নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবৈধ ওষুধ মজুত রাখা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ‘মল্লিক ফার্মেসি’ নামের একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপপুর বিবিসি বাজারে পাবনা ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ঈশ্বরদী উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিবিসি বাজারের মল্লিক ফার্মেসিতে অভিযান চালানো হয়। বিক্রির উদ্দেশ্যে অবৈধ ওষুধ মজুত রাখা এবং ক্রেতাদের কাছে বেশি দাম নেওয়ার অনিয়ম প্রমাণিত হওয়ায় ফার্মেসির মালিক তাজুল ইসলাম সোহাগকে ‘ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ২০২৩’ অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে সেখান থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। এ সময় পাবনা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিঠুন সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ঈশ্বরদী থানা-পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, ভোক্তা স্বার্থরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ওষুধ মজুত ও বাড়তি দামে বিক্রির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।









.jpg)







