স্কুল ক্রিকেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্কুল ক্রিকেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্টে আরিজ একাদশের জয়

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অনুষ্ঠিত মরহুম আব্দুল হামিদ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় সাজির একাদশকে ৩১ রানে হারিয়ে ট্রফি জিতেছে নবম শ্রেণির আরিজ একাদশ।

বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে আট ওভারের সংক্ষিপ্ত ফরম্যাটের এই চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতে বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের আয়োজন করে। 

খেলার শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ষষ্ঠ শ্রেণির সাজির একাদশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেটে ৭৪ রানের সংগ্রহ গড়ে আরিজ একাদশ। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন রেজওয়ান ইসলাম রাতুল। মূলত আরিজ আহমেদ ও রাতুলের দায়িত্বশীল জুটিতে ভর করেই লড়াইয়ের উপযোগী পুঁজি পায় দলটি।

৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরিজ একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে সাজির একাদশের ব্যাটাররা। নির্ধারিত সময়ে ৬ উইকেট হারিয়ে ৪৪ রানেই তাদের ইনিংস থেমে যায়। ফলে ৩১ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় আরিজ একাদশ।

চূড়ান্ত খেলায় ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন রেজওয়ান ইসলাম রাতুল। আর পুরো প্রতিযোগিতা জুড়ে ১৩৮ রান ও ৪ উইকেট শিকার করে টুর্নামেন্টসেরা হন আরিজ আহমেদ। এ ছাড়া সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে সেরা বোলারের স্বীকৃতি পান কাউসার আহমেদ অরণ্য।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শামসুল আরেফিন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন