চাঁপাইনবাবগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চাঁপাইনবাবগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ঈশ্বরদীর তিন যুবকসহ ছয়জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাবনার ঈশ্বরদীর তিন যুবকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোট ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনপাড়া এলাকার মো. মুন্না হাসান, মো. আসিফ হোসেন ও রতন আলী। বাকি তিনজনও একই ঘটনায় আটক হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে আম ব্যবসায়ী পরিচয়ে কয়েকজন ব্যক্তি রহনপুরের নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন এবং তাঁদের কাছে অস্ত্র রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথ অভিযান চালান। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছয়জনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশন-সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেট ছাড়া ছোট ট্রাক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি তার কাটার যন্ত্র, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলায় ডাকাতি করা দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা করার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৬ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে বলেও জানান স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আলিমুজ্জামান।

জয় বাংলা শ্লোগানে সাইকেল নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ৫২ বিদেশী সাইক্লিস্ট

নিজস্ব প্রতিবেদক: শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ভারতের মহারাষ্ট্র প্রদেশের আহমেদনগর থেকে প্রায় ৩৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তরের জেলা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সীমান্তের জিরো লাইন পেরিয়ে প্রবেশ করছে সারি সারি সাইকেল। দীর্ঘ সারিতে থাকা বিভিন্ন বয়সী সাইকেল আরোহীদের মুখে জয় বাংলা শ্লোগান। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫২ জনের সাইক্লিস্ট দল। প্রায় ২ মাস আগে এই সাইকেল র‍্যালী শুরু হয়ে ভারতের বিভিন্ন প্রদেশ অতিক্রম করে তারা। শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করেন তারা।

জানা যায়, বাংলাদেশের নোয়াখালি জেলায় অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫তম প্রতিষ্ঠাবর্ষিকী ও মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সাইকেল র‍্যালী নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারত ও ইংল্যান্ডের ৫২ জন সাইক্লিস্ট। চাঁপাইনবাবগঞ্জ থেকে আবারও সাইকেল র‍্যালী শুরু করে রাজশাহী, ইশ্বরদী, কুষ্টিয়া, টুঙ্গিপাড়া, শরিয়তপুর ও চাঁদপুর হয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রমে গিয়ে শেষ হবে এই র‍্যালী।

এদিকে ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর সাইক্লিস্টদের ফুল দিয়ে বরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাংসদ ডা. সামিউল আহমেদ শিমুল ও গান্ধী আশ্রমের কর্মকর্তারা। পরে বিকেলে সোনামসজিদ স্থলবন্দর থেকে রওনা দিয়ে রাতে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে পৌঁছান সাইক্লিস্টরা। বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতের স্নেহালয়া থেকে আসা স্বেচ্ছাসেবীরা বলছেন, এই সাইকেল র‍্যালী দুই দেশের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক পৌঁছে দিবে অন্যন্য উচ্চতায়।

এ সময় ভারত-বাংলাদেশ গুডউইল সাইকেল র‍্যালীর সমন্বয়কারী ড. গিরিস কুলকার্নি জানান, বর্তমান বিশ্বে নানারকম অশান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু বাংলাদেশ ও ভারতের দুই দেশের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে এই সাইকেল র‍্যালীর মাধ্যমে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর দর্শণ ও চিন্তাভাবনা তরুণদের মাঝে ছড়িতে দিতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে বলা হয়। তার মানবিকতা, মহানুভবতা, দেশপ্রেম সম্পর্কে জানতে পারি। আমরা যখন বাংলাদেশে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আরও জানতে পারব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে ও মহাত্মা গান্ধী সম্পর্কে আরও জানাতে ও তাদের মতাদর্শে অনুপ্রাণিত হতেই এই সফর করছি।

গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস বলেন, গান্ধীজি জীবদ্দশায় একবার বাংলাদেশের নোয়াখালী এসেছিলেন প্রায় ৭৫ বছর পূর্বে। তারই পূর্তি উৎসব হচ্ছে। এছাড়াও আগামী ২ অক্টোবর সোমবার গান্ধীজির ১৫৫ তম জন্মবার্ষিকী। এই দুই বিশেষ সময়কে একসাথে করে আমরা একটি উৎসব আয়োজন করেছি। আমাদেরকে এই আয়োজনে সহযোগিতা করছে ভারতের মহারাষ্ট্রের স্নেহালয়া নামের একটি প্রতিষ্ঠান। এই আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর শান্তি, অহিংসা, সম্প্রতির বানী পৌঁছে যাবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ভারতের মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শান্তির বার্তা বিনিময়ে এই সাইকেল র‍্যালী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে ৫২ জন সাইক্লিস্ট বাংলাদেশে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাংসদ৷ এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ ও চিন্তাধারা তা তাদের মাঝে পৌঁছে যাবে বলে তিনি মনে করেন।

সাইক্লিস্ট দলে রয়েছেন ৫০ জন ভারতীয় ও ২ জন ইংল্যান্ডের নাগরিক। বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতের স্নেহালয়া এই সাইকেল র‍্যালীর আয়োজন করে। এই ৫২ জন সাইক্লিস্ট আগামী ২ অক্টোবর নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন