স্টাফ রির্পোটার: খুলনার আদালত চত্বর থেকে পালানোর চার ঘণ্টারর মাথায় গ্রেপ্তার হয়েছেন চুরির মামলার আসামি হৃদয় সরদার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপাসিন্দুসহ ৪ এএসআই ও ২ কনেস্টবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায় হৃদয় সরদার।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ জেল হাজতে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১২টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশকে সর্তক করে নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় বিকালের দিকে হৃদয়কে কাটাখালি চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, ২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় নামে এক আসামি জেল হাজতে ছিল। বৃহস্পতিবার সকাল ১২টায় আদালতে নিয়ে আসার সময় দৌড়ে পালিয়ে যায়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
.jpg)
