জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১১ ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক: ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১১ ঘণ্টা যাবত রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় আটকে রেখে আন্দোলনের পর অবশেষে অবরোধ ছাড়লেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। রাত ১০টার দিকে নতুন কর্মসূচি দিয়ে তারা শাহবাগ ছাড়েন বলে জানা গেছে।

এর আগে বেলা ১১টার শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা পোস্টকে শাহবাগ ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, আজকের মতো আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। তবে আমরা আমাদের দাবিগুলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানাতে আগামীকাল (সোমবার) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাব। এটাই আপাতত আমাদের পরবর্তী কর্মসূচি।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি বলেন, আমরা জানি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা খুবই প্রজ্ঞাবান ব্যক্তি। তিনি নিশ্চয়ই আমাদের কষ্টগুলো বুঝবেন। আমাদের এখন একটা আশা, তিনি যদি আমাদের সমস্যাগুলো বোঝেন, আশা করি ভালো কিছু হবে।

এর আগে রাত সাড়ে ৯টায় দিকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এসময় তিনি ট্রেইনি চিকিৎসকদের আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার আশ্বাস দেন। দেশের সংকটময় সময়ে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান। তবে চিকিৎসকরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

‘ভয়ে’ অ‌ফিসে আসছেন না ইসলামী ব্যাংকের এমডি!

নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তাদের রোষানলে পড়ে গত বৃহস্প‌তিবার (১৯ ডিসেম্বর) অ‌ফিস ছাড়তে বাধ্য হন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। এরপর থেকে তি‌নি আর অ‌ফিসে আসছেন না।

ইসলামী ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, ব‌্যাং‌কিং খাতের বড় লুটপাটকারী এস আল‌ম গ্রুপের এলসি খোলা‌ সংক্রান্ত কা‌রণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এম‌ডির মনোমা‌লিন্য সৃ‌ষ্টি হয়। এক পর্যায়ে কর্মকর্তাদের রোষানলে পড়ে অ‌ফিস ছাড়তে ব‌াধ‌্য হন তিনি। এরপর থেকে তি‌নি আর অ‌ফিসে আসে‌ননি।

ব্যাংকটির সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে জানান, বৃহস্প‌তিবার যাওয়ার পর আর অ‌ফিসে আসেন‌নি এমডি। গুরুত্বপূর্ণ ফাইল তার বাসায় বসে সই করছেন।

তিনি বলেন, ‘যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তাই হয়তো তিনি ভয়ে এখন আর আসছেন না। পর্ষদের সিদ্ধান্তের অপেক্ষা করছেন।’

পদত‌্যাগ করেছেন কি না জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত পদত‌্যাগ করে‌ননি বলে জা‌নি। আদৌ পদত‌্যাগ করবেন কি না তাও জা‌নি না। এটা তার বিষয়।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, এম‌ডিকে নিয়ে ঝামেলা হচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর পর্ষদের বৈঠক আছে। সেখানে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন এমডি হিসেবে নিয়োগ পান মনিরুল মওলা। তার সময়ে এস আলম গ্রুপ নামে বেনামে ঋণ নিয়ে ব‌্যাংক‌টিকে দুর্বল করে ফেলেছে। এস আলমকে অনৈতিকভাবে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন মনিরুল মওলা, এমন অভিযোগ রয়েছে।

এর জেরে ব্যাংকটির কর্মকর্তারা মনিরুলকে আর এমডি পদে দায়িত্ব পালন করতে দিতে রাজি নন। এজন্যই ১৯ ডিসেম্বর মনিরুলের বিষয় সিদ্ধান্ত নিতে পর্ষদে চাপ দিয়েছেন কর্মকর্তারা।

এ বিষয়ে কথা বলতে মনিরুল মওলার সঙ্গে একা‌ধিকবার যোগাযোগ করা হলেও তি‌নি কিছু বলতে রা‌জি হন‌নি।

সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আছে।

বনবাসীদের সঙ্গে বন বিভাগের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার। বন নির্ভর জনগোষ্ঠীর ভূমির অধিকার, পানির অধিকার, যাতায়াতের অধিকার, গোচারণের অধিকার এবং বনজ দ্রব্য আহরণের অধিকার আইনগতভাবে নির্ধারণ করা হবে। বনবাসীদের সঙ্গে বন বিভাগের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে। এ লক্ষ্যে সামাজিক বনায়ন বিধিমালার প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গারোদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী পরিষদ কাজ শুরু করেছে। মধুপুর বনের বিরোধপূর্ণ সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বনবাসীদের বাইরে রেখে কিছু করা হবে না। বালু দস্যু ও পাথর খেকোদের বিরুদ্ধে ভূমি ও পানি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। সবার অংশগ্রহণের মাধ্যমে বন রক্ষা করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওয়ানগালা গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ প্রতীক। এটি আমাদের সমাজে সম্প্রীতির শক্তি বাড়ায়। ওয়ানগালা প্রকৃতি ও মানবসমাজের সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ফসল কাটার এসময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। আমাদের সবার উচিত পরিবেশ সুরক্ষায় গারোদের মতো প্রাকৃতিক সম্পদের যত্ন নেওয়া।

পরে উপদেষ্টা ওয়ানগালা উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

আসন ফাঁকা নেই, তবুও ট্রেনের টিকিট খুঁজছেন ১০ হাজার প্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অফিসের সিদ্ধান্ত একটি কাজে আগামী ১৪ নভেম্বর কক্সবাজার যেতে হবে ইমন হাসান রাব্বিকে। সেজন্য তিনি রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটে প্রবেশ করে ট্রেন ও আসনের খোঁজ করেন। কিন্তু কোনো আসন ফাঁকা নেই। তবে সাইটে একটি পরিবর্তন দেখলেন তিনি।

দেখতে পেলেন, ওয়েবসাইটের ডান পাশে কোনায় এই পেজে কতজন ব্যবহারকারী আছেন, সেটি দেখাচ্ছে। এ ছাড়া কোন ট্রেনে কতজন ব্যবহারকারী আসন খুঁজছেন সেটিও দেখাচ্ছে। বিষয়টি তাকে অবাক করেছে। ভরদুপুরে কোনো আসন ফাঁকা নেই, তারপরও এত মানুষ!

ইমন হাসান ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টায় ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়। ওই সময়ই ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের টিকিট পাওয়া যায় না, দুপুর বেলায় তো আরও পাওয়া যায় না। তারপরও বিকেল ৩টায় সার্চ করে দেখলাম। দেখে তো অবাক। দেখলাম, শুধু ওই পেজেই ১০ হাজার ৬২৫ জন মানুষ আছেন। এর মধ্যে শুধু পর্যটক এক্সপ্রেস ট্রেনের আসন সার্চ করছেন এক হাজার ৭১ জনের বেশি মানুষ। এই প্রক্রিয়াটি যদি সঠিক হয়, তবে এটি টিকিট বিক্রিতে অনেকটা স্বচ্ছতা নিয়ে আসবে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অবশ্য গত ২৯ অক্টোবরই অনলাইনে ট্রেনের টিকিটিং সিস্টেমে কিছু পরিবর্তন আনার এবং বাড়তি সুবিধা যুক্ত করার আভাস দিয়ে রেখেছিলেন। তারপরই এই পরিবর্তন দৃশ্যমান হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, বর্তমানে টিকিটের সবচেয়ে চাহিদা ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ট্রেনের। এই রুটে দুটি ননস্টপ আন্তঃনগর ট্রেন নিয়মিত যাতায়াত করে। এর মধ্যে পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনে মোট কোচ রয়েছে ১৬টি। এসব কোচে ঢাকা থেকে মোট আসন রয়েছে ৭১৪টি। এর মধ্যে এসি সিট (বসে যাওয়ার কেবিন) রয়েছে ৯৯টি, এসি চেয়ার রয়েছে ১৬৫টি এবং নন-এসি শোভন চেয়ার রয়েছে ৪৫০টি।

অন্যদিকে, ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাওয়া ৪০টি আন্তঃনগর ট্রেনের মধ্যে সবচেয়ে বড় ট্রেন কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)। এতে কোচ রয়েছে ১৯টি। এসব কোচে ঢাকা থেকে মোট আসন রয়েছে ৭৮৪টি। এর মধ্যে এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) রয়েছে ৫৪টি, এসি চেয়ার রয়েছে ২২০টি এবং নন-এসি শোভন চেয়ার রয়েছে ৫১০টি।

ট্রেনের টিকিটিংয়ের নতুন সংযোজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। রয়েছে পক্ষে-বিপক্ষে মতও। ফেসবুকের বাংলাদেশ রেলওয়ে ফ্যানস ফোরামে একটি ছবি পোস্ট করে শিহাব আবদুর রাকিব নামের একজন লিখেছেন, ‘সিস্টেমটা দারুণ লাগল। আসলেই কাজ করে কি না সেটা দেখার জন্য আমার অ্যাকাউন্ট এবং আপুর অ্যাকাউন্ট থেকে একসঙ্গে সার্চ দিয়েছিলাম।’ তার পোস্টের মন্তব্যের ঘরে এস এম শামীম নামের একজন লিখেছেন, ‘যেখানে সিট থাকে না সেখানেও দেখায় লোক ট্রাই করছে, এটা হাস্যকর।’ সেখানে এটি নিয়ে চলেছে নানা তর্ক-বিতর্ক। তবে সার্বিকভাবে বিষয়টির প্রশংসা করেছেন যাত্রীরা।

বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির প্রধান পরিচালন কর্মকর্তা সন্দীপ দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, আপাতত দুটি পরিবর্তন এসেছে। তার মধ্যে একটি হচ্ছে কোন রুটে কতজন একসঙ্গে সার্চ করছেন এবং দ্বিতীয়টি হচ্ছে সার্চ করার পর ওই ট্রেনে এই মুহূর্তে কতজন একসঙ্গে আসন বুকিং করার চেষ্টা করছেন। এগুলো গত ৩১ অক্টোবর রাতে সংযোজন করা হয়েছে।

তিনি আরও বলেন, কতগুলো আসন আছে এবং নেই সেটি তো আগে থেকেই ছিল। আমাদের আরও কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কতগুলো আসনের টিকিট এই মুহূর্তে ‘বুকিং ইন প্রগ্রেস’ আছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, আমরা টিকিটিংয়ে আরও স্বচ্ছতা আনতে কাজ করছি। ইতোমধ্যে দুটি পরিবর্তন এসেছে ওয়েবসাইটে। আরও পরিবর্তন আসবে।

তবে গত ২৯ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, অনলাইনে ট্রেনের টিকিটিং সিস্টেমে কিছু পরিবর্তন এবং বাড়তি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। একটা প্রেজেন্টেশন হয়েছে। সেখানে আমরা অনেক কিছু পেয়েছি। রেলের টিকিট পদ্ধতি নিয়ে একটা ডায়াগনস্টিক হয়েছে।

তিনি আরও জানান, প্রেজেন্টেশনে দেখেছি কমলাপুর থেকে টিকিট চাইলেন, সেখানে নেই। কিন্তু তেজগাঁও থেকে আছে। আবার ৭টার ট্রেনে টিকিট নেই কিন্তু ১০টার ট্রেনে আছে। তবে সেটির কী অবস্থা তা জানা যাচ্ছে না। সহজ-সিনেসিস-ভিনসেন জেভিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাত্রী যেন এখন থেকে এটা দেখতে পান কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। সহজ বলেছে, আগামী দুই-তিন দিনের মধ্যে এটা ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন।

কিন্তু নতুন পদ্ধতি চালুর কয়েকদিন পার হলেও কোন স্টেশন থেকে টিকিট আছে, সেটি এখনও দেখা যাচ্ছে না।

এদিকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ট্রেনের টিকিট সংরক্ষণ না রাখার জন্য গত ৩ নভেম্বর টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

অক্টোবরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার চলতি বছরের অক্টোবরে বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৪০ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমে অক্টোবরে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।

বৈদেশিক মুদ্রার ঘাটতি নেই, প্রয়োজনীয় পণ্য আমদানি করুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈদেশিক মুদ্রার কোনো ঘাটতি নেই উল্লেখ করে বাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি নিয়ে এক সভা শেষে ড. মনসুর সাংবাদিকদের বলেন, 'বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রায় কোনো ঘাটতি নেই, যে কেউ এলসি খুলতে পারবেন ‘

বাজারে চাহিদা পূরণে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ড. মনসুর ব্যবসায়ীদের দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি পরামর্শ দেন, 'এলসি খুলুন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করুন এবং বাজারের চাহিদা মেটান।’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার বক্তব্যে একটি মুক্তবাজার অর্থনীতিতে তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন। আস্থা প্রকাশ করেন যে, বাজার শক্তি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে। তিনি বলেন, 'আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, তবে পরিস্থিতি শান্ত হতে সময় লাগবে।’

ড. মনসুর রেশনিং কর্মসূচি সম্প্রসারণসহ মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি ঘোষণা করেন সরকার শিগগিরই ১ কোটি সুবিধাভোগী পরিবারের প্রত্যেকের জন্য বর্তমান পাঁচ কেজি থেকে বাড়িয়ে ১০ কেজি করে প্রয়োজনীয় পণ্য বিতরণ করবে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যে ওপেন মার্কেট সেল (ওএমএস) উদ্যোগের জন্য ট্রাকের সংখ্যা বাড়াচ্ছি।’

মুদ্রাস্ফীতিকে সরাসরি মোকাবিলা করে ড. মনসুর জোর দেন, মুদ্রাস্ফীতি ‘শেষ পর্যন্ত একটি আর্থিক ঘটনা’ এবং এটি অবশ্যই কার্যকর মুদ্রানীতির মাধ্যমে পরিচালনা করতে হবে। তিনি অতিরিক্ত বাজার হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন এবং অতীতের ঘটনাগুলোও স্মরণ করিয়ে দেন। যেখানে কঠোর পদক্ষেপের ফলে পণ্যের ঘাটতি দেখা দিয়েছিল।

তিনি বলেন, ‘আমরা যদি খুব বেশি চাপ প্রয়োগ করি তবে পণ্যগুলো বাজার থেকে অদৃশ্য হয়ে যাবে। ১/১১-এর সময়কালে এবং সাম্প্রতিক ডিম সংকটের সময়ও আমরা তা দেখেছি। বরং এর পরিবর্তে, তিনি ‘সহনশীল ও কার্যকর পর্যবেক্ষণের’ পরামর্শ দিয়ে বলেন, ‘আমরা সংলাপের মাধ্যমে চাপ দিচ্ছি, অতিরিক্ত পর্যবেক্ষণ নয়।’

বাজার নিয়ন্ত্রণে একটি পরিমিত পদ্ধতির উপর জোর দেন, আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণকে নিরুৎসাহিত করেন ড. মনসুর। তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির লক্ষ্য রাখি। এ প্রেক্ষাপটে হঠকারী সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি যে পরিস্থিতি স্থিতিশীল হবে - এটি কেবল সময়ের প্রয়োজন।’

সরবরাহ বাড়ানোর সরকারি প্রচেষ্টা শেষ পর্যন্ত স্বস্থি আনতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। এছাড়া দুদক কমিশনার জহুরুল হক ও কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেছেন।

দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারা পদত্যাগপত্র রেখে দুপুর আড়াইটায় দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে মোবাইল ফোনে মঈনউদ্দীন আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ও তার দুই কমিশনার।

পদত্যাগ করার আগে আজ সকালে অফিস করে তারা তাদের দাপ্তরিক কাজ করেন। বিকেলে তাদের দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে দুপুর ১টার দিকে সংস্কার কমিশন বৈঠক স্থগিত করার খবর আসে।

মূলত, এর পরই পদত্যাগ করার বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তারা বলেন, চেয়ারম্যান ও দুই কমিশনার তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে অনেকটা নীরবে দুদক কার্যালয় ত্যাগ করেন। এ সময়ে সচিব খোরশেদা ইয়াসমিন তাদের এগিয়ে দেন।

বিকেল সাড়ে তিনটায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। ওই সময়ে তার সঙ্গে জহুরুল হককে কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে ক‌মিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থলে নিয়োগ দেওয়া হয়।

ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এবার প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। শোকজকৃত এসআইদের তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। একাডেমির প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে গত সোমবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের নোটিশ দেওয়া হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার ৪৯ জনকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘আপনি বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীতে ৪০তম ক্যাডেট এসআই ২০২৩ ব্যাচে গত ৫ নভেম্বর থেকে এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণরত আছেন। গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ‘আইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারার’ ওপর ক্লাস ছিল। ওই ক্লাসে আইন প্রশিক্ষক হিসেবে পুলিশ পরিদর্শক (নি.) মো. রেজাউল করিম, মো. নজরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম ও শেখ শাহীন রাজা উপস্থিত ছিলেন। তারা ক্লাসে উপস্থিত হয়ে দেখতে পান আসনে বসার সময় আপনি শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হৈ চৈ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। রেজাউল করিমসহ সঙ্গীয় অন্যান্য পরিদর্শকেরা বারবার শৃঙ্খলার সঙ্গে বসার কথা বললেও আপনি তাদের নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে হৈ চৈ করতে থাকেন। পাঠদান চলাকালীন আপনার ক্লাসে কোনো মনোযোগ ছিল না এবং পাশাপাশি বসে কথাবার্তা বলছিলেন।’

নোটিশে আরও বলা হয়, ‘ক্লাস চলাকালীন আপনার এ ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম–শৃঙ্খলার পরিপন্থি মর্মে মো. রেজাউল করিম বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষের বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন। আপনার এহেন কার্যকলাপের প্রেক্ষিতে ১৯৪৩ সালের পিআরবি বিধি অনুযায়ী আপনাকে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে গত সোমবার ১০ জনকে একই ধরনের নোটিশ দেওয়া হয়। সেখানে ১৬ অক্টোবর জিমনেশিয়ামে সান্ধ্যকালীন একটি ক্লাসে বসা নিয়ে হৈ চৈ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করা হয়।

বিষয়টি নিয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। তবে অন্য গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘শোকজ বিভিন্ন কারণে দেওয়া হয়। এটা রুটিনমাফিক বিষয়।’

এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিষের উৎপাদন বাড়ানোর আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: মহিষের উৎপাদন বাড়ানো আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একসময় কৃষিকাজের প্রাণী হিসেবে মহিষকে বিবেচনা করা হতো। আর এখন মহিষ মাংস ও দুধ দিয়ে আমাদের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ করে যাচ্ছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাভারের বিসিডিএম এ ১১তম এশিয়ান বাফেলো কংগ্রেস-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিষের গুরুত্ব উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন,  বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। মহিষের পালন গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং দুধ ও মাংস উৎপাদনে নারীরা সহায়ক ভূমিকা পালন করতে পারে। ভোলার চড়ে হাজার হাজার মহিষ পালন করে মহিষের দুধের দই তৈরি হচ্ছে।

বক্তারা দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষ করে বাংলাদেশে মহিষের উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালে উপদেষ্টা বলেন, ইতোপূর্বে পলিসি লেভেলে মহিষ উৎপাদনের ক্ষেত্রে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে কীভাবে মহিষের উৎপাদন বাড়ানো যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

মহিষসহ গবাদি পশুর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবকে  অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মহিষ পালন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড (সিও২) হ্রাসে অবদান রাখতে পারে।

বক্তারা বলেছেন, উন্নত বিশ্ব মহিষের উৎপাদনশীলতাকে সরাসরি প্রভাবিত করে তাদের প্রজনন কর্মক্ষমতা এবং দুধ উৎপাদনকেও প্রভাবিত করে।

ইতালিতে মহিষ ফার্মিং অত্যন্ত সফল এবং লাভজনক একটি খাত উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশেও মহিষ ফার্মিং করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও মহিষ পালনের মাধ্যমে লাভবান হওয়া সম্ভব।

অধ্যাপক ওমর ফারুকি'র  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, ইন্টারন্যাশনাল বাফেলো ফেডারেশনের মহাসচিব অ্যান্তনিও বর্গোসি, এশিয়ান বাফেলো এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ড.অশোক কুমার বালহারা, ড.যাদব, ড.হিরন্ময় বিশ্বাস প্রমুখ।

আন্দোলনের সময় পুলিশের প্রাণহানি নিয়ে ভুল তথ্যের বিষয়ে সতর্ক করল সরকার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে নিহত পুলিশ সদস্যের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে জনগণ ও কয়েকটি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘আমরা লক্ষ্য করেছি কিছু সংবাদমাধ্যম এবং ব্যক্তি এই সময়ের মধ্যে পুলিশের মৃত্যুর সংখ্যা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

বিক্ষোভ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত কর্মকর্তা বা কনস্টেবলদের একটি বিস্তারিত তথ্য সংরক্ষণ করেছে পুলিশ বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

অভ্যুত্থানের সময় আরও পুলিশ নিহত হয়েছে বলে কেউ দাবি করলে প্রমাণ দেওয়ার জন্যও আহ্বান জানান কর্মকর্তারা।

ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে বাংলাদেশে কী হলো?

সংবাদ সাতদিন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও উপকূল অঞ্চলে এর প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এর প্রভাবে বঙ্গপোসাগর উত্তাল থাকলেও উপকূলীয় জেলাগুলোতে দানার বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

শুক্রবার সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি নেই। এ ছাড়া, আবহাওয়াও অনেকটা স্বাভাবিক আছে।

শুক্রবার সকালে আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার রাত ৩টার দিকে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করেছে।

এটি বর্তমানে উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে।


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ওড়িশায় আঘাতের পর ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ‘দানা’

ভারতের ওড়িশা রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে রাজ্যটির ধামারা ও ভিতরকণিকার মধ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। আর এই দুর্যোগের জেরে পশ্চিমবঙ্গের দুই জেলায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে।

এদিকে ওড়িশায় আঘাতের পর ভারতের অন্য দুই রাজ্য ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ‘দানা’। তবে তার আগে এটি প্রবল ঘূর্ণিঝড় থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

সংবাদমাধ্যম বলছে, রাত সাড়ে এগারোটা থেকে ধামারায় দানার স্থলভাগের আছড়ে পড়া বা ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়। সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে ধামারায় দানার শক্তি বাড়তে থাকে।

শুক্রবার সকালে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়। একশ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় হচ্ছে। সঙ্গে হচ্ছে প্রবল বৃষ্টি।

ভারতের আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল। শুক্রবার সকাল পর্যন্ত সেই প্রক্রিয়া চলেছে। আর শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মৌসম ভবন জানিয়েছিল, দানার টেইল বা লেজের অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও দুই ঘণ্টা সময় লাগবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। তীব্র ঝোড়ো বাতাস, সেই সঙ্গে অবিরাম বৃষ্টি।

অন্য রাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি দেশে তৈরি হয়নি: রিজওয়ানা

সংবাদ সাতদিন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যাতে কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো বিদেশি রাষ্ট্র এধরনের বিধিনিষেধমূলক ব্যবস্থা নেয়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আছে যেখানে কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশিদের জন্য তাদের ভিসা দেওয়া আটকাবে, কোনো দেশ তা করেনি।’

তিনি বলেন, বাংলাদেশ সরকার অবশ্যই ভারতের সঙ্গে ভালো ও দৃঢ় সম্পর্ক চায়, তবে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে উভয় পক্ষ একে অপরের কথা শোনে এবং একে অপরকে 'বোঝে'।

