নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড়-ইস্তা সড়কে অবস্থিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাতৃছায়া কিন্ডারগার্টেন’-এর আন্তস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার ইস্তা স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ঈশ্বরদীর সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এহসানুল কবির শিমুল।
এ সময় বিশিষ্ট সমাজসেবক আনছার আলী, আবু বক্কর সিদ্দিক, উপজেলা ধান-চাল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম দুলাল মণ্ডল, কৃষক নেতা আদম আলী ও সাংবাদিক খায়রুল বাশার মিঠু উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন জানান, এই টুর্নামেন্টে স্কুলের ছয়টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলেদের চারটি ও মেয়েদের দুটি দল রয়েছে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।
উদ্বোধকের বক্তব্যে এহসানুল কবির শিমুল বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করা উচিত। সুস্থ ও সুন্দর মনের জন্য ক্রীড়াচর্চার বিকল্প নেই। এমন আয়োজনের জন্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।





