নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬–এর ফাইনালে উঠেছে ঈশ্বরদী উপজেলা ফুটবল একাদশ। সেমিফাইনালে পাবনা পৌরসভা ফুটবল দলকে ২–১ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করেছে দলটি।
শনিবার বিকেল ৪টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই ছন্দে ছিল ঈশ্বরদী। আক্রমণভাগের গতিময় ফুটবল, কার্যকর দলীয় সমন্বয় এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত ২–১ গোলের জয় তুলে নেয় তারা।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ঈশ্বরদী উপজেলা ফুটবল একাদশ।
পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। জেলার ফুটবলের বিকাশে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৭ জুলাই বিকেল ৪টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মাঠে নামবে ঈশ্বরদী উপজেলা ফুটবল একাদশ।

