশের পরিসংখ্যান প্রতিষ্ঠানগুলোর মতো শক্তিশালী নয় বলেও মনে করেন ড. ওয়াহিদউদ্দিন।

তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি প্রতিবেদনসহ অর্থনৈতিক তথ্য প্রকাশের সময় বিবিএসের প্রতিবেদনকে প্রভাবিত করেছে রাজনৈতিক চাপ।

সক্ষমতার অভাবে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে পরিকল্পনা কমিশন ও বিবিএসের সূত্র। জিডিপি ও মুদ্রাস্ফীতির মতো মূল অর্থনৈতিক সূচকগুলো প্রকাশের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ আরও একটি উল্লেখযোগ্য বাধা ছিল।

এসব চ্যালেঞ্জ স্বীকার করে ড. ওয়াহিদউদ্দিন বিবিএসের স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,‘আমি এরই মধ্যে তাদের জানিয়েছি, কোনো ত্রুটি থাকলেও আমি তাদের রিপোর্টে হস্তক্ষেপ করব না। ঊর্ধ্বগামী বা নিম্নগামী যাই হোক, অবশ্যই বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করেই মূল্যায়ন করতে হবে।’

বিবিএসের সক্ষমতা জোরদার করা

অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বিবিএসের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বাইরের হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষ ও সঠিক তথ্য সরবরাহে এর সক্ষমতা বাড়াতে চান তিনি। পরিকল্পনা কমিশন ও বিবিএসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যুরোর কর্মক্ষমতা উন্নত করতে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে ইঙ্গিত দেন এই উপদেষ্টা।

জনসংখ্যা, কৃষি, শিল্প ও বৃহত্তর অর্থনীতির সমালোচনামূলক তথ্য তৈরি এবং প্রকাশের জন্য দায়বদ্ধ বর্তমানে বাংলাদেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান কার্যালয় হলো বিবিএস। তবে আগের প্রশাসনের অধীনে একটি সমন্বিত নীতি কাঠামো ছাড়াই এর কার্যক্রমগুলো প্রায়শই আদেশ এবং বিজ্ঞপ্তি দ্বারা পরিচালিত হতো।

ভবিষ্যৎ সংস্কার

২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি 'পরিসংখ্যান আইন' পাসের মাধ্যমে বিবিএস আইনি ভিত্তি লাভ করে। এই আইনে ব্যুরোকে সঠিক ও সময়োপযোগী পরিসংখ্যান তৈরি, জাতীয় আদমশুমারি পরিচালনা এবং নীতিনির্ধারক, গবেষক ও অন্যান্য অংশীজনদের চাহিদা পূরণ করে এমন তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

নীতিটির লক্ষ্য এই কার্যক্রমগুলোর আধুনিকীকরণ এবং বিদ্যমান ব্যবস্থার দুর্বলতাগুলোর সমাধান করা। ব্যুরোর ভবিষ্যতের কাজগুলোর মধ্যে থাকবে পরিসংখ্যান উন্নয়নের জন্য জাতীয় কৌশল যুগোপযোগী করা, পরিসংখ্যান কর্মসূচিগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং একটি জাতীয় তথ্যভাণ্ডার বাস্তবায়ন করা।


পরিসংখ্যান নীতির বাস্তবায়ন বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থার পরিপূর্ণতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে। এতে তথ্যনির্ভর সিদ্ধান্তগুলো আত্মবিশ্বাসের সঙ্গে নেওয়া যাবে।

২ বিদেশি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী: আইএসপিআর

আইএসপিআর

সংবাদ সাতদিন ডেস্ক :বঙ্গোপসাগরের গভীরে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্তবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল দেওয়ার সময়  ট্রলার দুটিকে বাংলাদেশের সমুদ্রসীমায় আটক করে।

এতে আরও বলা হয়, আটক ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক। পরে আটক ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয়। আটক ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএনসিসির সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

মেয়র আতিক
ডিএনসিসি'র সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

স্টাফ রির্পোটার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম।

এছাড়া ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক তিনি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার: উপদেষ্টা নাহিদ

উপদেষ্টা নাহিদ
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত

সংবাদ সাতদিন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল হিসেবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই কারা তাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের করা সবকিছু মনে করেন জাতীয় জাতীয়…। ভোটবিহীন সরকারেরই কোনো বৈধতা নেই। সেই সময়ে অনেক কিছু করা হয়েছে। সবগুলোকে পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে।’

বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে কি না এই সরকার-জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’

তাহলে তো আমাদের কোনো জাতির পিতা থাকবে না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু কেবল ৫২-তেই শুরু হয়নি, আমাদের বৃটিশবিরোধী লড়াই আছে, ৪৭ ও ৭১-এর লড়াই আছে, ৯০ ও ২৪ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছে। তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করেছে সেগুলো গুরুত্বহীন, তাই বাতিল করা হচ্ছে।’

গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন করে দিবস আসতে পারে বলেও জানান তিনি।

৬ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


সোনামসজিদ স্থলবন্দর
সোনামসজিদ স্থলবন্দর, চাঁপাইনবাবগঞ্জ। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে বলেও জানান স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আলিমুজ্জামান।

‘মিছা কথা কমু না, ভোট দুইটা দিছি’

নিজস্ব প্রতিবেদক: আমার বয়স ৭৫ বছর। স্বাধীনতা যুদ্ধ নিজের চোখে দেখেছি। সবগুলো নির্বাচনে ভোট দিয়েছি। ৫ বছর অপেক্ষায় থাকি ভোট দেওয়ার জন্য। মিছা কথা কমু না, আজকে দুইটা ভোট দিছি।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট কেন্দ্রের সামনে থেকে কথাগুলো বলছিলেন তমিজ উদ্দিন ভূইয়া নামের এক ভোটার। তিনি বনকোট এলাকার আলী আকবরের ছেলে। 

৭ জানুয়ারি রোববার বেলা সাড়ে ১০টার দিকে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তমিজ উদ্দিন ভূইয়া।

তিনি আরও বলেন, দিন-রাতে ঘুম নাই। এই আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাদের ভাতিজা। কখন তাকে ভোট দিব সেই টেনশনে ঘুম আসে না। ভোট দেওয়ার পর শান্তি লাগছে। আমার পরিবারে ৮জন ভোটার। আমার স্ত্রীও ভোট দিয়ে গেছে। আমরা চাই রাজী মোহাম্মদ ফখরুল ৩৫ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হোক।

উল্লেখ্য, রোববার সকাল ৮টায় বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন ভোটের মাঠে আছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। 

নরসিংদীর এক কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। এই আসনের বেলাবোতে জাল ভোট দেওয়ার অভিযোগে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

৭ জানুয়ারি রোববার সকালে বেলাব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। 

তিনি বলেন, বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে বালুভর্তি একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ৬ জানুয়ারি শনিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার গলাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের বাড়ইপাড়ার বাসিন্দা ট্রাকচালক শাহীনুর আকাশ (২৮) এবং অচিন্তপুর গ্রামের ট্রাকচালকের সহকারী (হেলপার) জসিম উদ্দিন (২৬)।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দিনাজপুর থেকে একইসঙ্গে বালুভর্তি দুটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গলাকাটা এলাকায় ট্রাক দুটি পৌঁছালে পেছনে থাকা ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় তিনজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৬ জানুয়ারি শনিবার  ভোরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকায় গুমানী নদী পথে পালাচ্ছিলেন চোরের দল। এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোরচক্রের সদস্যদের ধাওয়া দেয়। চোরচক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে তিনজনকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। চোরচক্রের ধারালো অস্ত্রাঘাতে স্থানীয় তিন যুবক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রাতে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে যায়। তবে এর আগেই উত্তেজিত জনতার পিটুনিতে ওই তিন যুবক নিহত হন। গত দুই সপ্তাহ ধরে এলাকায় গরু চোরের উৎপাত বেড়েছে। অনেকের বাড়ি থেকে গরু চুরিও হযেছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগতও করা হয়েছিল।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেরপুরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ জানুয়ারি শনিবার সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ শনিবার সকালে বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে স্থানীয়রা আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, আমি বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনি। পরে বের হয়ে দেখি বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। তারপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এর ফলে একটি কক্ষের বাইরে আগুন ছড়াতে পারেনি। বিদ্যালয়ের স্টোররুমে থাকা কিছু বেঞ্চ পুড়ে গেছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন