নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার পিয়ারাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতিবিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বেসরকারি সংস্থা ‘নিউ এরা ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর পাবনার সহকারী প্রকৌশলী মো. জুয়েল আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. রাকিব সিদ্দিক, সমবায় কর্মকর্তা মো. আকন্দ বাকি উল্লাহ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিহাব উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাজিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর এবং নিউ এরা ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা মো. খাইরুজ্জামান ও এমআইএস কর্মকর্তা রাশিদুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি ও রোগবালাই থেকে শিশুদের সুরক্ষিত রাখা সম্ভব। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার ব্যবহারিক পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়।


