ফুটবল বিশ্বকাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফুটবল বিশ্বকাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে ঈশ্বরদীতে সমর্থকদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: রুদ্ধশ্বাস ও নাটকীয় এক ম্যাচে মিশরকে ৩–২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তে টানা তিন গোল করে দলটির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন ঈশ্বরদী শহরের সমর্থকেরা।

মঙ্গলবার রাতে খেলা শেষ হওয়ার পর শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা রেলগেট এলাকায় জড়ো হন। হাতে জাতীয় পতাকা, গায়ে দলের জার্সি আর মুখে জয়ধ্বনি—সব মিলিয়ে ব্যস্ত এলাকাটি কিছু সময়ের জন্য উৎসবের রূপ নেয়।

ম্যাচের শুরুতে মিশর দুই গোলে এগিয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। তবে শেষ মুহূর্তে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনে সেই হতাশা বদলে যায় আনন্দে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

উল্লাসে অংশ নেওয়া সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই জয় তাঁদের কাছে ছিল বাড়তি আবেগের।

কলেজশিক্ষার্থী সালমান হাবিব বলেন, ম্যাচের শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ বাঁশি বাজার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি, সোজা এখানে চলে এসেছি।

সমর্থক জুয়েল খান বলেন, শেষ পর্যন্ত বিশ্বাস ছিল আমরা ফিরে আসব, জয় পাব। এমন ম্যাচ বারবার আসে না।

শিক্ষার্থী মো. হাসানুল বলেন, এ এক অবিশ্বাস্য জয়। আর্জেন্টিনা দেখিয়ে দিল, এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা দল তারাই।

ব্যবসায়ী রাশেদ আহমেদ বলেন, মনে হচ্ছিল, আজ আর হবে না। কিন্তু দলটি শেষ পর্যন্ত লড়ে জিতেছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।

প্রবীণ সমর্থক আখলাক হোসেন বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগের বিষয়। আর্জেন্টিনার জয় মানে আমাদের আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করতেই এখানে এসেছি।

ঈশ্বরদীতে ব্রাজিলের সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় খেলাকে সামনে রেখে ঈশ্বরদীতে উৎসবের আমেজে মেতেছেন ব্রাজিলের সমর্থকেরা। হাইতির বিপক্ষে খেলাকে ঘিরে শুক্রবার বিকেলে ঈশ্বরদী শহরে শত শত মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন তাঁরা। শহরের আলোবাগ মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পুরো শহর ঘুরে আসে।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় উত্তর আমেরিকার দেশ হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই খেলাকে ঘিরে ঈশ্বরদীর ব্রাজিল-ভক্তদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

প্রথম খেলায় মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা করছেন সমর্থকেরা।

এক ব্রাজিল সমর্থক বলেন, ‘ফুটবলে ব্রাজিলের অবদান অনেক দিনের। ব্রাজিল ছাড়া ফুটবলের সৌন্দর্যই যেন অপূর্ণ। এবারও দলটি দারুণ খেলবে এবং নিজস্ব ছন্দে বিশ্বকাপ জিতবে বলে আমরা বিশ্বাস করি।’

শুধু শোভাযাত্রাই নয়, খেলাকে কেন্দ্র করে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় চলছে নানা আয়োজন। শহরের মোড়ে মোড়ে উড়ছে ব্রাজিলের পতাকা, বেড়েছে জার্সি কেনার ধুমও।

খেলা সকালবেলায় হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন ও পাড়ায় বড় পর্দা এবং প্রক্ষেপণ যন্ত্রে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। খেলা শেষে দলবেঁধে আনন্দ উদ্‌যাপনের পাশাপাশি খিচুড়ি ও বিশেষ ভোজের আয়োজনও করেছেন অনেক সমর্থক।

ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপের উন্মাদনা শুরু

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই এবার ঈশ্বরদীর ক্রীড়ামোদিদের মাঝেও ছড়িয়ে দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। 'সি' গ্রুপের বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ফুটবল ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় দলের আসর শুরুর ম্যাচটি স্মরণীয় করতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা, পতাকা প্রদর্শন ও যৌথ ভোজের মতো নানা উদ্যোগ নেন সমর্থকেরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রোববার ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। ভোর ৫টার দিকে শহরের কাচারী পাড়া ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, ভোরের ঘুমকে উপেক্ষা করে বড় প্রজেক্টরের সামনে জড়ো হয়েছেন দুই শতাধিক ফুটবলপ্রেমী। সেখানে উপস্থিত দর্শকদের সিংহভাগই ছিলেন ব্রাজিলের পাঁড় সমর্থক।

ব্রাজিলীয় ফুটবলের ভক্ত রাইয়ত মহন তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রতি বিশ্বকাপের মতোই এবারও তাঁরা দল বেঁধে আনন্দ করার পরিকল্পনা করেছেন। একসঙ্গে বসে খেলা দেখা ও খাওয়া-দাওয়ার আয়োজন সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে মরক্কোর সমর্থক মশিউর রহমান মাসুমের কণ্ঠে ভিন্ন সুর; তাঁর বিশ্বাস, চমক দেখিয়ে এবার মরক্কোই ট্রফি ঘরে তুলবে।

অবশ্য মাঠের তীব্র লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে মরক্কো প্রথমে লিড নিলেও, বেশি সময় আনন্দ করতে পারেনি তারা। এর ঠিক ১১ মিনিট পর, অর্থাৎ ৩২ মিনিটের মাথায় ব্রুনো গিমায়েরেসের চমৎকার গোলে সমতায় ফেরে সেলেসাওরা।

এদিকে ল্যাটিন পরাশক্তি ব্রাজিলের ম্যাচ শেষ হতেই ঈশ্বরদীতে পারদ চড়তে শুরু করেছে আর্জেন্টিনার সমর্থকদের শিবিরে। আলবিসেলেস্তে ভক্তরাও নিজেদের প্রথম ম্যাচকে কেন্দ্র করে বড় প্রজেক্টরে খেলা প্রদর্শন ও ভূরিভোজের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে, টুর্নামেন্টের শুরুতেই ঈশ্বরদীতে ফুটবলের চিরচেনা আমেজ পুরোপুরি জমে উঠেছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন