নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে কবর দেওয়া হবে। যত বেশি ষড়যন্ত্র করা হবে, ততই জোরালো প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা জামায়াত-শিবিরের রাজনীতির মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, দেশের মাটিতে তাদের রাজনীতি টিকবে না।
বুধবার বিকেলে ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন নতুন করে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব পালন করে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলেছেন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পাবনা জেলার উন্নয়ন প্রসঙ্গে হাবিব জানান, তিনি নিজে এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ সময় পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর দাবি, ঈশ্বরদী বিমানবন্দর সচলকরণ ও রেলগেটে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।
ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ আহমেদ ও সদস্যসচিব মনির আহমেদ। এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম, সদস্যসচিব শরিফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব ইমরুল কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।


