| মিজানুর রহমান ফুল |
নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর-এর সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে (৬৮) মারধরের অভিযোগ উঠেছে এনসিপির এক নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন, তাঁর ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এবং তাঁদের সহযোগীরা এ হামলায় জড়িত।
আব্দুদ দাইন সরকার জানান, সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে তিনি ভোট দিতে সকাল ১০টার দিকে প্রেসক্লাব চত্বরে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁর ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং তাঁর পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। পরে উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অভিযুক্ত বকুল হোসেন ও মিজানুর রহমান ফুল সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগে মাহমুদপুর গ্রামের ঠাণ্ডু খানসহ আরও কয়েকজনের নামও এসেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বকুল হোসেন বলেন, গত বছরের ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তাঁর বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিজানুর রহমান ফুলের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ ছাড়া ব্যক্তিগত আরেকটি বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিরোধ ছিল। এসব বিষয়কে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি দাবি করেন, হামলায় অংশ নেওয়ার পরিবর্তে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাবনা প্রেসক্লাব। বিবৃতিতে সংগঠনের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