উপদেষ্টা বলেন, প্রকৃত সত্য হলো বাংলাদেশের জনগণ ভারতে ভিসা সংক্রান্ত সীমিত নীতি অনুসরণ করায় ভারতের প্রতি 'অসন্তুষ্ট' এবং এটি অবশ্যই ভারত সরকার শুনেছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত স্পষ্টভাবে যা বলে আসছে তা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আছে যেখানে অন্য কোনো দেশ বাংলাদেশিদের জন্য তাদের ভিসা আটকাতে পারবে, কারণ অন্য কোনো দেশ তা করেনি।’

তবে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন শুধু জরুরি চিকিৎসা ভিসা দিচ্ছে।

রিজওয়ানা বলেন, বাংলাদেশ সরকারের জন্যও এটা লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ যে, যারা শিক্ষার্থী ও জনগণের ওপর নৃশংসতা চালিয়েছে তাদের অনেকেই ভারতে রয়েছেন বলে জানা গেছে। ‘তারা ভারতে আশ্রয় নিয়েছে।’

ভারত পুনর্বিবেচনা বা পুনরায় ভাবতে পারেন উল্লেখ করে তিনি বলেন,‘সম্ভবত,পরিস্থিতি বদল বলতে ভারত হয়তো এটাই বোঝাতে চাইছে। আমরা জানি না। কারণ অন্য কোনো দেশ- সেটা যুক্তরাষ্ট্র, জাপান বা ইউরোপীয় ইউনিয়ন যেই হোক না কেন- বাংলাদেশের জন্য ভিসা নীতিতে বিধিনিষেধ আরোপ করেনি।’

সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকার তাদের দাবি শুনেছে এবং দুর্গাপূজায় দুই দিনের ছুটি ঘোষণা করেছে।

রিজওয়ানা বলেন, 'আমরা সুস্পষ্টভাবে বলেছি, বিভিন্ন বিষয়ে সংলাপ ও আলোচনার জন্য আমাদের দরজা সব সময় খোলা।’

তিনি বলেন, তারা যদি রাজপথে আন্দোলনের পথ বেছে নেয় তবে এটি ইঙ্গিত দেয় যে এখনও আরও সংলাপ এবং আলোচনার প্রয়োজন রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে যেকোনো কিছুর সুরাহা করা সম্ভব।

রিজওয়ানা বলেন, তিনি মনে করেন না যে রাস্তায় বিক্ষোভের প্রয়োজন আছে এবং যদি কোনো সমাধান আসতে হয় তবে তা বাংলাদেশ সরকারের কাছ থেকে আসতে হবে এবং অন্য কোনো সরকার এটি করতে সক্ষম হবে না। 'আমাদের দরজা সব সময় খোলা'

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

সংবাদ সাতদিন ডেস্ক: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুষ লেনদেনের ‘হাট-বাজার’। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই। তার স্ত্রী ও ভাগিনাসহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরতও দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে।

কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অবৈধ সম্পদের বিষয়ে জানা যায়, নামে-বেনামে তার ঢাকায় একাধিক বাড়ি, রংপুরে বাড়ি, কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি, রৌমারীতে দুটি বাড়ি এবং রাজিবপুর উপজেলায়ও রয়েছে একটি বাড়ি। চারটি মার্কেট, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ৫টি স্থানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মিল, চাতাল, খামারবাড়ি-সবই আছে তার। যার মূল্য কয়েকশ কোটি টাকা।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ও তার আশীর্বাদপুষ্টরা অনেক ভূমি ও সম্পদ দখলের ঘটনায় জড়িয়েছেন।

গণমাধ্যমকে হুমকি দিলে ব্যবস্থা নেবে সরকার

সংবাদ সাতদিন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিত অবরোধ ও হুমকির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমকি এবং সংবাদমাধ্যমকে ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, 'এ ধরনের ঘটনা ঘটলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

সংবাদ সাতদিন ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের দশম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেশ কিছুদিন ধরে সরকারি চাকরি প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আবেদন জানিয়ে আন্দোলন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি মেয়েদের ৩৭ বছর ও ছেলেদের ৩৫ বছর করার সুপারিশ করেছিল।

চা বোর্ডে নতুন চেয়ারম্যান হলেন সরওয়ার হোসেন

সংবাদ সাতদিন ডেস্ক: বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

যোগদানের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে আলোচনা করেন চা বোর্ডের চেয়ারম্যান মো. সরওয়ার হোসেন। বাণিজ্য সচিব এ সময় তাকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার স্টাফ অফিসার হিসেবে ব্যানব্যাট-১/১৪ এর অ্যাডজুটেন্ট, ৬৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, ৫৬ই বেঙ্গলের উপঅধিনায়ক ও অধিনায়ক এবং সেনা সদর দপ্তরের এম এস শাখায় সহকারী এমএসের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রশিক্ষণ ব্যাটালিয়নের কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড এবং সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, আর্মি সিকিউরিটি ইউনিট ও স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট এবং সদর দপ্তর লজিস্টিক এরিয়া ও সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

সংবাদ সাতদিন ডেস্ক: ২০২৩ সালে অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক (ভাইভা) পরীক্ষা আগামী ২৭ অক্টোবর শুরু হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএস এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন পরীক্ষার্থীরা।

উল্লেখ্য,২৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ তারিখ অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে আইনি নয়, রাজনৈতিক হিসেবে দেখছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

সংবাদ সাতদিন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির পদত্যাগের ক্রমবর্ধমান দাবিকে 'আইনি ও সাংবিধানিক' বিষয় হিসেবে না দেখে বরং রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে।

এই বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে পৌঁছানো হবে বলে ইঙ্গিত দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ দাবি জোরালো হচ্ছে।

রিজওয়ানা বলেন, ‘এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।’

উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, বিষয়গুলো নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। ‘এটা বলা যাবে না যে আমরা তাড়াহুড়োর মধ্যে আছি, তবে একই সময়ে, জিনিসগুলো বিলম্ব করার কোনো সুযোগ নেই।’

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে গেজেট জারি করতে তিন-চার দিন সময় লাগতে পারে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করারও দাবি জানান তারা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে সারজিস আলমও এসব দাবি আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান।

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে দুই দিনের আল্টিমেটাম দিয়ে সারজিস বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, ‘আবারও প্রয়োজন হলে আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতেও প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী ছাত্রলীগের উত্থান সহ্য করা হবে না, কারণ তারা আমাদের ভাইদের হত্যার জন্য দায়ী। প্রাণ দিয়ে হলেও আমরা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নামের ফ্যাসিবাদীদের প্রতিহত করার জন্য আজীবন লড়াই করে যাব।’

রাষ্ট্রপতি প্রসঙ্গে আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা আমাদের বিপ্লব এই শহীদ মিনার থেকেই শুরু করেছিলাম। ফ্যাসিবাদী শেখ হাসিনা বিপ্লবের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। সেদিন আপনি সেটা নিশ্চিত করেছিলেন কিন্তু এখন মিথ্য়ে কথা বলছেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই- খুনি হাসিনা যেভাবে পালিয়ে গেছে, তেমনি ছুপ্পুকেও পদত্যাগ করতে হবে।’

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান মাসুদ।

বর্তমান সংবিধান বাতিলের দাবির কথা উল্লেখ করে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগ না করলে তার সরকারি বাসভবন বঙ্গভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

চাল আমদানিতে শুল্ক কমল

চাল আমদানিতে শুল্ক কমল

নিজস্ব প্রতিবেদক: চাল আমদানির ওপর শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বাজারে চালের সরবরাহ বাড়ানো, দেশের আপামর জনগণের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও সহনীয় পর্যায়ে রাখতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

রবিবার (২০ অক্টোবর) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চালের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, বিদ্যমান রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চাল আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করার ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪ দশমিক ৪০ টাকা কমবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে, দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন