যুবদল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যুবদল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে যুবদল-ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: ‘মাদকের অন্ধকার নয়, মাঠের আলোই আমাদের শক্তি। মাদকমুক্ত ঈশ্বরদী গড়াই আমাদের অঙ্গীকার—এই প্রতিপাদ্য সামনে রেখে  ঈশ্বরদীতে প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে এই ম্যাচ আয়োজন করে ঈশ্বরদী ফুটবল একাডেমি।

খেলা শুরুর আগে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে অতিথিরা স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং খেলোয়াড়দের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক থেকে দূরে সরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজেদুজ্জামান জিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আতিকুর রহমান তারা, লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল আখতারুজ্জামান এবং যুবদল নেতা চয়ন সরদার ও রানা আহমেদ শাহীন উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়ায় যুবলীগ নেতা আটক, বিক্ষোভের পর ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামে এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার পর ছাত্রদল নেতা ও গ্রামবাসীর বিক্ষোভের মুখে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রিপন সরকারকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাশকতায় জড়িত থাকার সন্দেহে রিপন সরকারকে আটক করে থানায় নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর ওসির কক্ষে পুলিশ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেল এবং গ্রামের কয়েকজন শীর্ষ ব্যক্তি আলোচনায় বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল বলেন, তাঁদের গ্রামের স্বার্থে একটি খাসজমির ওপর বাজার বসানো হয়েছে। এ নিয়ে গ্রামে বিরোধ চলছে। এক ব্যক্তির স্বার্থে রিপন সরকারকে থানায় আটক করে আনা হয়েছে। তাই তাঁরা থানায় গিয়েছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে থানায় আনা হয়েছিল। তবে তাঁর সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত বদল, জুয়েলসহ ৪ যুবদল নেতার বহিষ্কারাদেশ আবার বহাল

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর যুবদলের চার নেতার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্রীয় যুবদল। তবে এর কিছুক্ষণ পরই নতুন বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত বদলে তাঁদের বহিষ্কারাদেশ বহাল রাখার কথা জানানো হয়।

বুধবার কেন্দ্রীয় যুবদল প্রথমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিকার, আকরুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমানের বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়ার কথা জানায়।

তবে ওই বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় যুবদল আরেকটি সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই চার নেতার বহিষ্কারের সিদ্ধান্ত বহাল থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রকাশিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তি

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে।

এদিকে প্রথমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই ফেসবুকে পোস্ট ও ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে কেন্দ্রীয় যুবদল অল্প সময়ের মধ্যেই সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগের সিদ্ধান্ত বদলে ফেললে বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে গত ২ ফেব্রুয়ারি ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের এই চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জুয়েলসহ চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আগে বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিকার, আকরুজ্জামান রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ২ ফেব্রুয়ারি  ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের এই চারজন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

অটোরিকশা স্ট্যান্ড নিয়ে ঈশ্বরদীতে যুবদলের সংঘর্ষ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ঈশ্বরদীতে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে একটি শ্রমিক ইউনিয়ন নেতার কার্যালয়েও।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায়। সংঘর্ষ হয় যুবদল নেতা রিপন প্রামানিকের বড় ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিক এবং দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লার অনুসারীদের মধ্যে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই অটোরিকশা স্ট্যান্ডটি রকু প্রামানিকের নিয়ন্ত্রণে ছিল। শুক্রবার বিকেলে বিপুল মোল্লা তার লোকজন নিয়ে স্ট্যান্ডে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রথমে বাগবিতণ্ডা, পরে তা সংঘর্ষে রূপ নেয়। একাধিক দফায় চলা এই সংঘর্ষে বিপুল মোল্লাসহ কয়েকজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিপুল মোল্লা অভিযোগ করেন, ‘চাঁদা না দেওয়ায় প্রথমে আমাকে মারধর করে রকু প্রামানিকের লোকজন। পরে দুইজন অটোরিকশা চালককেও মারধর করা হয়। এরপর স্ট্যান্ডে বিশৃঙ্খলা শুরু হয়। তবে কারা রকুর অফিস ভেঙেছে, সেটা আমি জানি না। আমরা তখন হাসপাতালে ছিলাম।’

অন্যদিকে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন বলেন, ‘বিকেলে যাত্রী তোলা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। পরে আমি দুই পক্ষকেই মীমাংসার জন্য ডাকি। কিন্তু রাতে বিপুল মোল্লার অনুসারীরা এসে আমার ভাইয়ের অফিস ভাঙচুর করে।’

ঘটনার পর বিপুল মোল্লা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে যুবদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন হীরক।

অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরে আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পৌর যুবদলের সদস্য সচিব প্রতীক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

এছাড়াও জিতু, রিপন সাইদুল মুকুল, আসাদ, পলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন