ঈশ্বরদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশ্বরদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আবু তালেব মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু তালেব মণ্ডল বলেন, যুবকেরাই দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি। দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে দক্ষ, শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি সেলিম সরদার ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে যুবকদের মধ্যে যুবঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

ঈশ্বরদীতে প্রবীণ আল্লেক প্রামাণিকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার প্রবীণ বাসিন্দা আল্লেক প্রামাণিক (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, আট ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর দুপুর দুইটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

ঈশ্বরদীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মুরগির খামারে বৃষ্টির জমে থাকা পানি নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল প্রামাণিক (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভারইমারী উত্তরপাড়া এলাকার একটি মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল প্রামাণিক ওই এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি স্থানীয় বাসিন্দা মাহাবুল প্রামাণিকের মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো খামারে কাজ করছিলেন রাসেল। সম্প্রতি বৃষ্টিতে খামারের ভেতরে পানি জমে যাওয়ায় তা বৈদ্যুতিক মোটরের সাহায্যে নিষ্কাশনের চেষ্টা করছিলেন তিনি। এ সময় মোটরে শর্টসার্কিট দেখা দিলে সেটি মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যানজট ও ড্রেনেজ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঈশ্বরদীতে জুয়েলের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদন: আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরদী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক যুবদল আহ্বায়ক জাকির জুয়েল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির জুয়েল ঈশ্বরদী পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন স্মার্ট নগরীতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পৌর এলাকার রাস্তাঘাট, সুপেয় পানি সরবরাহ, বিদ্যুৎ, সুশৃঙ্খল রিকশা স্ট্যান্ড ও ড্রেনেজ ব্যবস্থার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করা হবে। বিশেষ করে রেলগেট ট্রাফিক মোড় থেকে বাজারের পৌর মার্কেট পর্যন্ত এলাকার তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি শৈলপাড়া ও রহিমপুর এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘ঈশ্বরদী পৌরসভাকে নিয়ে আমার যে সুদূরপ্রসারী স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।’

সভা শেষে অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য স্থানীয় নেতা-কর্মী ও উপস্থিত সাধারণ মানুষকে ধন্যবাদ জানান জাকির জুয়েল। বিশেষ করে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ফজলুর রহমান সোহেল এবং হাফিজুল ইসলাম হাফিজের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের আন্তরিক প্রচেষ্টায় এ আয়োজন জনসভায় রূপ নিয়েছে।

দেশের সেরা আলোকচিত্রী নির্বাচিত হলেন ঈশ্বরদীর আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলার প্রায় ৮০০ জন পেশাদার আলোকচিত্রীর অংশগ্রহণে আয়োজিত ‘পিপিবি এক্সপো ২০২৬’-এ ‘গ্র্যান্ড উইনার’ নির্বাচিত হয়েছেন ঈশ্বরদীর তরুণ আলোকচিত্রী আমির হামজা (সাগর)। একই আয়োজনে বিয়ের আলোকচিত্র (ওয়েডিং ফটোগ্রাফি) বিভাগেও প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি।

২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব বাংলাদেশ’ (পিপিবি) নামের একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রতিযোগিতায় ১৪টি বিভাগে প্রায় সাড়ে তিন হাজার ছবি জমা পড়ে। প্রতিটি বিভাগে সেরা তিনজন নির্ধারণ করে মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বিয়ের আলোকচিত্র বিভাগে প্রথম পুরস্কার অর্জনের পাশাপাশি সব বিভাগের ছবির মধ্য থেকে আমির হামজার ছবিটি সর্বসেরা বা ‘গ্র্যান্ড উইনার’ নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় আন্তর্জাতিক আলোকচিত্রী জনসন উই, নিক প্যাক্রেডিস ও কেদা জি-সহ বাংলাদেশের কয়েকজন জ্যেষ্ঠ আলোকচিত্রী বিচারকের দায়িত্ব পালন করেন।

আমির হামজা ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি প্রায় নয় বছর ধরে একটি প্রতিষ্ঠানে বিয়ের আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি সেখানে জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসেবে দায়িত্বরত। ডিপ্লোমা পড়াশোনা শেষ করার পর অন্য পেশায় না গিয়ে সংগীত ও আলোকচিত্রের প্রতি ভালোবাসাকেই প্রাধান্য দেন তিনি। সেখান থেকেই তাঁর এই পথচলা শুরু।

এমন স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে আমির হামজা জানান, এই অর্জন তাঁর কাজের বড় অনুপ্রেরণা। নতুনদের উদ্দেশে তিনি নিয়মিত কাজ শেখা ও সৃজনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ইউরেনিয়ামের চতুর্থ চালান ঈশ্বরদীতে

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল সাতটা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মোট পাঁচটি চালানের ইউরেনিয়াম পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটি চালান এসেছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ইতিমধ্যে ‘বিদ্যুৎ চালুকরণ সি-ধাপ’  কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েয়া) চেয়ারম্যান প্রথম ইউনিটে এই কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

সি-ধাপের এই পর্যায়ে ধাপে ধাপে চুল্লির (রিঅ্যাক্টর) ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, বাষ্পীয় টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘সমন্বয়সাধন’ ।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এই কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান: পদ্মার বালুমহল-আধিপত্য নিয়ে চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দল ও পদ্মা নদীর বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মুখামুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধনের ঘটনায় যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় আচ্ছন্ন হয়ে পড়েছেন স্থানীয় অধিবাসীরা। অস্থিতিশীলতা নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান (হাক্কে মণ্ডল)-এর সমর্থকেরা ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের আরামবাড়িয়া বাজার এলাকায় একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। উক্ত মানববন্ধনে স্থানীয় অধিবাসীদের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পিন্টুর অনুসারী হিসেবে পরিচিত স্থানীয় সন্ত্রাসী জুয়েল ও বিপুর বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সামাজিক নৈরাজ্য সৃষ্টির গুরুতর অভিযোগ আনেন। অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা।

এর আগে টানা দুই দিন জাকারিয়া পিন্টুর সমর্থকেরা শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন করে হাসিবুর রহমান হাক্কে মণ্ডলের অনুসারীদের বিরুদ্ধে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পাল্টা অভিযোগ তোলেন।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন যুবদল নেতা হেকমত উল্লাহ (কনক মণ্ডল)। তাঁর ভাষ্যমতে, তাঁরা আইনসম্মত উপায়ে বালু ক্রয় করে বৈধ ব্যবসা পরিচালনা করছেন। রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার বশবর্তী হয়ে পিন্টুর সমর্থকেরা তাঁর বাবা হাসিবুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কনক মণ্ডল আরও অভিযোগ করেন, নদীর বালুমহলের দখলদারত্বকে কেন্দ্র করে অতীতেও জাকারিয়া পিন্টুর অনুসারীরা একাধিকবার সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলিতে লিপ্ত হয়েছে।

অন্যদিকে, পিন্টু সমর্থিত ছাত্রদল নেতা ইকবাল হোসেন ও প্রিন্স মাহমুদ জানান, এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ হয়েই তাঁরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নেমেছেন।

আরামবাড়িয়া এলাকার মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংগঠক তহিদুল ইসলাম, সাব্বির হোসেন, জয় ইসলাম, যুবদল নেতা আতাউর রহমান, মনোয়ার হোসেন, সাজেদুল হোসেন, আকরাম হোসেন, জাকারিয়া সেন্টু এবং মহিলা দলের নেত্রী আনজু খাতুন ও রনিফা বেগম।

এলাকাবাসীর অনুযোগ, পদ্মা নদী থেকে বালু উত্তোলন ও এলাকাভিত্তিক প্রভাব খাটানো নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায়শই ফাঁকা গুলি বর্ষণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

সার্বিক বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে একাধিক পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। তবে সুযোগ বুঝে অসাধুচক্র পুনরায় তৎপর হওয়ার চেষ্টা করে। সমন্বিত অভিযানের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ জোরদার রাখা হয়েছে।’

ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। প্রয়োজনীয় ফিজিক্যাল স্টার্টআপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর কেন্দ্রটির প্রথম ইউনিটে ‘স্টেজ-সি’ বা পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েয়া)। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।

এনপিসিবিএল সূত্রে জানা যায়, বায়েয়া চেয়ারম্যান এম মাহমুদুল হাসান অনুমোদনপত্রে সই করেছেন। এর ফলে রিঅ্যাক্টরের কার্যক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি এগিয়ে নেওয়া সম্ভব হবে। পাওয়ার স্টার্টআপের এই গুরুত্বপূর্ণ ধাপে রিঅ্যাক্টর, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম এবং সার্বিক নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থার কার্যকারিতা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, রিঅ্যাক্টরের তাপীয় ক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হতে পারে।

প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। তবে পুরো বিষয়টি পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রণকারী সংস্থার নির্ধারিত কারিগরি শর্ত যথাযথভাবে পূরণের ওপর নির্ভর করছে। কর্মকর্তারা স্পষ্ট করেছেন, পাওয়ার স্টার্টআপের অনুমতি পাওয়ার অর্থ তাৎক্ষণিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু নয়; বরং পরীক্ষামূলক সরবরাহের পর প্রয়োজনীয় সব কারিগরি যাচাই শেষেই পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়া হবে।

দেশের ইতিহাসের সর্ববৃহৎ এই উন্নয়ন প্রকল্পে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে বর্তমান প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

ঈশ্বরদীতে ২১২ জনকে বিনামূল্যে চক্ষু সেবা দিল নিউ এরা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরাজগঞ্জের এম এ মতিন বিএনএসবি মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

বুধবার উপজেলার ঢুলটি-বেদুনদিয়া এলাকায় নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন বয়সের ২১২ জন রোগীকে সেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি ছানি পড়া রোগী শনাক্ত করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সেবা নিতে আসা রোগীদের মধ্যে ৮৬ জনের চোখে ছানি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে অস্ত্রোপচারের জন্য ৬১ জন রোগীকে সিরাজগঞ্জের এম এ মতিন বিএনএসবি মেমোরিয়াল চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নির্বাচিত এসব রোগীর ছানি অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। একই সঙ্গে রোগীদের যাতায়াত, লেন্স ও থাকা-খাওয়ার সব খরচ আয়োজক সংস্থা বহন করবে।

উল্লেখ্য, নিউ এরা ফাউন্ডেশন এ নিয়ে ষষ্ঠবারের মতো বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করল। ধারাবাহিক এই কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ৩৯৫ জন অসহায় রোগীর চোখের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

সুধীজন ও চিকিৎসকেরা জানান, গ্রামীণ জনপদের মানুষের দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব দূরীকরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনকল্যাণমূলক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ঈশ্বরদীতে নেসকোর শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনী কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঈশ্বরদী শাখার উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নেসকোর ঈশ্বরদী কার্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

ইউনিয়নের সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর। সভায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, বগুড়া জেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, বগুড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বগুড়া নেসকো শ্রমিক দলের সহসভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানজারুল ইসলাম, গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মো. সোহেল রেজা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং বগুড়া নেসকো শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যসচিব মোহাম্মদ মাহবুব রশিদ।

সভায় বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ খাতের শ্রমিক-কর্মচারীরা জীবনঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। অনেকে দুর্ঘটনার শিকার হয়ে বৈদ্যুতিক তারে ঝুললেও তাঁদের ঝুঁকিভাতা ও অধিকার নিশ্চিত করা হয় না। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা কর্মকর্তাদের পদোন্নতি হলেও মাঠপর্যায়ে কাজ করা শ্রমিকেরা বঞ্চিত হন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সিবিএ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের কারণে শ্রমিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের আত্মত্যাগও অনস্বীকার্য। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

২০ নভেম্বর চালু হতে পারে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন

নিজস্ব প্রতিবেদক: পাবনা থেকে ঢাকায় সরাসরি চলাচলের জন্য নতুন আন্তঃনগর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেন দুটি ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর ট্রেন দুটি চালু হতে পারে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় দপ্তর থেকে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) বরারব পাঠানো এক চিঠিতে নতুন এই আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও যাত্রাবিরতি সংক্রান্ত সংশোধনীর প্রস্তাব করা হয়।

চিঠিতে ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি পরিচালনার কথা উল্লেখ রয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ট্রেনটি সকাল আটটায় পাবনা স্টেশন থেকে ছেড়ে সকাল আটটা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশনে পৌঁছাবে। সেখানে ইঞ্জিন ঘুরিয়ে সকাল নয়টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে দুপুর দুটো ১০ মিনিটে ঢাকা স্টেশনে পৌঁছানোর প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, ৮০৭ নম্বর ট্রেনটি বিকেল তিনটা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত আটটায় ঈশ্বরদী জংশনে পৌঁছাবে। সেখানে ইঞ্জিন ঘুরিয়ে রাত আটটা ২০ মিনিটে ছেড়ে রাত নয়টা ২০ মিনিটে পাবনা স্টেশনে পৌঁছানোর কথা বলা হয়েছে।

প্রস্তাবিত পথ অনুযায়ী, পাবনা থেকে ঢাকাগামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাস, দাশুড়িয়া, ঈশ্বরদী জংশন, মাঝগ্রাম, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। ফিরতি পথেও একই স্টেশনগুলোতে বিপরীতক্রমে যাত্রাবিরতির প্রস্তাব করা হয়েছে।

রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়, পাবনা থেকে সকাল আটটায় নতুন ট্রেন চালু করা হলে ৭৭৯ নম্বর ঢালারচর এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনতে হবে। এ ছাড়া অন্য একটি ট্রেনের সময়সূচিও আংশিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। সংশোধনীগুলো অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি পাঠানো হয়।

এর আগে ২২ অক্টোবর পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছিলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি চলছে। ভারত থেকে আসা কোচগুলো সৈয়দপুর ক্যারেজ ওয়ার্কশপে রয়েছে। প্রয়োজনীয় কারিগরি ও দাপ্তরিক কার্যক্রম শেষ হলে ১২টি কোচ নিয়ে নভেম্বরের শেষার্ধে ট্রেনটি চালুর আশা করছে রেলওয়ে। তিনি আরও জানান, পরিচালনাগত সুবিধা ও নিরাপত্তার কারণে ঈশ্বরদী জংশনে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি চালানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর নতুন এই সেবা চালু হতে পারে। তবে উদ্বোধনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ঈশ্বরদী বিএনপি: ‘হাবিবকে হত্যার চক্রান্তের’ পেছনে হাইব্রিডদের দাবি পিন্টুর

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টুর মধ্যে প্রার্থিতা নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। নির্বাচনে হাবিব মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হন পিন্টু। এরপর থেকে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার একই শহরে দুই পক্ষই পৃথক র‍্যালির কর্মসূচি ঘোষণা করে। তবে কর্মসূচির আগের দিন মঙ্গলবার হঠাৎই জাকারিয়া পিন্টু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, এই কর্মসূচিতে হাবিবুর রহমান হাবিবকে গুলি করে হত্যার পরিকল্পনা করেছে একটি ‘তৃতীয় পক্ষ’।

হত্যাকাণ্ডের শঙ্কায় তিনি ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা যুবদলের অনুসারীদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ঈশ্বরদীতে সুস্থ রাজনীতির পরিবর্তে এক বিপজ্জনক কৌশলের খেলা চলছে এবং এর মাধ্যমে বড় ধরনের নাশকতার পাঁয়তারা করছে প্রতিপক্ষ।

পোস্টে তিনি আরও দাবি করেন, একই সময়ে দুই পক্ষ কর্মসূচি পালন করতে গেলে প্রতিপক্ষ ও তথাকথিত ‘হাইব্রিড নেতারা’ সংঘর্ষ বাধিয়ে পেছন থেকে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে গুলি করে হত্যা করতে পারে।

পিন্টু লেখেন, ‘ওদের এখন হাবিবের দরকার নেই। ওরা এক ঢিলে দুই পাখি মারবে। হাবিবও মরবে, একই সঙ্গে জাকারিয়া পিন্টুসহ সবাই ধ্বংস হয়ে যাবে।’

তবে এই ‘তৃতীয় পক্ষ’ বা ‘হাইব্রিড’ কারা—সে বিষয়ে ফেসবুকে পরিষ্কার করে কিছু বলেননি পিন্টু। ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি কবর দেওয়া হবে: হাবিব

নিজস্ব প্রতিবেদক:  পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে কবর দেওয়া হবে। যত বেশি ষড়যন্ত্র করা হবে, ততই জোরালো প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা জামায়াত-শিবিরের রাজনীতির মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, দেশের মাটিতে তাদের রাজনীতি টিকবে না।

বুধবার বিকেলে ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন নতুন করে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব পালন করে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলেছেন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পাবনা জেলার উন্নয়ন প্রসঙ্গে হাবিব জানান, তিনি নিজে এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ সময় পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর দাবি, ঈশ্বরদী বিমানবন্দর সচলকরণ ও রেলগেটে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।

ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ আহমেদ ও সদস্যসচিব মনির আহমেদ। এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম, সদস্যসচিব শরিফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব ইমরুল কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

ঈশ্বরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার পিয়ারাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতিবিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বেসরকারি সংস্থা ‘নিউ এরা ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর পাবনার সহকারী প্রকৌশলী মো. জুয়েল আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. রাকিব সিদ্দিক, সমবায় কর্মকর্তা মো. আকন্দ বাকি উল্লাহ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিহাব উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাজিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর এবং নিউ এরা ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা মো. খাইরুজ্জামান ও এমআইএস কর্মকর্তা রাশিদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি ও রোগবালাই থেকে শিশুদের সুরক্ষিত রাখা সম্ভব। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার ব্যবহারিক পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়।

পাবনার শ্রেষ্ঠ ঈশ্বরদীর ওসি ও ট্রাফিক কর্মকর্তা পেলেন সম্মাননা


নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন বিভাগে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার আবু আশরাফ।


এদিকে একই দিনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. আবু শহীদ। পুলিশ সুপার তাঁর হাতেও পুরস্কার তুলে দেন।

এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানায় কর্মরত পুরো দলের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলভাবে কাজ করব।’

ঈশ্বরদীতে যৌন উত্তেজক ওষুধ-ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট রাখার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ী এবং ইয়াবা সেবনের অভিযোগে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেলে উপজেলার নতুনহাট বাজার ও মানিকনগর পাঠশালার মোড় এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার পিয়ারখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. শহীদুল ইসলাম (৪২) এবং মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে রায়হান উদ্দিন জনি (৪০)।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নতুনহাট বাজারের ইমামুল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৫০০টি জিনসেং ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানের মালিক শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মানিকনগর পাঠশালার মোড় এলাকায় নিজ বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় রায়হান উদ্দিন জনিকে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে বিদ্যালয় ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে প্রায় ৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ তুলেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় রাজনৈতিক চাপ ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা অসহায় হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই ভবন নির্মাণের কাজ পেয়েছে নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান এম/এস বসুন্ধরা হাউজ বিল্ডার্স। ৩ কোটি ৮১ লাখ ৪1 হাজার ৮৮৪ টাকার এই প্রকল্পের কাজ ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

তবে কাজ শুরু হওয়ার পর থেকেই নির্মাণসামগ্রীর মান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিন দেখা যায়, ভবনে ব্যবহারের জন্য আনা ইট ও বালুর মান অত্যন্ত নিম্নমানের, যা সহজেই ভেঙে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে। অনিয়ম রোধে বিদ্যালয় কর্তৃপক্ষ ১৪ সদস্যের একটি শিক্ষক কমিটি গঠন করলেও কারিগরি দক্ষতার অভাবে তারা কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মল্লিকা পারভীন বলেন, ইটের মান যাচাইয়ের প্রযুক্তিগত দক্ষতা শিক্ষকদের না থাকলেও নিম্নমানের সামগ্রী দেখলে তাঁরা প্রতিবাদ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক সময় তা সংশোধন করে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম দাবি করেন, স্থানীয় রাজনৈতিক মহল ও প্রভাবশালী ব্যক্তিদের চরম চাপের কারণে তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। প্রভাবশালীরা জোরপূর্বক কাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের পছন্দমতো নিম্নমানের সামগ্রী সরবরাহ করতে বাধ্য করছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনার সহকারী প্রকৌশলী মো. সাকিব রেজা জানান, ঠিকাদার নিয়ম অনুযায়ী ভালো সামগ্রী আনতে গেলে স্থানীয় রাজনৈতিক নেতারা বাধা দেন এবং জোরপূর্বক নিজেদের লোকজন দিয়ে নিম্নমানের ইট সরবরাহ করান। এর ফলে কাজের স্বাভাবিক গতি ও মান উভয়ই ব্যাহত হচ্ছে।

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের কর্মীকে মারধর ও অপহরণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীকে পথ আটকে মারধর, অপহরণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

রোববার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল ক্লাব মোড়সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সারোয়ার জাহান (২৮) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রূপপুর প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ‘নিকিম কোম্পানি’তে কাজ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা এলাকার মো. জহুরুল মোল্লার ছেলে মো. তারেক হাসান রোকন (৩২) এবং সাহাপুর মন্ত্রী মোড় এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি তারেক হাসান রোকন ও ভুক্তভোগী সারোয়ার জাহান আগে একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় তারেক চাকরিচ্যুত হন। এই চাকরি হারানোর পেছনে সারোয়ারকে দায়ী করে আসছিলেন তিনি। এর জেরে রোববার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে তারেক ও তাঁর সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সারোয়ারের পথ আটকান। পরে তাঁকে জোর করে সিএনজিতে তুলে পাকড়িপাড়া এলাকায় নিয়ে পিটিয়ে জখম করা হয়। এ সময় তাঁর নগদ টাকা, মুঠোফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। কার্ডের পাসওয়ার্ড বা পিন নম্বর না দেওয়ায় তাঁকে নির্যাতন এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালানো হয়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর

নিজস্ব প্রতিবেদন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সংস্থার অনুমোদন পেলে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের পরের ধাপে বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে। এ ধাপে রিঅ্যাক্টরসহ বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সুরক্ষাব্যবস্থা যাচাই করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হবে। এর মাধ্যমে কেন্দ্রটি নিরাপদ ও সঠিকভাবে পরিচালনার সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতিও মূল্যায়ন করা হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, এ পর্যায়ে রিঅ্যাক্টর, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম, নিয়ন্ত্রণব্যবস্থা এবং নিরাপত্তা অংশের কার্যক্রম পরীক্ষা করা হবে। একই সঙ্গে প্রতিটি যন্ত্রের পারস্পরিক সমন্বয় ঠিকভাবে হচ্ছে কি না, তাও দেখা হবে।

তিনি জানান, রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জাম স্বাভাবিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে।

ড. জাহেদুল হাসানের ভাষ্য অনুযায়ী, এ ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা। এ সময় গ্রিডের সঙ্গে সমন্বয় রেখে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে। পাশাপাশি কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ ব্যবস্থার নিরাপদ কার্যক্রম নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা শেষ করা, শর্ত পূরণ এবং নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পাওয়ার পর ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালুর সুযোগ তৈরি হবে। তবে এই ধাপে প্রবেশ, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু এবং বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা এক কথা নয়। বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার আগে আরও কারিগরি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়ন্ত্রক সংস্থার সব শর্ত পূরণ করতে হবে।

ঈশ্বরদীতে বিদ্যুতায়িত তারে জড়িয়ে খামারশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আলামিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর খামারে কাজ করার সময় আলামিন শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহ উদ্ধার করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন