নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেলে উপজেলার এম এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। এতে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সমর্থকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। এই আনন্দঘন মুহূর্তটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন।
দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. আলী হোসেন খেলাটির উদ্বোধন করেন।
ম্যাচ শুরুর পর থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা প্রদর্শন করে। পুরো সময়জুড়ে পাল্টাপাল্টি আক্রমণে মাঠের খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছিল। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে উভয় দলের সমর্থকরাই সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষক দলের সদস্য ও সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. ওমর শরিফ হানিফ মহলদার এবং দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের আইসিটি প্রভাষক মো. আলী হাসান (শরীফ)।
টানটান উত্তেজনার এই খেলায় আর্জেন্টিনা সমর্থক দলকে ৩-২ গোলে হারিয়ে জয় লাভ করে ব্রাজিল সমর্থক দল। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।



