এক ম্যাচ পর ফের বার্সেলোনার হোঁচট

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থেকে শীর্ষস্থান নড়বড়ে করার পর মায়োর্কার বিপক্ষে বড় জয় পেয়েছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচেই রিয়াল বেতিসের মাঠে গিয়ে পয়েন্ট খুইয়েছে কাতালান জায়ান্টরা।

শনিবার বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে লা লিগায় নিজেদের ১৭তম ম্যাচটি রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।

প্রথমার্ধে ৩৯তম মিনিটে লেভানডোভস্কির গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লিড হারায় বার্সেলোনা। ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে স্বাগতিকদের সমতায় ফেরান জিওভানি লো সেলসো। এরপর ম্যাচের ৮২তম মিনিটে ফেররান তোরেসের গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও অতিরিক্ত যোগ করা সময়ে ফের ম্যাচে সমতা টানেন বেতিসের বদলি নামা ফরোয়ার্ড আসানে দিয়াও।

এদিন ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে বার্সার রক্ষণে কাঁপুনি ধরিয়ে দেয় বেতিস। এর মধ্যে ম্যাচের প্রথম দুই মিনিটেই গোল করার দুটি দারুণ সুযোগ তৈরি করে তারা। তবে বার্সার রক্ষণভাগ ও গোলরক্ষকের কল্যাণে শুরুতেই পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় সফরকারীরা।

শুরু ধাক্কা সামলে দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে ছন্দে ফেরে বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ৩৯তম মিনিটে গোলের খাতাও খোলে তারা।
ডান দিকে দিয়ে আক্রমণে উঠে লামিন, পেদ্রির পা ঘুরে বল আসে এগোতে থাকা জুল কুন্দের কাছে। তিনি খানিকটা এগিয়ে গিয়ে গোলমুখে সতীর্থের উদ্দেশে ক্রস দেন, আলতো টোকায় তার নিচু ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন রবের্ট লেভানডোভস্কি।

এর ফলে লা লিগায় ১৬ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১৬টি। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৩ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। শুধু তা-ই নয়, ২০১৮/১৯ মৌসুমে লিওনেল মেসির পর লা লিগায় এই প্রথম কোনো খেলোয়াড় মৌসুমের প্রথম ১৬ ম্যাচে ১৬ বা তার বেশি গোল করলেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে যৌথভাবে গোল করেছেন ১৬টি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দ হারায় বার্সেলোনা। আর সুযোগ কাজে লাগিয়ে গোল আদায়ের চেষ্টা করে বেতিস। এরই ধারাবাহিকতায় প্রথম ৮ মিনিটে তিনটি গোলের পরিষ্কার সুযোগ তৈরি করে পেলেগ্রিনির শিষ্যরা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতা ও ইনিয়াকি পেনিয়ার নৈপুণ্যে জাল অক্ষত থাকে বার্সার।

তবে আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ৬৫তম মিনিটে পেনাল্টি আদায় করেন বার্সা থেকে এ মৌসুমে বেতিসে ধারে খেলা ভিতর রকে। তা থেকে গোল আদায় করে বেতিসকে সমতায় ফেরান ভিওভানি লো সেলসো।

এ সময় শুরুতে পেনাল্টি না দিলেও রিভিউ দেখে সিদ্ধান্ত পরিবর্তন করায় রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্সা বস হান্সি ফ্লিককে।
ম্যাচের ৮২তম মিনিটে লামিনের একক নৈপুণ্য প্রদর্শনের পর দ্বিতীয় গোল পেয়ে ফের এগিয়ে যায় বার্সেলোনা।

বাঁ পাশ দিয়ে ড্রিবল করতে করতে বক্সের সামনে থেকে গোলমুখে অসাধারণ একটি থ্রু বল বাড়ান ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, এগিয়ে গিয়ে তা থেকে গোল আদায় করেন লেভানডোভস্কির বদলি নামা ফেররান।

এর ফলে চোট থেকে ফিরে পরপর দুই ম্যাচে দুই গোল করলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আর লা লিগায় লামিন ইয়ামালের অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হলো ৯টি, যা ভিনি-এমবাপ্পে-বেলিংহ্যামের মোট অ্যাসিস্টের সমান।

এরপর অতিরিক্ত যোগ করা ৮ মিনিটের চতুর্থ মিনিটে দিয়াওর গোলে আবারও সমতায় ফেরে বেতিস।

ডান পাশ থেকে আইতর রুইবালের অসাধারণ একটি পাসে দারুণ এক ছোঁয়ায় পেনিয়াকে বোকা বানিয়ে বল ঠিকানায় পাঠিয়ে দেন দিয়াও। বদলি হিসেবে মাঠে নামার পর প্রথম ছোঁয়াতেই গোল পেয়ে যান এই স্ট্রাইকার।

এর ফলে বিলবাওয়ের বিপক্ষে হেরে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ দিলেও তা ভালোভাবে কাজে লাগাতে ব্যর্থ হলো বার্সেলোনা। ১৭ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে দলটি।

১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রাতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নিয়ে আসার সুযোগ এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। পরের ম্যাচটি জিতলে বার্সাকে টপকে টেবিলের শীর্ষে ওঠার সুযোগও থাকবে তাদের সামনে।

এছাড়া বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। পরের দুই ম্যাচে সেভিয়া ও গেতাফেকে হারিয়ে বার্সাকে ছোঁয়ার সুযোগ আছে দিয়েগো সিমিওনের শিষ্যদের সামনেও। এরপর আগামী ২১ ডিসেম্বর সরাসরি সাক্ষাতে তাদের হারিয়ে টপকে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে আতলেতিকোর জন্য।

আজ রাত ২টায় জিরোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এছাড়া আগামীকাল রাত ২টায় সেভিয়াকে আতিথ্য দেবে আতলেতিকো।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন