রাজশাহী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজশাহী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড, দ্বিতীয় বগুড়া জেলা

 

সংবাদ সাতদিন ডেস্ক: রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে দেখা গেছে শিক্ষাবোর্ডের আটটি জেলার মধ্যে রাজশাহী জেলার পরীক্ষার্থীরা ফলাফল ভালো করেছেন। ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় পাসের ৮৯ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। নবাবগঞ্জ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

এছাড়া নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৪ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২২১৬ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯২ জন শিক্ষার্থী।  

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী। জায়পুরহাট জেলায় পাসের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৫৬ শিক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম বলেন, রাজশাহী শিক্ষা নগরী রাজশাহীর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষা নগরীর সুনাম ধরে রেখেছে।

শপথ নিলেন রানা সরদার, সালাম ও কাকলি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার শপথ নিয়েছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি শপথ গ্রহণ করেছেন। 

মঙ্গলবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে গত ৩০ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান সাত ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। 

চৌধুরী সাহেব টাকা দিলে নেবেন তবে ভোটটা ট্রাকে দেবেন : মাহি


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, সিনেমায় অনেক রাজনীতি দেখেছি। আর এখন বাস্তবে তা দেখছি। এর আগে অনেক কিছুই কাছ থেকে দেখার সুযোগ হয়নি কিন্তু এখন দেখছি। নিজের গাড়ি নিজে পুড়িয়ে দিয়ে বলার চেষ্টা করে যে আমার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নিজের অফিস নিজেই পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমাদের নামে মামলা দেওয়ার জন্য এসবের পরিকল্পনা করা হচ্ছে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তানোরের মুণ্ডুমালা এলাকায় নির্বাচনী সভায় মাহিয়া মাহি এসব কথা বলেন। 

চ্যালেঞ্জের বিষয়ে মাহি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে জমিদারের অনেক টাকা। এটা একটা চ্যালেঞ্জ। জমিদার সাহেবের যত টাকা আমাদের সবার (সব প্রার্থীর) মিলে তা হবে না। এগুলো তো আসলে বিভিন্ন উপায়ে অর্জন করা। জনগণকে দেখা যাবে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে। জনগণকে বলে দিয়েছি, চৌধুরী সাহেব টাকা দিলে টাকা নেবেন, ভোট ট্রাকে দেবেন। 

মাহি আরও বলেন, এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। বিরোধী লোকজন ঝামেলা করতে পারে। আমি নির্বাচনী এলাকা থেকে অনেক নিউজ পাচ্ছি। তারা ভোটারদের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করতে চাচ্ছে। আমি ভোটে দাঁড়িয়েছি হয় জিতব না হয় হারব তবে ফিরে আসার সুযোগ নাই।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আবারও দলের মনোনয়ন পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী ও মাহিয়া মাহি ছাড়াও আরও ১১ প্রার্থী রয়েছেন এ আসনে।

মাহির আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডালিয়া


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া। ফলে এই আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য। এর আগে তার মনোনয়ন বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে উচ্চ আদালত থেকে তিনি প্রার্থিতা ফিরে পান।

২৫ ডিসেম্বর সোমবার ডালিয়াকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি ডালিয়াকে বেলুন প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণা শুরুর আগে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান ডারিয়া। বিকেলে তিনি তার নির্বাচনী আসন গোদাগাড়ীতে যান। এ সময় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন ও বাসুদেবপুর ইউনিয়নে গণসংযোগ করেন।

স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া বলেন, আমি রাজশাহী-১ আসনে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। গত ১২ বছর থেকে ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে কাজ করছি। এই অঞ্চলের সাধারণ মানুষ আমার শক্তি। আমি ষড়যন্ত্রের শিকার হয়ে পিছিয়ে গেছি। আমার মাঠ তৈরি করা আছে গত চার বছর থেকে। এলাকার মানুষদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। যাদের জন্য কাজ করেছি এবং যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন।  

তিনি বলেন, আমি সবসময় ইউনিক কাজ করতে পছন্দ করি। গতানুগতিক ধারার রাজনীতি করি না। জনগণের কাছে যেতে তাদের অন্তরে প্রবেশ করতে পছন্দ করি। একদম সাধারণ জনগণ বলতে গেলে পা ফাটা হতদরিদ্র মানুষগুলো আমার শক্তি। তাদেরকে আমি ভালোবাসি, তারা সিদ্ধান্ত নেবে। আগামী পাঁচবছর তাদের মাথার ওপর ছায়া হয়ে থাকব, ভক্ষক হয়ে নয়।  

প্রসঙ্গত, এই আসনে একটানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। একই আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মাহিয়া মাহি।

রাজশাহী-২ আসনে ১৪ দলের প্রার্থী পরিবর্তন চায় শরিকরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ সদর আসনে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর জোট থেকে কে হবেন সংসদ সদস্য প্রার্থী- এ নিয়ে চলছে চুলচেরা হিসাব-নিকাশ, বিচার বিশ্লেষণ। জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীকে বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ এ আসনে মনোনয়ন দেয়ার দাবি জানান। আর বর্তমান সংসদ সদস্য বলছেন, জোটবদ্ধভাবে নির্বাচন হলে তাকেই মনোনয়ন দিতে হবে। তা না হলে তার দল ওয়ার্কার্স পার্টি নির্বাচন করবে কি না, তা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।

বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ আসন রাজশাহী-২-এ কে হবেন আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর সংসদ সদস্য প্রার্থী; রাজশাহীতে এই আলোচনা এখন তুঙ্গে। জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীকে এ আসনে মনোনয়ন দেয়ার দাবি জানান। তাদের দাবি, বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা নির্বাচিত হওয়ার পর কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। জনসাধারণ থেকেও তিনি বিচ্ছিন্ন। ফলে জোটের প্রার্থী হিসেবে তাকে আর কেউ চান না।

রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, ‘১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা আমাদের সমর্থনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর শরিকদের কোনো খোঁজ রাখেননি। জনসাধারণের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। তিনি একজন জনবিচ্ছিন্ন নেতা। এবার তাকে মনোনয়ন দেয়া হলে ফলাফলে ভরাডুবি ঘটবে। আমরা চাই জোটের পক্ষ থেকে এবার জাতীয় পার্টির প্রার্থীকে এ আসনে নির্বাচনের সুযোগ দেয়া হোক। যদি জোটবদ্ধ নির্বাচন হয় সে ক্ষেত্রে আমরা ফজলে হোসেন বাদশার পরিবর্তে জাতীয় পার্টি পক্ষ থেকে মনোনয়ন দেয়ার দাবি জানাব।’

ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা রায়হানুল হকের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। কারও সঙ্গে যোগাযোগ রাখেন না। এ জন্য আমি নিজেও মনোনয়নপত্র উত্তোলন করেছি। স্বতন্ত্র নির্বাচন করব।’

জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, ‘জাসদের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। যদি জোটবদ্ধ নির্বাচন হয় তাহলে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর তা না হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল বলেন, ‘এ আসন কারও নামে রেজিস্ট্রি করা নেই। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো খোঁজখবর রাখেননি। দলীয় সংসদ সদস্য না থাকায় সাংগঠনিকভাবেও দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার আমি নৌকা প্রতীকে নির্বাচিত করব।’

তবে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ফলজে হোসেন বাদশার দাবি, এই আসনে জোটের প্রার্থী হিসেবে তাকেই মনোনয়ন দেয়া হবে। কারণ বিএনপি জামায়াতের অগ্নি-সন্ত্রাসের মতো দিনগুলোতেও তিনি জোটের প্রার্থী হয়ে এখানে নির্বাচন করেছেন। আর জোটবদ্ধভাবে নির্বাচন না হলে তার দল ওয়ার্কার্স পার্টি নির্বাচনে করবেন কি না, তা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।’

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জোটবদ্ধভাবে নির্বাচন হলে অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন। তবে রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীকেই রাখার চিন্তা-ভাবনা চলছে। কেননা বিভাগীয় সদর আসন হওয়ায় এটির গুরুত্ব অনেক বেশি।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ইতোমধ্যে ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে।’ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’

রাজশাহী-২ (সদর) আসনে ১৩ জনসহ জেলার ৬টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার ৬টি সংসদীয় আসনে ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজশাহীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই চিকিৎসক খুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইজন চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইজন খুন হন। রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিটি হাট সংলগ্ন কলাবাগানের পার্শ্ববর্তী রাস্তা থেকে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালী মোড়ে ডা. গোলাম কাজেম আলী আহমেদকে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে হত্যা করেছে।

নিহত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  

নিহত অপরজন গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলাল চন্দ্রিমা থানা পুলিশের পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকার শামির উদ্দিনের ছেলে। কিষ্টগঞ্জ বাজারে তার একটি ফার্মেসি রয়েছে। সেখানে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় রোগী দেখে আসছিলেন।  

এরশাদ আলী দুলালের নিহতের ঘটনায় শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাসে দুলালের মুখ-চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে নগরীর সিটি হাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দরিদ্র কৃষক জলিল প্রমানিকের ধান কেটে দিয়েছেন সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীরা।

শনিবার সকালে ছাত্রলীগ সমর্থক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী উপজেলা সদরের পিয়ারাখালী একালায় ওই কৃষকের দশ শতক জমির ধান কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সোহানুর রহমান সোহান বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ছাত্রলীগ।’

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানুষের সেবার জন্য কাজ করবে।’

কৃষক জলিল প্রমানিক বলেন, ‘ছাত্রলীগের তরুণ নেতাকর্মীরা তপ্ত রোদে ধান কেটে মানুষকে সাহায্য করছেন।’

ধান কাটায় অংশ নেন– মাহফুজুর আলম ইমন, জিসান হোসেন, রিফাত হোসেন, রাজু, জুবাইদ ইবনে জামান ও মাহিম শেখ প্রমুখ।

ঘূর্ণিঝড় মোখা: পাঁচ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী রোববার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য বোর্ডের এই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার সকাল থেকে দুপুরের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। রুটিন অনুযায়ী ওইদিন এসএসসিতে পদার্থ বিজ্ঞান, ইতিহাস ও ফিন্যান্স পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ ছাড়াও মাদ্রাসা বোর্ডে হাদিস শরীফ ও কারিগরি বোর্ডে পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, বৃহস্পতিবার আরেক বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

ওই চিঠিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩ চলমান রয়েছে। এরইমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ২/১ দিনের মধ্যে দেশের উপকূল অঞ্চলসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে।

এমতাবস্থায় বোর্ডগুলোর এসএসসি/সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডগুলোকেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা দেয়া একান্ত প্রয়োজন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন