শিক্ষাপ্রতিষ্ঠান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষাপ্রতিষ্ঠান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সকাল প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সকাল প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। বুধবার সকালে স্কুল চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্কুলের অধ্যক্ষ মো. হেলালুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা পরিচালনা করেন পরিচালক মহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর  আনোয়ার হোসেন জনি। বিশেষ অতিথি ছিলেন দাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম মাসুম এবং আপেল মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক টিপু সুলতান, মুফিকা জাহান এবং শিল্পী প্রমুখ।

পুরস্কার বিতরণ করা হয়েছে স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। প্রতিটি শ্রেণির তিনটি শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, খাদেম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে এক কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে খাদেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর দারুসুন্নাহ মদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ওই তরুণের নাম মো. নাইম হোসেন (২১)। তিনি মাদ্রাসাটির বড় হুজুরের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিতেই শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে। তিনি মৃত সাদিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসার দ্বিতীয় মক্তব শাখায় পড়ালেখা করে। শুক্রবার দুপুরে অজু করতে গেলে নাইম তাকে একাকী পেয়ে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নাইমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া নাইমকে শনিবার আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ছাত্রকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণ ও তাঁর বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন শিক্ষার্থী শিবলু আহম্মেদসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, পারভেজ রেজা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িত। ২০০৬ সালে তিনি বাঘইল স্কুলে কর্মরত থাকাকালে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সাময়িক বরখাস্ত হন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরিতে ফিরে আসেন। ২০১১ সালে চররূপপুর স্কুলে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ, অফিস কক্ষে ধূমপান, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো, পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের মতো একাধিক নির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বক্তারা জানান, এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দিলেও প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতে সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে।

ঈশ্বরদী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে । শনিবার এই কলেজের ক্যাম্পাসে দিনভর নানা প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, 'খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষারই অংশ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মন ও শরীর উভয়ের বিকাশে সহায়ক। আজ যারা বিজয়ী হতে পারেনি, তারা যেন হতাশ না হয়। প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে আরও ভালো করবে।'

তিনি আরও বলেন, 'আমরাও একসময় ছাত্র ছিলাম, খেলাধুলা করেছি, আজ অনেকে জনপ্রতিনিধি, রাজনীতিক কিংবা ব্যবসায়ী হয়েছেন। বর্তমানে দেশে শিক্ষাব্যবস্থা নানা চাপে বিপর্যস্ত। এখান থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্ব নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে।'

কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের  একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবদুর রশিদ, অধ্যাপক আজমল হোসেন সুজন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, আতাউর রহমান পাতা ও  রফিকুল ইসলাম রকি প্রমুখ।

এইচএসসির ফলাফলে এগিয়ে আছে মেয়েরা

এগিয়ে মেয়েরা

 সংবাদ সাতদিন ডেস্ক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।

৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।

মেয়েরা ছেলেদের চেয়ে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে। ১ লাখ ৪৫ হাজার ৯১১ জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৮০ হাজার ৯৩৩ জন আর ছাত্র ৬৪ হাজার ৯৭৮ জন।

এবছর পাসের হার কিছুটা কমেছে। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ যা এ বছর ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ ও ৮৮ দশমিক  শূন্য ৯ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।

পাসের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে সিলেট আর সবচেয়ে পিছিয়ে আছে ময়মনসিংহ।

পাসের হার সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৮ শতাংশ, বরিশালে ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ২৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ২১ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লায় ৭১ দশমিক ১৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ এবং ময়মনসিংহে ৬৩ দশমিক ২২ শতাংশ।

চলতি বছরে ২ হাজার ৬৯৫টি কেন্দ্রে ৯ হাজার ১৯৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী- ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটাসংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার

বাতিল পরীক্ষাগুলোতে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এইচএসসিতেও একই নম্বর দিয়ে ফল তৈরি করেছে শিক্ষা বোর্ড। তাছাড়া বিভাগ ও বিষয়ে মিল না থাকলে সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং নীতিমালা অনুসরণ করা হয়েছে।

চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে শতবর্ষ পূর্তি উৎসব নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: প্রমত্তা পদ্মা নদীর কোলঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভা হয়েছে।

শনিবার বেলা ১১টায় পাকশী হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের মতামত তুলে ধরেন।

চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ প্রাক্তনী কমিটির সভাপতি গোলাম মোস্তফা রবির সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধে পাবনা জেলার কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সদরুল হক সুধা, পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বাংলাদেশ বার কাউন্সিল ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান এডভোকেট রবিউল আলম বুদু,  পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাইফুল আলম বাবু মন্ডল, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সেলিম সরদার ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তনী কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী খান মঞ্জু। সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত সবচেয়ে পুরোনো স্কুল বাংলাদেশ রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। এটি বাংলাদেশ রেলপথ কর্তৃপক্ষের পরিচালনায় সরকারি বালক উচ্চবিদ্যালয়। ১৯২৪ সালে বাবু জগীন্দ্র চন্দ্র দাশগুপ্ত তাঁর মা চন্দ্রপ্রভা দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শঙ্খ ঘোষ, কলকাতা কর্পোরেশনের সাবেক মেয়র প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়, পূর্ব পাকিস্তান রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল গফুর এবং দেশ-বিদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, রাজনীতিবিদ এখানকার ছাত্র ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন