নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীকে পথ আটকে মারধর, অপহরণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
রোববার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল ক্লাব মোড়সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সারোয়ার জাহান (২৮) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রূপপুর প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ‘নিকিম কোম্পানি’তে কাজ করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা এলাকার মো. জহুরুল মোল্লার ছেলে মো. তারেক হাসান রোকন (৩২) এবং সাহাপুর মন্ত্রী মোড় এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি তারেক হাসান রোকন ও ভুক্তভোগী সারোয়ার জাহান আগে একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় তারেক চাকরিচ্যুত হন। এই চাকরি হারানোর পেছনে সারোয়ারকে দায়ী করে আসছিলেন তিনি। এর জেরে রোববার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে তারেক ও তাঁর সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সারোয়ারের পথ আটকান। পরে তাঁকে জোর করে সিএনজিতে তুলে পাকড়িপাড়া এলাকায় নিয়ে পিটিয়ে জখম করা হয়। এ সময় তাঁর নগদ টাকা, মুঠোফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। কার্ডের পাসওয়ার্ড বা পিন নম্বর না দেওয়ায় তাঁকে নির্যাতন এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালানো হয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

