নিজস্ব প্রতিবেদক: ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ঈশ্বরদী উপজেলা দল। শনিবার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সুজানগর উপজেলাকে ৪-২ গোলে হারিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ঈশ্বরদী উপজেলা। পুরো খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে ৪-২ গোলে পরাজিত করে দলটি।
এই জয়ের ফলে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ঈশ্বরদী উপজেলা। পরের পর্বে তাদের প্রতিপক্ষ হবে ফরিদপুর উপজেলা।
ঈশ্বরদী পৌরসভার সচিব মো. জহুরুল ইসলাম বলেন, সুজানগর উপজেলার বিপক্ষে ঈশ্বরদী উপজেলার এই জয় অত্যন্ত আনন্দের। খেলোয়াড়দের দলগত নৈপুণ্য ও লড়াকু মানসিকতা প্রশংসার যোগ্য। আমরা আশা করি, দ্বিতীয় রাউন্ডেও তারা একই ধারাবাহিকতা বজায় রেখে ঈশ্বরদীকে আরও সাফল্য এনে দেবে। দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

