দেশের সেরা আলোকচিত্রী নির্বাচিত হলেন ঈশ্বরদীর আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলার প্রায় ৮০০ জন পেশাদার আলোকচিত্রীর অংশগ্রহণে আয়োজিত ‘পিপিবি এক্সপো ২০২৬’-এ ‘গ্র্যান্ড উইনার’ নির্বাচিত হয়েছেন ঈশ্বরদীর তরুণ আলোকচিত্রী আমির হামজা (সাগর)। একই আয়োজনে বিয়ের আলোকচিত্র (ওয়েডিং ফটোগ্রাফি) বিভাগেও প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি।

২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব বাংলাদেশ’ (পিপিবি) নামের একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রতিযোগিতায় ১৪টি বিভাগে প্রায় সাড়ে তিন হাজার ছবি জমা পড়ে। প্রতিটি বিভাগে সেরা তিনজন নির্ধারণ করে মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বিয়ের আলোকচিত্র বিভাগে প্রথম পুরস্কার অর্জনের পাশাপাশি সব বিভাগের ছবির মধ্য থেকে আমির হামজার ছবিটি সর্বসেরা বা ‘গ্র্যান্ড উইনার’ নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় আন্তর্জাতিক আলোকচিত্রী জনসন উই, নিক প্যাক্রেডিস ও কেদা জি-সহ বাংলাদেশের কয়েকজন জ্যেষ্ঠ আলোকচিত্রী বিচারকের দায়িত্ব পালন করেন।

আমির হামজা ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি প্রায় নয় বছর ধরে একটি প্রতিষ্ঠানে বিয়ের আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি সেখানে জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসেবে দায়িত্বরত। ডিপ্লোমা পড়াশোনা শেষ করার পর অন্য পেশায় না গিয়ে সংগীত ও আলোকচিত্রের প্রতি ভালোবাসাকেই প্রাধান্য দেন তিনি। সেখান থেকেই তাঁর এই পথচলা শুরু।

এমন স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে আমির হামজা জানান, এই অর্জন তাঁর কাজের বড় অনুপ্রেরণা। নতুনদের উদ্দেশে তিনি নিয়মিত কাজ শেখা ও সৃজনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন