
নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ঈশ্বরদী উপজেলা একাদশ।
আজ শুক্রবার বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা ও পাবনা পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে পাবনা সদর উপজেলা একাদশ ও ঈশ্বরদী উপজেলা একাদশ।
নির্ধারিত সময়ের রোমাঞ্চকর খেলায় ঈশ্বরদী উপজেলা একাদশ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ নিজেদের ঘরে তুলল।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

