নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মরহুম শাজাহান আলী রঞ্জু স্মৃতি ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত খেলা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
সমাজসেবক মেহেদী হাসান তারেকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিজ আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক, চর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, সাজিদ হাসান, শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় সেভেন বুলেট দল ৩-১ গোলে ইয়ং স্টার দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে স্মারকচিন্হ, পদক ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

