বেড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নদীর পানি বৃদ্ধি, আতঙ্কে বেড়ার চরাঞ্চলের মানুষ

উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি অত্যধিক বৃদ্ধি পেয়েছে

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা ঢলে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর পানি বেড়েছে। এতে নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ভাঙন ও সম্ভাব্য বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে নদীর পানি বাড়ার সময় উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের চর কল্যাণপুর, নতুন ভারেঙ্গা ইউনিয়নের খয়ের বাগান ও নেওলাইপাড়া এবং হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ গ্রামের যমুনা বাজার এলাকায় নদীভাঙন শুরু হয়। সে সময় যমুনা বাজারের প্রায় ২০০টি দোকানঘরের জায়গা, একটি মসজিদ, একটি মাদ্রাসা, নেওলাইপাড়া গ্রামের কিছু জমিজমা এবং চর কল্যাণপুর এলাকার বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

গত কয়েক দিন ধরে যমুনার পানি কিছুটা কমায় বর্তমানে ওই সব এলাকায় ভাঙন নেই বলে চরাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন।

চর নাগদাহ গ্রামের ইউপি সদস্য জাহিদ মোল্লা বলেন, ‘চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। নদীভাঙনে অনেকেই নিঃস্ব হয়েছেন। এর মধ্যে আবার জুলাই-আগস্টে বন্যার আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এতে মানুষের উদ্বেগ আরও বেড়েছে।’

বেড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, পুরান ভারেঙ্গা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের সাবমেরিন ক্যাবল, বসতি ও বিভিন্ন স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে নদীতে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।

এদিকে জুলাই-আগস্টে দেশের কয়েকটি এলাকায় বন্যার সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, ভাঙনকবলিত এলাকা তিনি পরিদর্শন করেছেন। নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কাজ দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

চরাঞ্চলের শিশুদের নিয়ে ব্রাজিল–আর্জেন্টিনা প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়ায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিকে ফাউন্ডেশনের উদ্যোগে ঢালার চর দুর্গাপুর চরের স্বপ্নগ্রাম এলাকায় এই ম্যাচের আয়োজন করা হয়।

বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ বাতেন খান ভার্চ্যুয়ালি খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পোর্ট ফুড অ্যান্ড এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার টুটুল প্রামাণিক এবং বিশিষ্ট ব্যবসায়ী জুলহাস উদ্দিন বাবু।

বিকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।’

বেড়ায় ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়ার প্রত্যন্ত গ্রামে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এই ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী চিড়া, মুড়ি-মুড়কি, খই ও বাতাসা দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর পেঁচাকোলা ও চর নাকালিয়া কমিউনিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন।

ব্রেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে নিজেদের আত্মবিশ্বাস ও নতুন কিছু শেখার অভিজ্ঞতা বিনিময় করেন পেঁচাকোলা কমিউনিটির সদস্য মারুফা, দিলরুবা, আরিফুল ও শ্রাবন্তি। সাংস্কৃতিক পর্বে গ্রামীণ নৃত্য পরিবেশন করে মোহনা, মাইশা ও আঁখি। এছাড়া ‘নিজেদের শক্তি ব্যবহার করে পরিবর্তন’ শীর্ষক একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে ‘টিম টাইগার’-এর সদস্য মুরাদ, আকাশ ও সরোয়ার।

মেলায় শিশুদের খেলাধুলা ছাড়াও বিশেষ আকর্ষণ ছিল জ্ঞান মেলার বিভিন্ন স্টল ও উপস্থাপনা। এতে রাস্তা মেরামত, জলাবদ্ধতা নিরসন এবং ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করার মতো জনহিতকর উদ্যোগগুলো তুলে ধরা হয়। এসব উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন কৃষ্ণচূড়া টিমের মনিকা খাতুন; যমুনা টিমের কলি, শ্রাবন্তি, রাশেদুল ও সাদিয়া; টিয়া টিমের মারুফা ও ফাতেমা; জবা টিমের হাজেরা ও আনোয়ার এবং টিম টাইগারের আরিফুল।

অনুষ্ঠানে ‘অন্যান্য কমিউনিটির কণ্ঠে পরিবর্তন: বাংলাদেশ কোহর্টের গল্প’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় করেন পার্টনার সংগঠন এপসি বাংলাদেশের সদস্যরা।

ব্রেড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান ও ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া অনুষ্ঠানটি সমন্বয় করেন। চর নাকালিয়া কমিউনিটির সদস্য সাদিয়া খাতুনের সঞ্চালনায় এতে সহযোগিতা করেন সল্ট ফেসিলিটেটর বায়েজিদ বোস্তামী।

দিনশেষে ঐতিহ্যবাহী লাঠি খেলা, জারি গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য ছিল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ নেতৃত্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

পাবনা-ঢালারচর রুটে নতুন ট্রেন চালুর সম্ভাবনা যাচাইয়ে দুই সচিবের রেল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সম্ভাবনা যাচাই করতে রেল ও সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের দুই সচিব ঈশ্বরদী-ঢালারচর রেলরুট পরিদর্শন করেছেন। 

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বুড়িমারী এক্সপ্রেসের একটি বিশেষ কোচে রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব এহছানুল হক ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে পৌঁছান।

স্টেশনে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগ ও স্থানীয় কর্মকর্তারা। তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে সচিবদ্বয়কে স্বাগত জানান। এরপর তারা বাইপাস রেলস্টেশন ঘুরে দেখেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলওয়ে পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান, পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক লিয়াকত শরিফ খান এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম. আব্দুন নূরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের পর তারা পাবনার ঢালারচর রেলস্টেশনও ঘুরে দেখেন। পরে বেড়া উপজেলার ঢালারচরে তারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঢাকা–পাবনা রুটে নতুন ট্রেন চালুর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পেচাকোলা বিদ্যানিকেতনে চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করলো ব্রেড


নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলায় বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)। ‘গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে ফলদ, ঔষধি গাছ ও সবজি চাষের মধ্য দিয়ে তারা এই কার্যক্রম শুরু করে।

গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সহায়তায় মঙ্গলবার উপজেলার পেচাকোলা অগ্রগামী বিদ্যানিকেতন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ চন্ডী চরণ পোদ্দার

প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির। স্বাগত বক্তব্য দেন ব্রেডের উপপরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়া। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশিকুর রহমান লুলু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ব্রেডের কমিউনিটি লিডার কামাল হোসেন এবং কর্মকর্তা মোছা. রওশন আরা

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ব্রেড দীর্ঘদিন ধরে বেড়াসহ পাবনার বিভিন্ন এলাকায় শিক্ষা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে। প্রতি বছরই তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে এবং শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সহায়তা দিয়ে থাকে।

সুপ্ত শিখা স্কুলে শিক্ষাসামগ্রী পেল বিশেষ শিশুরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে অবস্থিত 'সুপ্ত শিখা স্কুলে' বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)। সহযোগিতায় ছিল গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন ইউএস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন সুপ্ত শিখা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, 'প্রতিবন্ধীদের বোঝা না ভেবে, ভালোবাসা দিয়ে তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুদের শুধু পাঠ্যপুস্তকে আটকে না রেখে খেলাধুলায়ও আগ্রহী করে তুলতে হবে, যেন তারা আনন্দের মধ্য দিয়ে শেখে।' 

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা এই বিশেষ শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে শ্রম দিচ্ছেন, তা প্রশংসার দাবিদার। প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলের পাশে থাকার চেষ্টা করব।' 

অনুষ্ঠানে ব্রেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যক্রম সমন্বয়কারী আশিকুর রহমান, এ এইচ এ গিফারী, বায়েজিদ বোস্তামী ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা উৎসাহ ও উচ্ছ্বাসের সঙ্গে পুরো আয়োজনে অংশ নেন।

ব্রেডের ৩০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্রি কলেজ মিলনায়তনে শনিবার বর্ণাঢ্য আয়োজন করা হয়।

দিনভর চলে বিভিন্ন কর্মসূচি, যার মধ্যে ছিল টি-শার্ট বিতরণ, ব্যাচ পরিধান, সেমিনার, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রেডের সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।

ব্রেডের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব মো: শামছুল হক। তিনি বলেন, 'গ্রামের মানুষকে উন্নয়নের মূলধারায় টেনে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।' 

সভায় ব্রেডের উপ-পরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. শরিফ আহমেদ চৌধুরী, উপদেষ্টা জাকিয়া শিশির, নরেশ চন্দ্র মধু এবং বেড়া প্রেসক্লাব সভাপতি ডা. মো: আব্দুল হান্নান।

ব্রেডের প্রকল্প সমন্বয়ক আশিকুর রহমান লুলু ৩০ বছরের অর্জন নিয়ে প্রেজেন্টেশন করেন। অনুষ্ঠানে চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডা. মো: আব্দুল হান্নান ও মরহুম ওয়ারেজ আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্রেডের এই ৩০ বছরের যাত্রা গ্রামের মানুষকে স্বাবলম্বী করে তোলার এক গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

পাবনায় বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য পাবনার হাজিরহাট ঘাটে অবস্থান করছিল অস্ত্র ব্যবসায়ী। এমন খবরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ একজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলার আমিনপুর শরিফপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম সহিদুল ইসলাম (৩৫)। তিনি সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বংখুরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর পাবনার ক্যাম্পের সদস্যরা জানতে পারে যে, যমুনা নদীর পাশে কাজিরহাট ঘাটের ওপর একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন সে। তবে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে পাকিস্তানের তৈরি গুলিবিহীন একটি রিভলবার পাওয়া যায়। আভিযানিক দলটির নেতৃত্বে ছিলেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার এএসপি কিশোর রায় ।

সহিদুলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন