এমপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এমপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর সাহাপুরে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন পাবনা-৪  আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

সাহাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খোন্দকার সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ আবুল কাশেম এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সগির বিন নাসির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ।

ঈশ্বরদীতে ফুটবল প্রতিযোগিতার সমাপনী, বিজয়ী এএসটি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ভেলুপাড়া বন্ধু একাদশ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার আলহাজ কারখানা উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটির উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কারখানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুম সামাদ, ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম আযম, পৌর জামায়াতের যুব সম্পাদক মো. মারুফ হোসেন, হিরোশিমা ক্রীড়া ও সামাজিক সংঘের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পেনাল্টি শুটআউটে এএসটি ক্রীড়া দল ৪-২ গোলে ভেলুপাড়া উদীয়মান তারকা দলকে পরাজিত করে সেরার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন পাবনা জেলা রেফারি সমিতির সভাপতি শরীফ ইসলাম।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বসলেন এমপি তালেব

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব পরিচালনা পরিষদের কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকেরা ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। একই সঙ্গে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম রাজা ও আজিজুর রহমান খান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু ও শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ খানসহ অন্যান্য সাংবাদিক নেতারা।


এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম।

সবশেষে ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য আবু তালেব মণ্ডলের হাতে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পাবনায় বন্দে আলী মিয়াকে নিয়ে গবেষণাগ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক, পাবনা: কবি বন্দে আলী মিয়ার সাহিত্যকর্ম নিয়ে রচিত একটি গবেষণাগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্দে আলী মিয়ার সাহিত্যকর্মে সমকালীন সমাজ’ শীর্ষক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিন।

এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বইটির রচনার প্রেক্ষাপট ও এর লিখনশৈলী তুলে ধরেন লেখক মো. রুহুল আমিন।

প্রধান আলোচকের বক্তব্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুর রহমান গ্রন্থের উচ্চমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বন্দে আলী মিয়ার কাব্যকে তাঁদের বিভাগের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের কাছে বন্দে আলী মিয়ার সাহিত্যকর্ম আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে এই শেকড়সন্ধানী সাহিত্যিকের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. জাকির হুসাইন এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত সাহিত্য আড্ডায় রূপ নেয়।

পাবনায় ৪০ কর্মহীন যুবকের মাঝে যানবাহন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পাবনায় বেকার ও কর্মহীন মানুষকে স্বাবলম্বী করতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের যানবাহন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পাবনা বিসিক শিল্পনগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে ৪০ জনের মাঝে এসব যানবাহন তুলে দেওয়া হয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে যানবাহনের চাবি হস্তান্তর করেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'কাতার চ্যারিটি'র আর্থিক সহযোগিতায় এবং 'এবি ট্রাস্ট'—এর ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতার চ্যারিটির পার্টনারশিপ কো-অর্ডিনেটর তানভীর ইলাহি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

পাবনায় সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় বিভিন্ন সরকারি, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা খাত থেকে এসব সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ১০৪ ফ্যান, ১৬২ স্প্রে মেশিন, ৪৮ টিউবওয়েল এবং ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

পাবনায় যানজট নিরসনে তিন সড়ক চার লেনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: পাবনায় শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও নকশা তৈরির কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে। দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত এবং তৃতীয় ধাপে বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে।

শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিন, বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু ও ছুটির সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রস্তাবিত সড়কগুলো চার লেনে উন্নীত করা হলে শহরের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে।

পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির বলেন, ‘সংসদ সদস্যের এই উদ্যোগ সময়োপযোগী। এটি দ্রুত বাস্তবায়িত হলে জেলার মানুষ উপকৃত হবে।’

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, জেলা প্রতিষ্ঠার পর থেকে হামিদ রোডে উল্লেখযোগ্য সম্প্রসারণ না হওয়ায় বর্তমান জনসংখ্যা ও যানবাহনের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি পরিকল্পিত রিকশা স্ট্যান্ড স্থাপনের ওপরও জোর দেন।

বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, ‘চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে বিসিক শিল্পনগরীর ভারী যানবাহন বাইপাস সড়ক ব্যবহার করতে পারবে। এতে শহরের যানজট অনেকটাই কমবে।’

পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম বলেন, বাস টার্মিনাল থেকে গাছপাড়া পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত হলে প্রতিদিনের যানজট থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবে।

এদিকে স্থানীয় রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও বাসচালকদের পাশাপাশি ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দুই শতাধিক বছরের পুরোনো এই জেলার প্রধান সড়ক হামিদ রোড যানজটের কারণে কার্যত অচল হয়ে পড়েছে। বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে। শিগগিরই অংশীজনদের সভা শেষে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ জানান, সংসদ সদস্যের উদ্যোগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে সড়কের নকশা তৈরির কাজ চলছে।

এনসিপি নেতাদের বক্তব্য প্রত্যাহারের দাবি পাবনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে সারোয়ার আলম তুষার ও সারজিস আলমকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাবনা জেলা বিএনপি।

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা এ হুঁশিয়ারি দেন।

পাবনায় জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবর্ষণে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি।

লিখিত বক্তব্যে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার আলম তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য পুলিশ প্রশাসনকে আগে থেকেই অবহিত করা হয়েছিল এবং বিএনপির পক্ষ থেকে সহযোগিতামূলক ভূমিকা রাখা হয়।

তিনি বলেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

মাসুদ খন্দকার আরও বলেন, এনসিপির দুই নেতাকে অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাহার করে শিমুল বিশ্বাস ও পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার মানুষ তাঁদের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেবে না এবং অবাঞ্ছিত ঘোষণা করবে।

এনসিপির নেতাদের বক্তব্যের সঙ্গে জামায়াতের বক্তব্যের মিল রয়েছে বলেও অভিযোগ করেন মাসুদ খন্দকার। তিনি বলেন, ‘দুই দলের বক্তব্যের ভাষায় অনেক মিল রয়েছে। কে কোন সুরে কথা বলছে, তা জনগণ বুঝতে পারছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও বর্তমান আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরে এক পদযাত্রায় এনসিপির মুখ্য আহ্বায়ক সারোয়ার আলম তুষার অভিযোগ করেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

একই অভিযোগ তুলে ওই দিন সারজিস আলম তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জেলায় অবাঞ্ছিত ঘোষণা করার কথা বলেন।

শনিবার সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল এলাকা ঘুরে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু এবং যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতুসহ অন্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন। তাঁরা ওই বক্তব্য প্রত্যাহার করে সারোয়ার তুষারের নিঃশর্ত ক্ষমা দাবি করেন।

পথসভায় বক্তারা আরও বলেন, তাঁরা পাবনা জেলায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করছেন এবং দলটির কোনো কর্মকাণ্ড জেলায় পরিচালনা করতে দেবেন না।

শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাসাসসহ বিভিন্ন সংগঠন।

শনিবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জাসাসের সদস্যসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসএম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তরুণ, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্যসচিব ফয়সাল আবুজার, পৌর জাসাসের সদস্য সকিব উদ্দিন এবং সরকারি বুলবুল কলেজ জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, বৃহস্পতিবার চাটমোহরে এনসিপির পদযাত্রায় শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতা সরওয়ার তুষার। তারা ওই বক্তব্য প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরওয়ার তুষারের বক্তব্যের মাধ্যমে জামায়াতের নেতাকর্মীদের মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। এ সময় তারা পাবনার মাটিতে এনসিপির রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা করার কথা জানান।

পাবনায় বাইসাইকেল ও ক্রীড়াসামগ্রী পেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সোমবার বাইসাইকেল, ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১২০টি বাইসাইকেল এবং ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং সুধীজন।

পাবনায় দুরারোগ্য রোগে আক্রান্ত ও দুস্থদের সহায়তায় চেক বিতরণ


নিজস্ব প্রতিবেদক, পাবনা: জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পাবনায় ক্যানসার ও কিডনিসহ ছয় ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং দুস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার পাবনা সদরের আলহাজ আহেদ আলী ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

জানা গেছে, অনুষ্ঠানে ক্যানসার, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। সব মিলিয়ে মোট ৪৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার ছুফি উল্লাহ।

পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা কে এম মুসা, আব্দুস সামাদ খান মন্টু, প্রকৌশলী ওয়ারেছ উদ্দিন ও হাফিজুর রহমান রয়েল।

পাবনায় সাংবাদিকদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির

 

নিজস্ব প্রতিবেদক: পাবনায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের চোখের চিকিৎসাসেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পাবনা প্রেসক্লাব। ‘ভিশন স্প্রিং’-এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও চশমা দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য রক্ষায় পাবনা প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার ছুফি উল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ চক্ষু শিবিরে নিবন্ধিত সাংবাদিকদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। তাঁদের মতে, এ উদ্যোগ গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঈশ্বরদীতে ভাঙাচোরা সড়ক ও উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি তালেব

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন ভাঙাচোরা সড়ক ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

এ সময় তিনি ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা মোড় পর্যন্ত টিপু সুলতান সড়ক, বাইপাস স্টেশন সড়ক, ইস্তা-ভেলুপাড়া সড়ক, শহীদ আমিনপাড়া সড়ক, অরণকোলা পশুহাট সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং পৌরসভার বর্জ্য নিষ্কাশনের ডাম্পিং এলাকা ঘুরে দেখেন।

ভাঙাচোরা সড়কগুলো পরিদর্শন শেষে আবু তালেব মন্ডল বলেন, 'দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়কের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।' 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রধান প্রকৌশলী প্রবীর কুমার, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, সেক্রেটারি মাওলানা আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে: শিমুল বিশ্বাস এমপি

নিজস্ব প্রতিবেদক: ‘কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা বা সমর্থন নেই। গণমাধ্যমকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার থাকতে হবে।’—এমন মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শুক্রবার সকালে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, একটি সমাজের বিকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের চাহিদা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারলেই ব্যক্তি ও প্রতিষ্ঠান টিকে থাকতে পারে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনটিভি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে সংঘটিত পরিবর্তন ও বিপ্লব মানবসভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ভিন্নমতকে সম্মান করার সংস্কৃতি গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্বশর্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের হাতে অনুদানের চেক

নিজস্ব প্রতিবেদক: পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার ও আহত ৩ জনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

আইএলও সম্মেলনে শিমুল বিশ্বাস: ‘এআই যেন মানব মর্যাদা ক্ষুণ্ন ও বৈষম্য তৈরি না করে’

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রমিকদের মৌলিক অধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগের কর্মসংস্থান-সংকট এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয় তুলে ধরেছেন বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বাংলাদেশ সরকার ও বিভিন্ন শ্রমিক সংগঠনের মনোনীত প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নিতে তিনি গত ৩০ মে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৩১ মে শুরু হওয়া এই সম্মেলন ১২ জুন পর্যন্ত চলে। ৮ জুন জেনেভায় জাতিসংঘ দপ্তরের টেম্পাস হলে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বাংলাদেশের শ্রমিক সমাজের পক্ষে বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে শিমুল বিশ্বাস আইএলওর মূলনীতি ও আদর্শের প্রতি বাংলাদেশের শ্রমিকদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন শ্রমিক নেতা হিসেবে জনগণের ভোটে তাঁর নির্বাচিত হওয়া শ্রমজীবী মানুষের প্রতি আস্থার প্রতিফলন। তিনি শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষির অধিকারকে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রসঙ্গ তুলে শিমুল বিশ্বাস বলেন, প্রযুক্তির এই অগ্রযাত্রা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশের প্রায় ৭ কোটি ৩৫ লাখ অভ্যন্তরীণ কর্মশক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ১ কোটি ৮৫ লাখ অভিবাসী শ্রমিকের কথা উল্লেখ করে তিনি দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই এমনভাবে ব্যবহার করা উচিত নয়, যা মানব মর্যাদা ক্ষুণ্ন করে বা সামাজিক বৈষম্য বাড়িয়ে দেয়।’

প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতিতে কর্মরত শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইএলওর প্রস্তাবিত কনভেনশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি দুটি মৌলিক কনভেনশনসহ আইএলওর তিনটি কনভেনশন অনুমোদন করেছে। দেশে বর্তমানে শ্রম আইন সংস্কার, আইনি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ এবং সামাজিক সংলাপ আরও শক্তিশালী করার উদ্যোগ চলমান রয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি সরকার, মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে বিশ্বজুড়ে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

শামসুর রহমান শরীফের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল। ২০২০ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামসুর রহমান শরীফ পাবনা জেলা আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল খেটেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন সরকারের আমলে টানা পাঁচ বছর এবং পরে এরশাদ সরকারের আমলেও তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন।

তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রাবস্থায়। ১৯৫২ সালে পাবনা জেলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনের মিছিল থেকে তিনি প্রথম গ্রেপ্তার হন। পরে ১৯৭১ সালে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে তার জনপ্রতিনিধিত্ব শুরু হয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং পরে ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেছেন।

শামসুর রহমান শরীফ ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা সদর উপজেলার চর শানিকদিয়ার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঈশ্বরদী উপজেলার কৈকুণ্ডা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান এবং মায়ের নাম জোবেদা খাতুন।

২০২০ সালের ২ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য এই রাজনীতিকের মৃত্যু হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন