উপজেলা পরিষদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উপজেলা পরিষদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে এমপি ও বিএনপি নেতার বাগবিতণ্ডা, পরে কোলাকুলি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে 'জুলাই শহীদ দিবসের' আলোচনা সভায় পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের সঙ্গে বিএনপি নেতা আনোয়ার হোসেন জনির বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। পরে অবশ্য তারা কোলাকুলি করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সভায় জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। তাদের স্বপ্ন পূরণে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন জরুরি।

বক্তব্যের একপর্যায়ে গণভোট ও জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু বিএনপি এখনো গণভোটের বিষয়ে শপথ গ্রহণ করেনি, যা জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তার এই বক্তব্যের পরপরই সভাকক্ষে উপস্থিত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি দাঁড়িয়ে আপত্তি জানান। উত্তেজিত হয়ে জনি বলেন, ‘আপনি সরকারের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন না। সরকারি দলের কোনো সমালোচনা করা যাবে না।’

এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান তাৎক্ষণিক দাঁড়িয়ে বিএনপি নেতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিবেশ শান্ত হলে অনুষ্ঠান পুনরায় স্বাভাবিকভাবে চলে। একপর্যায়ে এমপি ও বিএনপি নেতা কোলাকুলি করেন।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘বিএনপি এখনো গণভোটের বিষয়ে শপথ গ্রহণ করেনি—এ কথায় রাগান্বিত হওয়ার কী আছে? আমরা যদি সহনশীল না হই, তাহলে রাজনীতি করি কেন?’

যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন জনি বলেন, সভাটি ছিল জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর। সেখানে বিএনপির বিরুদ্ধে কথা বলায় তিনি প্রথমে সাধারণ প্রতিবাদ জানান। কিন্তু এমপি আঙুল উঁচিয়ে ধমকের সুরে ‘তুমি কে?’ বলায় তিনিও রেগে কথা বলতে বাধ্য হন।

ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন এবং সাংবাদিক শেখ মেহেদী হাসান। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সলিমপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও সিলিং ফ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ২৭টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সলিমপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ১৮ জোড়া জার্সি, ১৮টি ফুটবল এবং ৫০টি সিলিং ফ্যান তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

সলিমপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহির মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান ও ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, স্বপন সরদার, ছবিহা খাতুন, সুবর্ণা খাতুন, ফুরকান আলী বিশ্বাস ও মনারুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মমিনুল ইসলাম এবং গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ ঈশ্বরদী উপজেলা পরিষদের ভোট যুদ্ধ, আনারসের সঙ্গে লড়াই হবে মোটরসাইকেলের

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঈশ্বরদীতে নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার।  সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীসহ মোট ১৪ প্রার্থী। ইতিমধ্যে শেষ হয়েছে ভোট গ্রহণের সব প্রস্তুতি। 

তৃতীয় ধাপে এ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৭ এপ্রিল। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয় ১৩ মে। 

এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সদস্য ও সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার (আনারস) প্রতীকে, ঈশ্বরদী পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীকে ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সিদ্দিকী (ঘোড়া প্রতীক) নির্বাচন করছেন। সকলে প্রথম বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছে। তবে আবুল কালাম আজাদ মিন্টু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

এবারও কি পাবনা জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জিতছে নাকি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর মেয়র কালাম আজাদ মিন্টু জিতবে, এমন নানামুখী আলোচনার উত্তর পাওয়া যাবে আজ রাতের মধ্যেই। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর শুরু হবে ভোট গণনা। উপজেলা পরিষদ নির্বাচনের এবারই প্রথমবারের মতো এখানে ইভিএমে ভোট হচ্ছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। অবশ্য নির্বাচন কর্মকর্তারা আশা করছেন, রাত ৯ থেকে ১০টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান কারা, সে সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ। 

এমদাদুল হক রানা সরদার জনগণকে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। আমি উপজেলায় পা দেওয়ার পর থেকে ব্যাপক উন্মাদনা টের পেয়েছি। ঈশ্বরদীর মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সহায় হোন। 

অন্যদিকে কালাম আজাদ মিন্টু বলেছেন, ভোটের পরিবেশ সুন্দর থাকলে জনগণ আমার পক্ষে, মোটরসাইকেলের পক্ষে রায় দেবে। তিনি ভোটকেন্দ্র পাহারা দিতে তাঁর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে আশা প্রকাশ করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘উৎসবমুখর ভোট হবে, এটাই আশা।’ তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

নির্বাচনী সব সরঞ্জাম ইতিমধ্যে গতকাল মঙ্গলবার বিকেল থেকে পৌঁছে যায়। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। 

প্রসঙ্গত ঈশ্বরদী উপজেলার ১টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ৮৪ টি কেন্দ্রের ৬০২ টি ভোট কক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২২ হাজার ৮৭৬ জন এবং নারী ১ লাখ ২০ হাজার ৫১২ জন। 

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন