সাংবাদিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাংবাদিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাঁথিয়ায় সাংবাদিককে মারধর, এনসিপি নেতাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ

মিজানুর রহমান ফুল 

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর-এর সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে (৬৮) মারধরের অভিযোগ উঠেছে এনসিপির এক নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন, তাঁর ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এবং তাঁদের সহযোগীরা এ হামলায় জড়িত।

আব্দুদ দাইন সরকার জানান, সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে তিনি ভোট দিতে সকাল ১০টার দিকে প্রেসক্লাব চত্বরে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁর ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং তাঁর পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। পরে উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযুক্ত বকুল হোসেন ও মিজানুর রহমান ফুল সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগে মাহমুদপুর গ্রামের ঠাণ্ডু খানসহ আরও কয়েকজনের নামও এসেছে।

তবে অভিযোগ অস্বীকার করে বকুল হোসেন বলেন, গত বছরের ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তাঁর বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিজানুর রহমান ফুলের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ ছাড়া ব্যক্তিগত আরেকটি বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিরোধ ছিল। এসব বিষয়কে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি দাবি করেন, হামলায় অংশ নেওয়ার পরিবর্তে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাবনা প্রেসক্লাব। বিবৃতিতে সংগঠনের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাবনায় সাংবাদিকদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির

 

নিজস্ব প্রতিবেদক: পাবনায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের চোখের চিকিৎসাসেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পাবনা প্রেসক্লাব। ‘ভিশন স্প্রিং’-এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও চশমা দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য রক্ষায় পাবনা প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার ছুফি উল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ চক্ষু শিবিরে নিবন্ধিত সাংবাদিকদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। তাঁদের মতে, এ উদ্যোগ গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি নেতা হাবিবের বক্তব্যের নিন্দা জানাল ঈশ্বরদী প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক: একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে ঈশ্বরদী প্রেসক্লাব। 

শুক্রবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু ও সাধারণ সম্পাদ মেহেদী হাসানের সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাব সম্পর্কে হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন, তা প্রেসক্লাবের নজরে এসেছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তাঁর মন্তব্যে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সব সদস্য মর্মাহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ঈশ্বরদী প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি সম্পর্কে হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন, আক্রোশপ্রসূত এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা বলে প্রেসক্লাব মনে করে।

প্রেসক্লাবের দাবি, অতীতে নানা কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়েছিল এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের যুক্ত হওয়ার সুযোগও সংকুচিত ছিল। বর্তমানে সব সদস্যের অংশগ্রহণে প্রেসক্লাবকে একটি পেশাদার, সাংবাদিকবান্ধব ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

বিবৃতিতে বলা হয়, নবগঠিত কার্যনির্বাহী কমিটি প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত হয়েছে এবং এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপ ছিলনা। এ অবস্থায় প্রেসক্লাবের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার কারণ তাঁদের বোধগম্য নয়।

বিবৃতিতে হাবিবুর রহমান হাবিবের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তিনি বিষয়টি পুনর্বিবেচনা করে তাঁর বক্তব্য প্রত্যাহার করবেন বলে প্রেসক্লাব আশাবাদ ব্যক্ত করে।

ঈশ্বরদী প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে টিপু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সাংবাদিকদের সংগঠন ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মান্নান টিপুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, এস এম ফজলুর রহমান, আলহাজ সুমন খান, খোন্দকার মাহবুবুল হক দুলু, সেলিম সরদার, মো. মহিউদ্দিন ইসলাম, ওহেদুজ্জামান টিপু, জাহাঙ্গীর হোসেন, ওয়াহেদ আলী টিটু, শহিদুল্লাহ খান ও শেখ মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আপাতত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি তারা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।

ঈশ্বরদীর পায়েল মন্ডলের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর কৃতী সন্তান ও প্রখ্যাত অনুবাদক এস.এম. আরিফ রাজ্জাক পায়েল মন্ডলের অকাল মৃত্যুর পর তাঁর স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা আয়োজন করা হয় ‘পায়েল মন্ডল বন্ধুকুঞ্জ’ এর পক্ষ থেকে।

সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মতিউর রহমান। সঞ্চালনা করেন দৈনিক আলাপের সম্পাদক মো. আশিকুর রহমান লুলু।

এসময় পায়েল মন্ডলের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতা মাহাবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, বন্ধু (পায়েল মন্ডল) নুর কাসেম মুনমুন, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, তাঁর মা সুমাইয়া বেগম,  কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, মোশারফ হোসেন মুসা ও লেখক শিরীন শবনম।

পেশায় পায়েল মন্ডল ছিলেন একজন অনুবাদক। তিনি বাংলা সাপ্তাহিক মূলধারা এবং ইংরেজি পত্রিকা দ্য নিউ পেপার এর সহসম্পাদক হিসেবে কাজ করতেন।

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ব্যর্থ? যা বললো র‍্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কি না অথবা র‍্যাব তদন্তে ব্যর্থ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে অনেকটা কৌশলী জবাব এসেছে তাদের কাছ থেকে।   

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ওই প্রশ্নের জবাবে বলেন, তদন্তটি আরও বেগবান করার জন্য হাইকোর্ট মনে করেছেন আরও অভিজ্ঞ লোক দরকার। যারা এ ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। এতে যদি র‍্যাবের কোনো সহায়তা লাগে আমরা যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।   

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

আরেক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র‍্যাব সদস্য কর্মবিরতিতে যায়নি এবং কোনো র‍্যাব সদস্য পালিয়ে যায়নি।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‍্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়েও র‍্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

আরেক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকে তবে আমরা তা খতিয়ে দেখবো। 

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়েছে ১১ দূতাবাস ও এমএফসি

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা বজায় রেখে প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)

ঢাকায় অবস্থিত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের হাইকমিশনারেরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। দূতাবাসগুলো একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

গত ১৫ জুন এই ভয়াবহ হামলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি খুন হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরুর ব্যবস্থা নেওয়াকে এমএফসি ইতিবাচক বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলেছে, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে ঘটনার বিবরণ প্রকাশ করে তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকেরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশ্বের ৫০-এর অধিক দেশ এমএফসির সদস্য। সংস্থাটি বিশ্বব্যাপী সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সমুন্নত রাখতে কাজ করে। এসব কাজের মধ্যে রয়েছে অ্যাডভোকেসি, কূটনৈতিক হস্তক্ষেপ, আইনি সংস্কার, ঘটনা এবং ক্ষেত্রবিশেষে আর্থিক সহায়তা দেওয়া।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন