নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ অক্টোবর সকালে সাহাপুরে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বাসভবনে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।
গৃহীত সিদ্ধান্তগুলো হলো—ঈশ্বরদী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও শক্তিশালী করা; উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা এবং উপজেলা বিএনপির দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান মনিরুলকে দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রদান করা। এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






